বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের সংলাপের উদ্যোগে বিএনপির ‘হ্যাঁ’ আ.লীগের ‘না’

taranko-14চলমান রাজনৈতিক সংকটের সমাধানের জন্য আবারো সংলাপের উদ্যোগ নিতে যাচ্ছে জাতিসংঘ। সেই আলোচনা করার জন্য জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রতিনিধি অস্কার ফার্নান্দেজও কাজও শুরু করেছেন। তার ডাকে সাড়া দেওয়ার জন্য তৈরি বিএনপি। কিন্তু সরকার তাতে সাড়া নাও দিতে পারে। সরকার মনে করছে ২০১৩ সালে তখনকার প্রেক্ষাপট ভিন্ন ছিল, এই জন্য ওই সময়ে সরকার তার সঙ্গে আলোচনা করেছিল। এখন সেই প্রেক্ষাপট নেই। এই কারণে ওই প্রসঙ্গ নিয়ে আলোচনার প্রয়োজন নেই মনে করছেন। সংকট সমাধানে জাতিসংঘের হস্তক্ষেপ বিএনপি চাইলেও সরকার চাইছে না। এদিকে তারানকো নতুন করে দায়িত্ব পাওয়ার পর এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলার কিংবা সাক্ষাতের সময় চাননি। এই ব্যাপারে যোগাযোগও করেননি। তবে তারানকো সরকারের প্রতিনিধিদের সঙ্গে  কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করলে তারা এটাই তাকে জানাবেন যে, এখনই নির্বাচন নয়। ২০১৯ সালে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। ওই নির্বাচনে বিএনপি অংশ নিতে তারা বিভিন্ন উদ্যোগ নিবে। তবে শেখ হাসিনাকে বাদ দিয়ে নয় তারানকো আলোচনা করতে চাইছে সরকার তাকে এটাও বোঝানোর জন্য বলবে যে বিএনপি যাতে আরো চার বছর অপেক্ষা করেন। এরপর নির্বাচন হবে। আর তারানকো এটা না মানলে সরকারও তার সঙ্গে বেশি আলোচনা করবে না বলে জানান সরকারের একজন গুরুত্বপূর্ন মন্ত্রী। তিনি বলেন, ২০১৩ সালের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট এক নয়। তাই চলমান সংকট নিরসনের জন্য সরকার জাতিসংঘের কোন হস্তক্ষেপ আশা করছে না। এছাড়াও ১৬ ফ্রেব্র“য়ারী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী। তার সঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক হতে পারে। ওই বৈঠকের পর কি জানায় মার্কিন যুক্তরাষ্ট্র সেটা সরকার দেখতে চায়।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, অস্কার ফার্নান্দেজ তারানকোকে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বলে শুনেছি। তবে এখনও পর্যন্ত তিনি কিংবা তার কোন প্রতিনিধি ম্যাডামের সঙ্গে দেখা করতে চান কিংবা কথা বলতে চান এই বিষয়টি জানিয়ে কোন ফোনও করেননি। কোন চিঠিও দেননি। বিএনপির একটি সূত্র জানায়, বিএনপির যে সব নেতারা এই বিষয়ে কাজ করছেন তার একজন কারাগারে। একজন অসুস্থ। আর দুইজন এখনও কাজ করছেন। এরমধ্যে ড. আব্দুল মইন খানও রয়েছেন। তিনি জাতিসংঘের হস্তক্ষেপও চেয়েছেন। বিএনপি মনে করছেন জাতিসংঘের মাধ্যমেই সংকটের সমাধান হবে।

তবে এই ব্যাপারে সরকারের কোন আগ্রহ নেই। সরকার এখন কোন আলোচনা চাইছে না নির্বাচন করার ব্যাপারে। বরং জাতিসংঘ আলোচনা করতে চাইলে বিএনপিকে দিয়ে এটাই বোঝাবে যে বিএনপি আগে সহিংসতা বন্ধ করুক। তারপর সরকার আলোচনার বিষয়ে ভাববে। এরআগে নয়।

সরকারের নীতি নির্ধারক একজন মন্ত্রী বলেন, তারানকোকে বাংলাদেশের সংকট সমাধানের জন্য আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে এই রকম কোন তথ্য আমাদেরকে জাতিসংঘের তরফ থেকে ও তারানাকোর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এটা গণমাধ্যমেই কেবল আমরা দেখছি। আগে এর সতত্যা জানতে হবে। এরপর তারানকো কিংবা জাতিসংঘ যদি সরকারের সঙ্গে ও সরকার প্রধানের সঙ্গে এই বিষয়ে দেখা করতে চায়, কথা বলতে চায় তাহলে সেটা সরকার বিবেচনা করবে। তিনি বলেন, যদি তিনি আলোচনা আগের জায়গা থেকেই শুরু করতে চান তাহলে তাকে দশম নয় একাদশ নির্বাচন নিয়ে শুরু করতে হবে। তিনি বলেন, সরকার এখন এই প্রসঙ্গে আলোচনার জন্য তৈরি না।

এদিকে জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা জানান, মূলত: আওয়ামী লীগ এবং বিএনপির সাড়ার উপরই নির্ভর করছে তাদের সংলাপের ভবিষ্যত। তিনি বলেন, আমরা আশা করছি, আমাদের সংলপের যে আহবান তাতে সাড়া দিবেন উভয় দল। আরেকটি সূত্রে জানা গেছে, জাতিসংঘের আহবানে বিএনপি সাড়া দিলেও আওয়ামী লীগ সাড়া নাও দিতে পারে। তাহলেও জাতিসংঘ সংলাপের ব্যাপারে শেষ চেষ্টা চালিয়ে যাবে। সূত্র মতে আওয়ামী লীগ জাতিসংঘের আহবানে ডাকা না দিলেও দ্বিতীয় পর্যায়ে জাতিসংঘের প্রতিনিধির বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা আশাবাদী যে, সরকার তাদের আহবানে সাড়া দিবে এবং সংকট দূর হবে। সরকার যদি জাতিসংঘের আহবানে সাড়া না দেয় তাহলে জাতিসংঘের পদক্ষেপ কী পারে- এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরো বলেন, আমরা আশাবাদী সরকার সাড়া দেবে এবং সংলাপ শুরু হলে সমাধানও হবে। আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ জাতিসংঘের সংলাপের আহবানে সাড়া দিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের মালিক হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার সাড়া না দিলে পরিস্থিতি অনুযায়ীই জাতিসংঘ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

এই ব্যাপারে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেন, জাতিসংঘ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চাইলেই কি নিতে পারবে? কারণ এই সরকার সংবিধানের বিধান মেনেই সরকার পরিচালনা করছে। সংবিধানের মধ্যে থাকা একটি সরকারকে কি নির্বাচনের জন্য আবারও চাপ সৃষ্টি করা জাতিসংঘের ঠিক হবে। তিনি বলেন,আমি মনে করি দশম নির্বাচনের আগে পরিস্থিতি যা ছিল এখন তা নেই। এই কারণেই নির্বাচন নিয়ে আলোচনা আপাতত হবে না। তিনি যদি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান সেই ব্যাপারে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিবেন সেটাই ঠিক হবে। তবে আমরা মনে করি যে বিএনপি জোট কেবল পেট্রোল বোমা মেরে কয়েকজন মানুষ খুন করা ছাড়াও আর দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফালানো ছাড়া আর কোন জায়গাতেই প্রভাব ফেলতে পারেনি। তাহলে সরকার কেন বিএনপি নিবাচন বর্জন করে যে ভুল করেছিল এখন তার জন্য নির্বাচন করে সেই ভুলের দায় নিবে। এই ভাবে আসলে হবে না। আমরা এখনও তারানকোর দায়িত্ব গ্রহণ, তার বাংলাদেশ সফরের আসার ব্যাপারে কিছুই জানি না। তাই এটা আরো অগ্রগতি হলে তখন বলা যাবে।

এদিকে বিএনপির সূত্র জানায়, তারানকো এরআগে আলোচনা যেখানে রেখে গিয়েছিলেন সেখানে তিনি যাওয়ার পর একটি বৈঠক এরপর হয়েছে। দুই পক্ষ লিখিত প্রস্তাব দিয়েছে। কিন্তু এতে করে কোন উন্নতি হয়নি। এই অবস্থায় সরকার কি করবে আমরা জানি না। তবে আলোচনা শুরু করলে সেখান থেকে শুরু করতে হবে।

সূত্র জানায়, তারানকো জাতিসংঘে এখন তার আগের দায়িত্বে নেই তার ডেস্ক পরিবর্তন হলেও ২০১৩ সালের শেষ দিকে তিনি বাংলাদেশর চলমান সংকট নিরসন ও সব দলের অংশগগ্রহণে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কাজ করেন। ওই সময়ে তিনি প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের সঙ্গেও বৈঠক করেন। তাদের সঙ্গে বৈঠক করে তিনি কেন এসেছেন, জাতিসংঘের মহাসচিব কি চান সেটা তুলে ধরে তার দলের নেতাদের সঙ্গে আলোচনা করার বিষয়টি জানান। ওই সময়ে দুই নেত্রী সমস্যার সমাধানের জন্য তদের কয়েকজন নেতাকে দায়িত্ব দেন, তার সঙ্গে আলোচনার জন্য।  তারা এই বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি সংকট সমাধানের জন্য দুই পক্ষের সঙ্গে আলোচনা করে চারটি ফর্মুলাও দেন। তবে বিএনপির মূল দাবি ছিল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হবে। এরপর সেখানে নিরপেক্ষ একজনকে দায়িত্ব দিতে হবে না হলে রাষ্ট্রপতি পর্যন্ত তারা মানতেও রাজি ছিলেন বলেন বিএনপির একটি সূত্রের দাবি। কিন্তু সরকার সেই ভাবে সমঝোতা করতে আগ্রহী ছিল না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে থাকবে না, পদত্যাগ করবেন এটা মানতে নারাজ ছিলেন তিনি। প্রধানমন্ত্রী থেকে তার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দিবেন সেটাও রাজি ছিলেন না। যে কারণে তারানকোর সংকটের সমাধানে আশার আলো দেখতে না পেয়ে ফিরে যান। জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের প্রস্তাবও ছিল সেটাও হয়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এডভোকেট আহমেদ আজম খান বলেন, তিনি চলে যাওয়ার পর দুই দলের নেতারা বৈঠক করে ঠিক করেছিলেন ৫ জানুয়ারী একটা নির্বাচন তারা করবেন। আওয়ামী লীগ সরকার গঠন করে সংবিধান সংশোধন করে ১৫ দিনের মধ্যে একাদশ নির্বাচন নিয়ে আলোচনা শুরু করবে। এরপর নিদর্লীয় সরকার গঠন করে নির্বাচনের জন্য প্লেয়িং ফিল্ড তৈরি করতে এক মাস সময় নিবে। এর দুই মাসের মধ্যে নির্বাচন হবে। কিন্তু সেটা হয়নি। জাতিসংঘ বিষয়টি ইতিবাচকভাবে নেয়নি। এতোদিন ধরে সরকারকে সময় দিয়েছে মনে করেছে সরকার নমনীয় হবে। কিন্তু সেটা সরকার হয়নি। এখন সরকার আর নির্বাচন নিয়ে ভাবছে না বরং ২০১৯ সাল পর্যন্ত থাকতে চাইলে। এই কারণেই জাতিসংঘ আবার উদ্বেগ প্রকাশ করছে।

সূত্র জানায়, বান কি মুন পুরনো জায়গা থেকেই কাজ শুরু করার জন্য তারানকোকে দায়িত্ব দিয়েছেন। নতুন করে কাউকে দায়িত্ব দিলে এটা নিয়ে সমস্যা ও সমন্বয়ের সমস্যা হতে পারে মনে করে তিনি তারানকোকো চলমান সংকট নিরসনের দায়িত্ব দেন বলে দাবি করেন জাতিসংঘ মহাসচিবের একজন মূখপাত্র। এই অবস্থায় তারানকো মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিন এশিয়া বিষয়ক যুক্তরাষ্টের সহকারী পররাষ্ট্র মন্ত্রী নেশা দেশাইয়ের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকের বিষয়ে এখনও কিছু পরিস্কার হয়নি।
নিউইয়র্ক থেকে এনা জানায়,  বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ অব্যাহতভাবে উদ্বেগ প্রকাশ করছে। জাতিসংঘের প্রতি দিনের প্রেস ব্রিফিং এ বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করার পর জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রতিনিধি স্টিফেন ডোজারিক প্র্রশ্নের উত্তর দিয়ে জাতিসংঘের অবস্থান ব্যাখ্যা করছেন। এ দিকে বাংলাদেশ প্রসঙ্গে গত ১১ এবং ১২ ফেব্র“য়ারি স্টিফেন ডোজারিক সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশ বিষয়ে জাতিসংঘ ওয়াকিবহল রয়েছে এবং তারা উদ্বেগ প্রকাশ করেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খাবার রেখে দেয়ার বিষয়টিও তারা জানে। শুধু উদ্বেগ প্রকাশই করেনি বাংলাদেশের স্থিতিশীলতায় জাতিসংঘের মহাসচিব প্রতিশ্র“তিবদ্ধ বলেও তিনি জানান। গত ১২ ফেব্র“য়ারির ব্রিফিং এ স্টিফেন সাংবাদিকদের জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্র্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সাথে সাক্ষাত করেছেন জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নন্ডেজ তারানাকো। নিশা দেশাই বিসওয়ালের সাথে  তারানাকোর কি কথা হয়েছে, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, কি কথা হয়েছে সে বিষয়ে আমি অবগত নই। তবে এ কথা বলতে পারি যে বাংলাদেশের বর্তমান অচলাবস্থা নিরসনে আমেরিকা এবং জাতিসংঘ এক সাথে কাজ করবে। তিনি আরো বলেন, বাংলাদেশের সংকট নিরসনে তারানাকোকে দায়িত্ব দেয়া হয়েছে।

২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে প্রায় এক মাসের অধিক সময় ধরে বাংলাদেশে বিএনপিসহ ২০ দলীয় জোটের আহবানে সারা দেশে অবরোধ এবং হরতাল চলে আসছে। এই অবরোধ এবং হরতালে সারা বাংলাদেশের জন জীবন স্থবির হয়ে পড়েছে। ব্যবসা- বাণিজ্য প্রায় শূণ্যের কোঠায়। জন মনে চরম আতঙ্ক বিরাজ করছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বিএনপি এবং ২০ দলীয় জোটের আন্দোলন কর্মসূচিকে কোন গুরুত্বই দিতে চাচ্ছেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শীর্ষ স্থানীয় মন্ত্রী এবং নেতাদের মুখের কথায় প্রমাণ মিলে না যে- সরকার বিএনপির আন্দোলনে শঙ্কিত। কিন্তু সরকারের কর্মকান্ডেই প্রমাণ করে তারা মুখে যা বলছেন বাস্তবের সাথে তার অনেক ফারাক। সরকার যদি বিএনপি ও ২০ দলীয় জোটের আন্দোলনে শঙ্কিত না হতো তাহলে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে গুলি করার নির্দেশ দিতো না এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের দিয়ে জনসভা করিয়ে এভাবে মানুষকে গুলি করার হুমকি দিতো না। সারা দেশে পুলিশের পাশাপাশি র‌্যাব এবং সীমান্তে থাকা বিজিবিকে উঠিয়ে এনে সারা দিশে নিয়োগ দিতো না। আবার সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর মানসিকভাবে চাপ সৃষ্টি করার জন্য তার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ লাইন, পানির লাইন, গ্যাস লাইন, ইন্টারনেট সংযোগ, টেলিফোন লাইন কেটে দিয়ে তাকে গৃহবন্দী করে রাখতো না। আন্দোলনকারী মানুষ যেভাবে রাজধানী ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে ঠিক তেমনিভাবে সরকারও বেগম খালেদা জিয়াকে সারা দেশ নয়, সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। সূত্র জানায়, সরকার ভয় পাচ্ছে বলেই এই সব কর্মকান্ড করছেন এবং বিএনপির শীর্ষ নেতাদের একের পর এক গ্রেফতার করছেন। এই গ্রেফতার শুধু ঢাকা কেন্দ্রিক নয়, পুরো বাংলাদেশেই গণহারে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। মাঝে মাঝে মধ্যে কোন কোন মন্ত্রী যারা সংলাপের কথাই সহ্য করতে পারতেন না, তারাই এখন বলছেন, অবরোধ বা আন্দোলন বন্ধ করলে সংলাপ হতে পারে। সরকার যে বিচলিত তার প্রমাণ মিলে মন্ত্রীরা এখন বলেন, আইন- শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে। বিএনপি ও ২০ দলীয় জোটের এই আন্দোলন দমানের জন্য সরকার সময় নিয়েছিলো মাত্র ১ সপ্তাহ কিন্তু এক মাসের বেশি হলেও কার্যত সরকার রাজধানী ছাড়া দেশের ৬৪টি জেলাতেই নিয়ন্ত্রণ হারিয়েছে।

বাংলাদেশের ভয়ঙ্কর এবং আতঙ্কিত এই পরিস্থিতিতে ইতিমধ্যেই আমেরিকা, ব্রিটিন, ইউরোপীয় ইউনিয়নসহ অধিকাংশ দেশই উদ্বেগ প্রকাশ করেছে। উদ্বেগ প্রকাশ করেছে খোদ জাতিসংঘও। বাংলাদেশের বর্তমান সহিংস অবস্থা নিরসনে এবং সকল দলের অংশগ্রহণের একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতিসংঘ ফের সংলাপের উদ্যোগ গ্রহণ করেছে। জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা জানান, ইতিমধ্যে জাতিসংঘের পক্ষ থেকে আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে সংলাপের বিষয় নিয়ে তাদের মতামত চাওয়া হয়েছে। উভয় দল সম্মতি হলেই জাতিসংঘ সংলাপ আহবান করবেন। ঐ কর্মকর্তা জানান, ৫ জানুয়ারির নির্বাচনের পূর্বেও জাতিসংঘ সংলাপের চেষ্টা করেছিলো এবং সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের চেষ্টা করে আসছিলো। মূলত: জাতিসংঘের কর্মকর্তা তারানাকোর নেতৃত্বে সেই কমিটিই দুই সপ্তাহ আগ থেকে কাজ করেছে। ইতিমধ্যেই আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ করা হয়েছে। সেই সাথে সুশীল সমাজের লোকজনের সাথেও যোগাযোগ করা হয়েছে। ঐ সূত্র জানায়, জাতিসংঘ মাঠে নেমেছে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতাদের সাথে সংলাপের মাধ্যমে সমঝোতার করার। জাতিসংঘের লক্ষ্য দুই দলের শীর্ষ নেতাদের একই টেবিলে বসানো। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের নির্দেশেই বিশেষ দলটি একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কাজ করছে। কীভাবে যোগাযোগ করা হচ্ছে- এই প্রশ্নের জবাবে ঐ শীর্ষ কর্মকর্তা জানান, কখনো টেলিফোনে আবার ঢাকাস্থ জাতিসংঘের কর্মকর্তাদের মাধ্যমে। সূত্র জানায়, বাংলাদেশে বর্তমানে যেভাবে মানবাধিকার লংঘন করা হচ্ছে, তাতে জাতিসংঘ উদ্বিগ্ন। তারা চান না মাসের পর মাস এই সহিংসতা বাংলাদেশে চলতে থাকুক। সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আন্তর্জাতিক মানবাধিকার আইন লংঘন করুক। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারকে অবশ্যই বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতা দেয়া উচিত, সভা- সমাবেশ করতে দেয়া উচিত। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি আন্তর্জাতিক মানবাধিকার আইন লংঘন করে তাহলে আগামীতে জাতিসংঘের শান্তি রক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রশ্নের সম্মুখীন হতে পারে। এই সংক্রান্ত স্টেটমেন্ট জাতিসংঘ ২২ জানুয়ারি প্রকাশ করেছিলো।

amadershomoys.com