ট্রেনের নিচে দু’বার ঝাঁপ দিয়েও বেঁচে গেলেন ৯৩ বছরের বৃদ্ধ!
আন্তর্জাতিক ডেস্কঃ এক সপ্তাহের মধ্যে দু্ইবার চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেও প্রাণে বেঁচে গেলেন ৯৩ বছরের এক বৃদ্ধ! শুক্রবার সকালে ভারতের বারাসত-হাসনাবাদ শাখার হাড়োয়া স্টেশনে আপ হাসনাবাদ লোকাল তখন এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। যাত্রীরা ছুটছেন ট্রেন ধরার জন্য। এমন সময়ে ওই প্ল্যাটফর্মে দাঁড়ানো এক বৃদ্ধ আচমকাই লাফিয়ে পড়েন লাইনের ওপরে। ‘গেল গেল’ চিৎকার ওঠে যাত্রীদের মধ্যে।
বৃদ্ধকে লাফাতে দেখে চালক কোনো মতে ট্রেনের ব্রেক ধরেন। ট্রেন দাঁড়িয়ে যায়। দেখা যায়, ট্রেনের চাকায় জড়িয়ে রয়েছেন বৃদ্ধ। ভয়ে চোখ বন্ধ করে ফেলেন যাত্রীদের অনেকেই। তার পরেই দেখা যায় অবিশ্বাস্য এক দৃশ্য!
ওই প্ল্যাটফর্মেই চায়ের দোকান সঞ্জয় মণ্ডলের। তিনি জানান, ট্রেনটি বৃদ্ধের ওপর দিয়ে চলে যায় প্রায় ৫০ ফুট। ট্রেন থামার পর দেখা যায়, এক নম্বর প্ল্যাটফর্ম ও লাইনের মাঝে দু্ই ফুট ফাঁকা জায়গায় অক্ষত অবস্থায় পড়ে আছেন ওই বৃদ্ধ। রেলের গার্ড ততক্ষণে নেমে চলে এসেছেন বৃদ্ধকে উদ্ধার করতে। স্থানীয় লোকজন ও যাত্রীরা ট্রেনের নিচে ঢুকে বৃদ্ধকে বের করে আনেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পায়নি।
হারোয়া রোড স্টেশনের ম্যানেজার প্রণব মণ্ডল বলেন, ওই বৃদ্ধ ভাগ্যের জোরে বেঁচে গেছেন। সাধারণ যাত্রীরা জানিয়েছেন, ওই বৃদ্ধ সাত দিন আগেও ট্রেনের সামনে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। দুই যুবক তা বুঝতে পেরে তাঁকে বাঁচিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃদ্ধের বাড়ি দেগঙ্গায়। তার ছেলে জানান, বাবা দীর্ঘদিন ধরে স্নায়ু ও মস্তিষ্কের সমস্যায় ভুগছেন। মানসিক ভারসাম্য হারিয়েছেন। কলকাতার হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। প্রায়ই ঘর থেকে বেরিয়ে চলে যান তিনি।
ছেলের কথায়, ঘরে তো আর বাবাকে বেঁধে রাখতে পারি না। পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।











