বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু

pic-26_186445ডেস্ক রির্পোট : সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১০ শিশুসহ ৩২ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১০ ঘণ্টায় মারা গেছে পাঁচ নবজাতকসহ ১০টি শিশু। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসা এবং চিকিৎসক ও সেবিকাদের অবহেলার কারণে এসব প্রাণহানি ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করলেও এক দিনে মৃতের সংখ্যাটি অস্বাভাবিক বলে স্বীকার করেছে এবং এ ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে।

হাসপাতালে ১০ ঘণ্টায় যে ১০ শিশু মারা গেছে, তাদের অনেকেরই জন্ম হয়েছে এই হাসপাতালে। আবার অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় অল্প সময়ে অধিকসংখ্যক শিশু মারা যাওয়ার এ ঘটনা নিয়ে সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়।

ওসমানী হাসপাতালে ১০ ঘণ্টায় মৃত শিশুরা হলো সিলেটের গোয়াইনঘাট উপজেলার সায়মা বেগমের এক দিন বয়সের মেয়ে, নগরের শেখঘাটের নিলুফা বেগম ও তারা মিয়ার চার দিন বয়সের মেয়ে, ঘাসিটুলার ফাতেমা আক্তার মৌ ও আল আমিনের তিন দিন বয়সী মেয়ে, শাহপরান এলাকার আসমা বেগমের এক দিন বয়সী মেয়ে, সন্ধ্যা রানীর এক দিন বয়সী মেয়ে, সুনামগঞ্জ সদরের তাজরিয়া (সাড়ে তিন মাস), মেহেদী (আড়াই মাস), শাফরাজ (তিন বছর), একই জেলার বিশ্বম্ভরপুরের নাদিয়া (ছয় মাস) ও হবিগঞ্জ জেলার ইয়াসমিন বেগমের তিন দিন বয়সী সন্তান।

মৃত শিশুদের মধ্যে হাসপাতালের ২২ নম্বর শিশু ওয়ার্ডেই মারা গেছে ৯ জন এবং ২১ নম্বর ওয়ার্ডে একজন। হাসপাতালের পঞ্চম তলায় অবস্থিত ২২ নম্বর ওয়ার্ডে শিশু ও নবজাতকদের ডায়রিয়া, থেলাসেমিয়া এবং ২১ নম্বর ওয়ার্ডে শিশুদের জন্য আইসিইউ, এইচডিইউ ও অটোক্লেভ বিভাগ রয়েছে।

মৃত্যুর পরপরই শিশুদের মরদেহ নিয়ে অভিভাবকরা হাসপাতাল ছেড়ে নিজ নিজ বাড়িতে চলে গেছেন। তাই গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী হাসপাতালের ২২ নম্বর শিশু ওয়ার্ডে গিয়ে মৃত কোনো শিশুর স্বজনদের পাওয়া যায়নি। তবে ওই বিভাগে চিকিৎসাধীন শিশুদের স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় ৩২ জনের মৃত্যুর ঘটনাকে অস্বাভাবিক বললেও ভুল চিকিৎসা ও অবেহলার অভিযোগ নাকচ করে দেন হাসপাতালের উপপরিচালক ডা. আবদুস সালাম। তিনি বলেন, এমনিতেই এখানে প্রতিদিন গড়ে ১৪ থেকে ১৫ জন রোগী মারা যায়। তবে ১৯ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু অস্বাভাবিক বলে উল্লেখ করলেও তিনি প্রতিটি শিশুকে সঠিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, ১০ শিশুর মধ্যে ছয়জন জন্ম জটিলতায়, দুজন অপুষ্টিজনিত সংক্রমণে এবং বাকি দুজনের একজন নিউমোনিয়ায়, অন্যজনের ঠাণ্ডাজনিত রোগে মৃত্যু হয়েছে।

এই ১০ শিশুর মৃত্যুসহ অন্য মৃত্যুগুলোর কারণ সম্পর্কে হাসপাতাল থেকে যে তথ্য দেওয়া হয় তাতে উল্লেখ আছে- হৃদরোগে আক্রান্ত হয়ে চারজন, সড়ক দুর্ঘটনায় চারজন, মিওকার্ডিয়াল ইনফেকশনে তিনজন, সেপটিসিমিয়ায় চারজন, পোস্ট নেটাল অ্যাটাকে (পিএনএ) তিনজন, নিউনেটাল সেপসিসে একজন, ব্রংকাইটিস নিউমোনিয়ায় দুজন, ইনটেসটিনাল অবস্ট্রাকশনে একজন, কার্ডিয়াক অ্যারেস্টে একজন, অ্যানিমিয়ায় দুজন, ক্যা-মেটাটেসিসে একজন, ব্রট ডেট একজন, এনকেফালাইটিসে একজন, আননোন পয়জনিংয়ে একজন, অ্যাসল্ট একজন, কলপালমোনারি টিবিতে একজন এবং কিটন বডি ডায়াবেটিসে একজন রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক প্রভাত রঞ্জন দে কালের কণ্ঠকে বলেন, 'আমাদের শিশু ওয়ার্ডে শয্যার চেয়ে রোগীর সংখ্যা অনেক বেশি। এক বিছানায় একাধিক শিশুকে রাখতে হয়। ফলে নবজাতকদের মধ্যে সহজেই রোগ সংক্রমিত হয়ে পড়ে। এতে সুস্থ অনেক শিশু আক্রান্ত হয় এবং শেষ পর্যন্ত মারা যায়।'

গতকাল সকালে হাসপাতালের দুটি শিশু ওয়ার্ডে গিয়ে চিকিৎসাধীন শিশুদের একাধিক অভিভাবকের সঙ্গে কথা বললে তাঁরা প্রতিটি মুহূর্তে চিকিৎসায় অবহেলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। একাধিক স্বজন জানান, নবজাতকরা কান্নাকাটি করলে তাঁরা দৌড়ে ডাক্তার ও নার্সদের কাছে যান। কিন্তু ডাক্তার-নার্সরা তাৎক্ষণিকভাবে তাঁদের ডাকে সাড়া দেন না। আর তাঁদের ডাকে এলেও ডাক্তার-নার্সরা চিকিৎসা দেওয়ার বদলে অভিভাবকদের দোষ-ত্রুটি খুঁজে তাঁদের শাসাতে থাকেন।

মারা যাওয়া শিশুদের কোনো স্বজনকে হাসপাতালে পাওয়া না গেলেও খোঁজ নিয়ে বিকেলে তাঁদের দুজনের বাড়িতে গিয়ে কথা বললে তাঁরা চিকিৎসায় অবহেলার অভিযোগ করেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নগরের শেখঘাটের কলাপাড়ার নিলুফা বেগম ও তারা মিয়ার নবজাতক মেয়ে। তারা মিয়া বলেন, 'আমার মেয়েটি রাতে খুব বেশি কান্নাকাটি করছিল। আমরা দৌড়ে নার্সের কাছে যাই। কিন্তু নার্স আমাদের ডাকে না এসে কান্নার জন্য আমাদের দোষারোপ করেন এবং ধমক দেন।' তিনি জানান, নার্স বলেন সকালে ডাক্তার আসবেন; ডাক্তার এলে তিনি দেখবেন। কিন্তু সকাল হওয়ার আগেই ভোরে শিশুটি মারা যায়।

একই রকম অভিযোগ করেন নগরের ঘাসিটুলার এক নবজাতকের মামা রুবেল মিয়া। ওই নবজাতকও মারা যায় ডাক্তার না পেয়ে। রুবেল বলেন, শনিবার তাঁরা নবজাতককে নিয়ে হাসপাতালে ভর্তি করান। সোমবার রাতে শিশুটি নড়াচড়া বন্ধ করে দেয়। তাঁরা নার্সের কাছে গিয়ে খবর দিলেও নার্স বা ডাক্তার কেউ আসেননি। রাতেই শিশুটি মারা যায়।

তারা মিয়া ও রুবেল মনে করেন, চিকিৎসক ও নার্সরা এলে এবং সময়মতো সঠিক চিকিৎসা দিলে হয়তো শিশুরা মারা যেত না।

সিলেট ওসমানী হাসপাতালের ইতিহাসে চিকিৎসাধীন অবস্থায় এক দিনে এত রোগীর মৃত্যুর ঘটনা এই প্রথম। তাই বিষয়টিকে, বিশেষ করে নবজাতকসহ শিশু মৃত্যুর ঘটনাকে অস্বাভাবিকভাবেই দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাই শিশু মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটির প্রধান করা হয়েছে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারীকে। কমিটির অন্য সদস্যরা হলেন শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনজ্জির আলী ও শিশু বিভাগের আবাসিক চিকিৎসক রঞ্জন কুমার রায়। আগামী সাত দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

হাসপাতালের উপপরিচালক ডা. আবদুস সালাম বলেন, রোগীদের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারো অবহেলা বা ভুল চিকিৎসার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটির সদস্য শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনজ্জির আলী সাংবাদিকদের বলেন, 'আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করব। তদন্তে যে তথ্য পাওয়া যাবে, তা-ই আমাদের প্রতিবেদনে উঠে আসবে। এ ক্ষেত্রে কোনো গাফিলতি করা হবে না।'

সব আনন্দ হারাল কালোরাতে

প্রথম সন্তানের মুখ দেখে তাঁরা ছিলেন আনন্দে আত্মহারা। কিন্তু এক কালোরাত কেড়ে নিয়েছে তাঁদের সব আনন্দ। নবজাতক পুত্রসন্তানের নামটিও রাখার সময় পাননি হতভাগা ফাতেমা আক্তার মৌ ও আল-আমিন দম্পতি। একই রকম বিষাদের ঘটনা ঘটেছে নিলুফার বেগম ও তারা মিয়া দম্পতির বেলায়ও। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ ঘণ্টায় যে ১০ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুটি নবজাতকের জনক-জননী তাঁরা।

২০১৩ সালের ৭ মার্চ বিয়ে করেন আল-আমিন ও ফাতেমা আক্তার মৌ। গত সোমবার সন্ধ্যায় তাঁদের ঘর আলোকিত করে জন্ম নেয় ফুটফুটে এক ছেলে শিশু। কিন্তু ২২ ঘণ্টার ব্যবধানে মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে ওসমানী হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। প্রথম সন্তান মারা যাওয়ায় এখন বাকরুদ্ধ এই পরিবার।

একই অবস্থা নগরের শেখঘাট কলাপাড়ার মৎস্য ব্যবসায়ী নিলুফা বেগম ও তারা মিয়া দম্পতির। তাঁদেরও কোলজুড়ে এসেছিল প্রথম কন্যাসন্তান। কিন্তু তিন দিনের মাথায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটি মারা যায়।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট ওসমানী হাসপাতালে যে ১০টি শিশুর মৃত্যু হয় এদের দুজনের হতভাগ্য মা-বাবার একমাত্র সন্তান হারানোর বেদনায় দুই পরিবারই এখন শোকে মুহ্যমান। তাদের অভিযোগ, চিকিৎসার অবহেলার কারণেই তাদের সন্তানদের মৃত্যু ঘটেছে।

আল-আমিনের বাড়ি সিলেট নগরের ঘাসিটুলা এলাকায়। তাঁর অভিযোগ, চিকিৎসায় ত্রুটির কারণেই তাঁর শিশুর মৃত্যু হয়েছে। তিনি বলেন, 'আমার ছেলে সুস্থ ও স্বাভাবিক ছিল। শুধু মায়ের দুধ পান করছিল না। ছেলেকে হাসপাতালের পঞ্চম তলায় ২২ নম্বর ওয়ার্ডে এবং মাকে দ্বিতীয় তলায় রাখা হয়। ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে চেয়েছিলেন। কিন্তু চিকিৎসকরা ছাড়েননি।'

আল-আমিন অভিযোগ করেন, ডাক্তাররা যেকোনো ওষুধ কিংবা ইনজেকশনের প্রয়োজন হলে লিখে দিতেন এবং আমরা ফার্মেসি থেকে কিনে এনে দিতাম। কিন্তু রাতে দুবার ইনজেকশন দেওয়া হয়েছে, যেগুলো আমরা কিনে দিইনি। আল-আমিন বলেন, রাত ১টায় প্রথম ইনজেকশন দেওয়ার পরই বাচ্চার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং রাত ৩টায় দ্বিতীয় ইনজেকশন দেওয়ার পর বাচ্চার মুখ দিয়ে ফেনা উঠতে শুরু করে। রাত ৪টার দিকে বাচ্চা মারা যায় বলে জানান তিনি।

কান্নাজড়িত কণ্ঠে ফাতেমা আক্তার মৌ বলেন, 'আমার বাচ্চার কোনো সমস্যা ছিল না। দুই মাসের বাচ্চা দেখতে এক দেড় মাসের বাচ্চা মনে হতো। শুধু বুকের দুধ খেত না।' তিনি বলেন, 'বড় আশা ছিল বাড়িতে ফেরার পরই সবাই মিলে বাচ্চার একটি সুন্দর নাম রাখব। কিন্তু ঘরে নিয়ে আসার সুযোগ দিলেন না নার্স-চিকিৎসকরা।'

একই বেডে ছিল নগরের শেখঘাট কলাপাড়ার তারা মিয়া ও নিলুফা বেগম দম্পতির মেয়ে শিশুটিও। গত শুক্রবার নিজেদের বাসায় স্বাভাবিক জন্ম হয় শিশুটির। পর দিন জটিলতা দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিনের মাথায় সোমবার রাতে নবজাতকটি মারা যায়। তারা মিয়া অভিযোগ করেন, বাচ্চার শারীরিক অবস্থার অবনতি দেখে তারা কর্তব্যরত নার্সদের অবগত করেন। কিন্তু নার্সরা তাঁদের ডাকে সাড়া না দিয়ে ঘুমিয়ে রাত কাটান। তারা মিয়ার ভাতিজা ইসমাঈল অভিযোগ করেন, নার্সদের ডাকা হলে তাঁরা রোগীর স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। ধমক দিয়ে বলেন, ডাক্তার এলে দেখবে। মুখ বন্ধ করে বসে থাক।

ওয়ার্ডজুড়ে আতঙ্ক, ভয়ে স্বজনরা

শিশু বিভাগের ২২ নম্বর ওয়ার্ডটিতে শয্যা সংখ্যা ৫৬। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২টা পর্যন্ত রোগীর সংখ্যা ছিল ১৬২ জন। ফলে একেকটি বিছানায় একাধিক নবজাতক ও শিশুকে রাখা হয়েছে। শিশুর মা ও তাঁদের সঙ্গে থাকা স্বজনদের মেঝেতে শুয়ে বসে সময় কাটাতে হয়। এই ওয়ার্ডে একই রাতে মারা গেছে ৯ শিশু। ফলে ওয়ার্ডজুড়ে দেখা দিয়েছে আতঙ্ক। কিন্তু তাঁরা না পারছেন হাসপাতাল ছাড়তে, না পারছেন এই ভয়ের কথা কাউকে বলতে।

হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডের ১৬ নম্বর বেডে পাশাপাশি শুয়ে থাকতে দেখা যায় তিন শিশুকে। তিনজনেরই জন্ম হয়েছে বৃহস্পতিবার রাতে। বিছানার পাশে মেঝেতে বসে আছেন তাদের মা মজিদা বেগম, সাজিদা বেগম, সিপা বেগম। মজিদা বেগমের বাড়ি ছাতকের ইসলামপুরে, সাজিদা বেগমের বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে এবং সিপা বেগমের বাড়ি বালাগঞ্জের শেরপুরে। তিনজনই বললেন তাঁদের ভয়ের কথা। তাঁদের ভাষায়, 'কান্দার (পাশের) সিটো (সিটে) যখন কোনো বাচ্চা মারা যায়, নিজোর বাচ্চার মুকা (দিকে) চাইলে কইলজাটা জ্বলিয়া উঠে, ডর লাগে।'

সুনামগঞ্জের দিরাই থেকে আসা খায়ের মিয়া অভিযোগ করেন, নার্স ও ওয়ার্ডের কাজের লোকেরা এই হাসপাতালের নিধিরাম সর্দার। তারা ইচ্ছে করলে রোগী ও রোগীর স্বজনদের বের করে দেয় আবার টাকা পেলে সুযোগ-সুবিধা দেয়। তিনি বলেন, রাতে নার্সদের ডেকে পাওয়া যায় না। অনেকে ঘুমিয়ে পড়েন। রোগীর অসুবিধা হচ্ছে জানালে তাঁরা চুপ করে বসে থাকতে বলে। অন্যথায় হাসপাতাল থেকে বের করে দেওয়ার হুমকি দেন।