প্রতি মাসে সৌদিতে ১০ হাজার শ্রমিক যেতে পারবেন
ডেস্ক রির্পোট : বিনা পয়সায় প্রতিমাসে বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী সৌদি আরব যেতে পারবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। কর্মী নেওয়া প্রক্রিয়া ও অভিবাসন ব্যয় নির্ধারণসহ সামগ্রিক বিষয় চূড়ান্ত করতে সৌদি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সোমবার সকাল সোয়া ১০টায় সাংবাদিকদের এ কথা জানান প্রবাসীকল্যাণমন্ত্রী। রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে সোমবার সকাল ৯টায় এ বৈঠক শুরু হয়। মন্ত্রী বলেন, গৃহস্থালীর কাজে বাংলাদেশ থেকে প্রতিমাসে ১০ হাজার কর্মী সৌদি আরব যেতে পারবে। এ জন্য তাদের কোনো টাকা-পয়সা লাগবে না। তাদের সব ব্যয় বহন করবে সংশ্লিষ্ট সৌদি কম্পানি।
মন্ত্রী বলেন, শুধু পাসপোর্ট ও মেডিক্যালসহ আনুসঙ্গিক খরচ বাবদ ১৫-২০ হাজার টাকা লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সৌদি সরকারের ১৬ সদস্যের প্রতিনিধিদল রবিবার দুপুর ১২টায় বাংলাদেশ সফরে আসে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী আহমেদ এফ আলফাহিদ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এর আগে, দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্ত করে সৌদি সরকার।
এদিকে, সৌদি আরবে যেতে ইচ্ছুক কর্মীদের (পুরুষ ও নারী) নাম নিবন্ধনের জন্য সোমবার থেকে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড মেলার আয়োজন করেছে জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল ওয়ার্ল্ড মেলা উদ্বোধন করার কথা রয়েছে।
মেলায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৬০ নম্বর প্যাভিলিয়নে দুই শ টাকায় নাম নিবন্ধন করা যাবে। এ ছাড়া রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবন এবং দেশের সব জেলার কর্মসংস্থান ও জনশক্তি অফিসে এই নিবন্ধন প্রক্রিয়া চলবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পক্ষে জাতীয় দৈনিক এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।
এর আগে গত ১ ফেব্রুয়ারি সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো এক ফ্যাক্স বার্তায় জানান, সৌদি আরবের রাজকীয় সভা ওই দিন বাংলাদেশের ওপর থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ফলে এখন থেকে বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমবাজার মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এ দেশটিতে শ্রমিক পাঠাতে আর কোনো বাধা নেই।
ওই সময় জানান হয়, সৌদি আরবে নতুনভাবে কর্মী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করতে আগামী এক সপ্তাহের মধ্যে দেশটির সরকারি একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবেন। তারই ফলশ্রুতিতে রবিবার ১৬ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। প্রসঙ্গত, সৌদি আরব বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমবাজার। দেশটিতে ২০ লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। ২০০৮ সালে বাংলাদেশি শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব।











