প্রধান বিচারপতির সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
ডেস্ক রির্পোট : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে গতকাল রবিবার বিকেলে সুপ্রিম কোর্টে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ ছাড়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার সঙ্গে আইন কমিশনের বৈঠক হয়েছে প্রায় একই সময়ে।
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আদালতের নির্দেশ পেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে।
অন্যদিকে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক সাংবাদিকদের বলেছেন, বিদ্যমান আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব এবং সেটাই করা উচিত।
গতকাল বিকেল ৩টায় আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কমিশনের অন্য দুই সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবির ও অধ্যাপক শাহ আলমকে নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেন। প্রধান বিচারপতির কক্ষে যখন এ বৈঠক চলছিল, তখন (বিকেল সাড়ে ৩টায়) সে কক্ষে উপস্থিত হন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এর কিছুক্ষণ পর বিকেল ৪টার দিকে বেরিয়ে আসেন আইন কমিশনের সদস্যরা। এর পরও প্রায় ২০ মিনিট পর বের হন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
আইন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে বৈঠকের বিষয়ে বিচারপতি এ বি এম খায়রুল হক সাংবাদিকদের বলেন, 'বাংলাদেশে প্রায় ৩০ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এই মামলাজট নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বিচার বিভাগে অনেক সমস্যা রয়েছে। সেসব সমস্যা কিভাবে দূর করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। বিচার বিভাগের সামগ্রিক বিষয় নিয়ে কথা হয়েছে। পরস্পরের সঙ্গে কাজ করার বিষয়ে প্রধান বিচারপতি আমাদের নিশ্চিত করেছেন। আমাদের কারাবিধি ও বিভিন্ন আইনের আরো উন্নতি কিভাবে করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে।'
সন্ত্রাসবিরোধী আইন নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, সুনির্দিষ্ট কোনো আইন নিয়ে আলাপ হয়নি।
বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইন পর্যাপ্ত কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি সব সময়ই মনে করি, বিদ্যমান আইনের প্রয়োগ খুবই দরকার। আমাদের বিদ্যমান আইনের সঠিক প্রয়োগ হলেই দেখবেন অনেক সমস্যার সমাধান হচ্ছে।'
দেশে বর্তমানে পেট্রলবোমা নিক্ষেপ করা হচ্ছে, আগুন দিয়ে যানবাহন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এ অবস্থায় বিদ্যমান আইন দিয়ে সেটা দমন করা সম্ভব কি না প্রশ্নের জবাবে বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, খুবই সম্ভব এবং তা-ই করা উচিত। সন্ত্রাস দমনে নতুন আইন করার প্রয়োজন আছে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নতুন আইন করা অনেক দুরূহ। নতুন আইন করা হলে সে আইনের প্রয়োগ কিভাবে হবে তা অজানা থাকে। জটিলতা দেখা দিতে পারে। তাই মনে করি, বিদমান আইনেই সব সম্ভব।'
আদালতের নির্দেশ পেলে খালেদাকে গ্রেপ্তার- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী : প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে যাওয়ার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, 'এটা সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। তবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করার কথা বলেছেন। আমরা তাঁকে নিশ্চয়তা দিয়েছি।'
সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ করা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো আইন নিয়ে আলোচনা হয়নি। দেশে চলমান সন্ত্রাস দমনে নতুন আইন করার প্রয়োজন আছে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নতুন কোনো আইনের প্রয়োজন নেই। ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন আছে। আমরা সেই আইন প্রয়োগ করব। যেকোনো মূল্যে সন্ত্রাস দমন করা হবে।'
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'গ্রেপ্তারের কথা এখন আসছে কেন? আদালত যখন নির্দেশ দেবেন তখন গ্রেপ্তার করা হবে।'
বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূতভাবে হত্যাকাণ্ড হচ্ছে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্দুকযুদ্ধ শুধুই আমাদের বাংলাদেশে হয় নাকি? সারা পৃথিবীতে হচ্ছে। যেখানেই সন্ত্রাস হচ্ছে, আপনারা দেখেছেন, ফ্রান্সে চারজনকে মেরে ফেলেছে। আমেরিকায় হাত না তুললেই গুলি করে মেরে ফেলে। কাজেই যেখানে সন্ত্রাস দমনের প্রয়োজনীয়তা দেখা দেয়, পুলিশ যেখানে অ্যাকশনে যায়, সন্ত্রাসীকে ধরতে যায়, সেখানেই বন্দুকযুদ্ধ হয়। আর বন্দুকযুদ্ধ হলে একটা কিছু হয়।











