,

জামিনে ছাড়া পাচ্ছে বোমার আসামিরা

court2_62363ডেস্ক রির্পোট : রাজধানীর লালবাগের একটি খালি ফ্ল্যাট থেকে ২০টি শক্তিশালী ককটেলসহ গ্রেফতার হন মো. আলতাফ হোসেন। র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জানুয়ারি তাকে গ্রেফতার করে। কিন্তু গ্রেফতারের ২৩ দিনের মাথায় আলতাফ হোসেন জামিনে মুক্তি পেয়ে এখন লাপাত্তা। মতিঝিলে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মামলায় ৪ জানুয়ারি পুলিশ গ্রেফতার করে মকবুল হোসেনকে। সেই মকবুল হোসেনও জামিনে ছাড়া পেয়ে গেছেন। আলতাফ হোসেন বা মকবুল হোসেনের মতো রাজনৈতিক সহিংসতার বোমারুরা গ্রেফতার হলেও জামিনে ছাড়া পেয়ে যাচ্ছেন। তাদের কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না। আদালত সংশ্লিষ্টরা বলছেন, পুলিশি তদন্তে দুর্বলতা ও আইনের ফাঁকফোকরে এমন আসামিরা ছাড়া পাচ্ছেন। তবে পুলিশ বলছে, বোমার দুর্ধর্ষ আসামিদের গ্রেফতার করা হয়। তাদের ধরতে কখনো কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের জীবনও হুমকি হয়ে দাঁড়ায়। বোমাবাজদের কারণে সারা দেশে এখন আতঙ্ক বিরাজ করছে। কিন্তু বোমাবাজরা গ্রেফতার হলেও তাদের আটকে রাখা যাচ্ছে না। মুক্তি পেয়েই তারা গা-ঢাকা দিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে আদালতে চার্জশিট দাখিলের আগেই জামিন পাচ্ছেন। এ ক্ষেত্রে শুনানিতে আইনজীবীদের ভূমিকাও আসামিদের জামিন পাওয়া বা না পাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে বলে মনে করেন অনেকেই। আইনজীবীরা মনে করেন, জামিন দেওয়া বা না দেওয়ার বিষয়টি বিচারকের বিবেচনামূলক এখতিয়ার। র‌্যাব-১০ গোপনে জানতে পারে, লালবাগ এলাকার জগন্নাথ সাহা রোডের জনৈক মোহাম্মাদ হোসেনের বাড়ির তৃতীয় তলায় দক্ষিণ পাশের খালি ফ্ল্যাটে সন্ত্রাসীরা নাশকতা ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য গোপন বৈঠকে মিলিত হয়েছে। সেই মতে গত ৫ জানুয়ারি র‌্যাব সদস্যরা ওই ফ্ল্যাটে গিয়ে দরজায় কড়া নাড়ে। এ সময় ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ওয়ার্ড কমিশনার আলতাফ হোসেন ভিতর থেকে দরজা খুলে দেন। তখন তাকে খালি ফ্ল্যাটে থাকার ব্যাপারে জানতে চাইলে তিনি স্বীকার করেন, গ্রেফতার এড়ানোর জন্য নিজের বাসা ছেড়ে খালি ফ্ল্যাটে রাত-যাপন করছেন। তল্লাশি করে ফ্ল্যাটের পশ্চিম পাশের রান্নাঘরের হাঁড়ি-পাতিল রাখার তাকের নিচে একটি লাল-সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে ২০টি ককটেল (হাতবোমা) উদ্ধার করে র‌্যাব। এ ব্যাপারে র‌্যার-১০ এর ডিএডি মো. আশরাফ উদ্দিন সরকার বাদী হয়ে লালবাগ থানায় একটি মামলা করেন। মামলা নম্বর-০৬(০১)২০১৫। আলতাফ হোসেনকে পরে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে কারাগারে প্রেরণ করে র‌্যাব। ঘটনার তদন্ত করে ৩১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা মো. ফারুকুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার নথিসূত্রে জানা যায়, অভিযোগপত্র দাখিলের আগেই জামিন  পেয়েছেন আলতাফ হোসেন। যার ফৌজদারি বিবিধ মামলা (সি আর মিস/জামিন আবেদন) নম্বর-২৩২/২০১৫। গ্রেফতারের মাত্র ২৩ দিনের মাথায় জামিন পেয়ে তিনি এখন মুক্ত।


এদিকে রাজধানীর মতিঝিলের গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মামলার (নম্বর ৩১(১১)১৩) ১৩ নম্বর আসামি ঢাকা সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কমিশনার মকবুল আহম্মেদ আকন্দকে ৪ জানুয়ারি গ্রেফতার করে পুলিশ। পরে আসামিকে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম এম এ মাসুদ জামান ১১ জানুয়ারি জামিন আবেদন নাকচ করে দেন। এরপর আসামির জামিনের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কে এম ইমরুল কায়েশ আসামিকে জামিন দেন। যার ফৌজদারি বিবিধ মামলা (সি আর মিস/জামিন আবেদন) নম্বর-২১৯/২০১৫। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে হাতবোমাসহ (ককটেল) গ্রেফতারকৃত এজাহারভুক্ত আসামিদের বড় একটি অংশ ইতিমধ্যে জামিনে ছাড়া পেয়েছেন। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, নিরীহ জনগণের ওপর হাতবোমা (ককটেল) হামলাকারী এবং নাশকতাকারীদের গ্রেফতারে গোয়েন্দা পুলিশ অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে গ্রেফতারকৃত অনেক আসামি আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন। ওইসব আসামিরা আবারও একই ধরনের অপরাধ করছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে। এ ছাড়া ককটেল ও বোমাবাজদের গ্রেফতারের জন্য তালিকা হালনাগাদ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস