বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণ মাঠে নামতে আর দেরি নেই’

444ডেস্ক রির্পোট : দ্রুত সময়ের মধ্যে সংকট নিরসনের উদ্যোগ নেয়া না হলে জনগণই দুই দলের বিরুদ্ধে অবস্থান নিতে রাস্তায় নামবে। ইতোমধ্যে রাজনৈতিক অস্থিরতায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে। একদিকে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সবকিছু স্বাভাবিক চলছে। কিন্তু বাস্তব পরিস্থিতি উল্টো। আবার বিএনপি বলছে, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এভাবে দুই দলের ক্ষমতায় থাকা কিংবা যাওয়ার রাজনীতির কাছে জনগণ আর বেশিদিন জিম্মি থাকবে না বলে মনে করছেন বিশিষ্ট নাগরিকরা।
সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘এই দুই দল জনগণকে নিয়ে ছিনিমিনি খেলছে। তাদের মনে রাখতে হবে, জনগণ যদি তাদের ওপর থেকে সমর্থন সরিয়ে নেয়, তাহলে কোনো রকমের জেদই আর কাজে দেবে না।’ তিনি বলেন, ‘কোনো নেতৃত্বই লাগবে না। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ কিন্তু মাঠে নামবে। তখন আওয়ামী লীগ ও বিএনপি পালাবার পথ পাবে না।’
সাবেক মন্ত্রী ও রাজনীতি-বিশ্লেষক মিজানুর রহমান শেলী বলেন, ‘সমস্যার সঠিক জায়াগায় পদক্ষেপ না নিলে পরিস্থিতি দুই প্রধান রাজনৈতিক দল থেকে বাইরে চলে যাবে। এ ব্যাপারে সরকারকে সঠিক পদক্ষেপ নিতে হবে।’
তত্ত্বাবধায়ক সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন বলেন, ‘এখন জনগণের সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। কারণ, আওয়ামী লীগ ক্ষমতাসীন হিসেবে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আর বিএনপি জনসম্পৃক্ত রাজনীতি করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এ পরিস্থিতিতে কী হবে, সেটা জনগণই ঠিক করবে। সরকার ও বিএনপি নিজেরাই সংকট তৈরি করছে। তারা মনে করছে, বিকল্প রাজনীতি বোধহয় তৈরি হবে না। এ কথা ঠিক নয়। এভাবে কিন্তু বেশি দিন চালানো যাবে না।’
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, ‘এখন সত্যিকার অর্থেই জনগণের মাঠে নামার সময় এসে গেছে। বাংলাদেশের অতীত অভিজ্ঞতা বলে, দুই দল বেশি বাড়াবাড়ি করলে জনগণ কিন্তু ঘর থেকে বেরিয়ে আসবে। এভাবে দমবন্ধ পরিস্থিতি চলতে পারে না। জনগণ মাঠে নামবেই।’

amadershomoys.com