ট্রাফিক পুলিশকে পে’টানো সেই ভাইস চেয়ারম্যান কারাগারে
নড়াইল প্রতিনিধিঃ দায়িত্বরত ট্রাফিক পুলিশ পরিদর্শকে পিটিয়ে আহত করার ঘটনায় নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল মাহমুদ তুফানকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার পর সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে রোববার সন্ধ্যায় শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় ট্রাফিক পুলিশ পরিদর্শক মনিরুজ্জামানকে পিটিয়ে আহত করেন ভাইস চেয়ারম্যান তুফান। এতে ওই পুলিশ কর্মকর্তার মাথাসহ দুই হাতে গুরুতর জ’খম হয়। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতেই ভাইস চেয়ারম্যান তুফানকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় পুলিশের পক্ষ থেকে যানবাহনের কাগজপত্র দেখা হচ্ছিল। এ সময় কাগজপত্রবিহীন মোটরসাইকেলসহ এক যুবককে আটক করে পুলিশ। বিষয়টি ওই যুবক মোবাইল ফোনে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তুফানকে জানায়।
পরে তুফানসহ তার লোকজন ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে রূঢ় আচরণ করেন। এক পর্যায়ে তুফান ও তার লোকজন কাঠ দিয়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক মনিরুজ্জামানকে বেধড়ক পেটায়। এতে মনিরুজ্জামানের মাথা ও দুই হাতে গুরুতর জ’খম হয়।
এছাড়া হামলায় ট্রাফিক সার্জেন্ট শাহ জালাল, এটিএসআই সরোয়ার আলম এবং একজন কনস্টেবল সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
গতকালের হামলার বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মনিরুজ্জামানকে মারধরের ঘটনায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফানকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় নয়জনকে আ’সামি করে সদর থানায় একটি মামলা করা হয়েছে। এর মধ্যে তিনজন গ্রেপ্তার রয়েছেন। সকাল ১০টার দিকে গ্রেপ্তার আ’সামিদের আদালতে নেওয়া হয়। সেখান থেকে তাদের কারাগারে পাঠায় বিচারক।










