শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জন্ম দিয়ে গায়েব মা-বাবা, চিকিৎসকরাই এখন ভরসা

news-image

মা-বাবা ফেলে যাওয়া নবজাতকটিকে দুধ পান করিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকের পরামর্শে তাকে কৌটার দুধ খাওয়ানো হচ্ছে। এর আগে শনিবার সন্ধ্যায় ঢামেকে একদিনের কন্যা নবজাতককে রেখে চলে যান তার মা-বাবা। নবজাতকটির জন্মের পর হাসপাতালে ১০৬ নাম্বার ওয়ার্ডে রাখা হলেও রহস্যজনকভাবে তার সঙ্গে থাকা মা-বাবাকে খুঁজে পাচ্ছে না কর্তৃপক্ষ।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন শিশুটির বিষয়ে সাংবাদিকদের জানান, শিশুটি মোটামুটি ভালো। সে নবজাতক বিভাগে রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে বাইরে থেকে এনে কৌটার দুধ খাওয়ানো হচ্ছে।

তিনি বলেন, মেয়েটির মা-বাবার বিষয়ে পুলিশকে অবগত করা হয়েছে। দেখি পুলিশ তাদের খুঁজে পায় কিনা। যদি না পেয়ে থাকে পরে নবজাতকটির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

ঢামেক ওয়ার্ডমাস্টার আব্দুল গফুর জানান, হাসপাতালের নথিতে দেখা যায় ১৩ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে সিজারের মাধ্যমে ভূমিষ্ঠ হয় মেয়ে নবজাতকটি। হাসপাতালের নথিতে দেখা যায়, নবজাতকটির মার নাম নাহার ও বাবার নাম রাসেল, ঠিকানা- মিরপুর-১।

সিজারের মাধ্যমে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মা ও সন্তান সুস্থ থাকায় তাদের ১০৬ নম্বর ওয়ার্ডে রাখা হয়। ১০৬ নম্বর ওয়ার্ডের একটি বেডে নবজাতটি থাকা অবস্থায় তার মা ও বাবা নিখোঁজ হয়।

এদিকে এ ঘটনায় শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, হাসপাতাল কর্তৃপক্ষ একটি অভিযোগ দিয়েছে। হাসপাতালের নথিতে দেখা যায়, নবজাতকের মা ও বাবার নাম উল্লেখ আছে। একটি ঠিকানা আছে সেখানে লেখা মিরপুর। এর পাশাপাশি একটি মোবাইল নাম্বার দিয়েছে আমাদের, সে নাম্বারটি বন্ধ। তার মা-বাবাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে।