বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদার খাবার ফিরিয়ে দিয়েছে পুলিশ

khaberবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে খাবার নিতে বাধা দিয়েছে পুলিশ। রাত ৮টার দিকে কার্যালয়ের গেট থেকে খাবারবহনকারী ভ্যান ফিরিয়ে দিয়েছে পুলিশ। প্রতিদিন বাইরে থেকে কার্যালয়ে খাবার নেয়া হয়।

প্রতিরাতের মতোই বুধবার রাত পৌনে ৮টার দিকে প্রায় ১২০ প্যাকেট খাবার ও কিছু পানির বোতল নিয়ে একটি ভ্যান আসে। কিন্তু ভ্যানটি কার্যালয়ে প্রবেশে ব্যর্থ হয়। সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা ভ্যানওয়ালাকে ফেরত পাঠান বলে বিএনপির দাবি।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, খাবার দিতে আসা ভ্যানকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাকে ফের আসতে দেওয়া হবে কি না আমরা নিশ্চিত নই।

তবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কেউ খাবারবাহী ভ্যান ফেরত পাঠানোর বিষয়ে কথা বলতে রাজি হননি।

উল্লেখ্য, ৩রা জানুয়ারির পর থেকে কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কয়েকজন নেতা এবং কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা। এর আগে গত ৩০ জানুয়ারি কার্যালয়ের বিদ্যুৎ, টেলিফোন, কেবল টিভি, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় সরকার। ১৯ ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও অন্যান্যগুলো এখনও ছিল বিচ্ছিন্ন। এদিকে খালেদা জিয়ার কার্যালয়ের আশপাশে কয়েকটি বিদেশী দুতাবাসের অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার বিকালে সেখানে মোবাইল নেটওয়ার্ক সচল করা হয়।

সূত্র: বাংলানিউজ