নাটোরে সোনালী আঁশের সুদিন ফিরছে
লিটন হোসেন লিমন,নাটোর : নাটোরে সোনালী আঁশের সুদিন ফিরছেনাটোরে সোনালী আঁশের সুদিন ফিরতে শুরু করেছে। বিগত বছরগুলোতে ভালো দাম পাওয়া এবং এবছরে স্বাভাবিক বৃষ্টির কারণে পাট প্রক্রিয়াজাত-করণ সহজ হওয়ায় কৃষকরা পাট চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এতে পাটের আবাদ ও উৎপাদনের পরিমাণ বেড়েছে। ইতোমধ্যে জেলার প্রায় ৭৫ শতাংশ পাট কাটা হয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এবছর জেলায় ২৩ হাজার ৩৪৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এসব জমি থেকে চলতি বছর প্রায় ৬০ হাজার টন পাট উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। বিগত ২০১৮ সালে জেলায় ১৭ হাজার ২৪০ হেক্টর আবাদি জমি থেকে ৪১ হাজার ৪৭৩ টন পাট উৎপাদন হয়েছিল। জেলায় গত কয়েক বছরে আবাদি জমির পাশাপাশি হেক্টর প্রতি পাটের গড় উৎপাদন বেড়েছে।
সরেজমিনে পাট বেচাকেনার জন্য প্রসিদ্ধ নাটোরে তেবাড়িয়া, লক্ষীকোল, বড়াইগ্রামের মৌখাড়া, গুরুদাসপুরের নাজিরপুর ও চাঁচকৈড় এবং নাটোর সদরের বিভিন্ন হাট ঘুরে পুরোদমে পাট কেনাবেচা হতে দেখা যায়। এ সময় মৌখাড়া হাটে পাট বিক্রি করতে আসা রহমত আলীর বলেন, হাটে দুই হাজার টাকা মণ দরে পাট বিক্রি করেছেন। অন্যবারের চেয়ে এ বছর পাটের ফলন ভাল হওয়ায় দামও বেশ ভালই অঅছে বলেন জানান।
নাটোরের সর্বাধিক পাট উৎপাদনকারী বড়াইগ্রাম উপজেলার কৃষি অফিসার ইকবাল আহমেদ বলেন, এবার বিঘাপ্রতি গড়ে ১০ মণ হারে ফলন পাচ্ছেন কৃষকরা। ফলনের পাশাপাশি দরও উর্দ্ধমুখী। তাই পাট এ এলাকার অন্যতম অর্থকরী ফসলে পরিণত হচ্ছে।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার বলেন, পরিবেশ বান্ধব বলেই পাটের বহুমুখী ব্যবহার হচ্ছে। এর ফলে দেশে ও বিদেশে পাটের চাহিদা বাড়ছে। ভাল দাম পেয়ে লাভবান হওয়ায় কৃষকরা পাট চাষে আগ্রহী হয়ে উঠছেন। এক্ষেত্রে প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানে কৃষকদের এগিয়ে নিতে কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে থাকছে।











