সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে বাড়ি যেতে দিল না ডেঙ্গু

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর তেজগাঁও এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন জাকির হোসেন। স্ত্রী-সন্তানসহ থাকেন মোহাম্মদপুর তাজমহল রোডে। আর তার বৃদ্ধ বাবা-মা থাকেন গ্রামের বাড়িতে। ঢাকায় আসার পর থেকে গত ১০ বছরে একটি ঈদও বাবা-মা ও পরিবার ছাড়া উদযাপন হয়নি তার। প্রতি বছর দুই ঈদেই বাড়ি যান তিনি।

তবে এবারের ঈদে গ্রামে যাওয়া হচ্ছে না জাকিরের। কারণ ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন তিনি সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কোরবানির ঈদ নিয়ে অনেক পরিকল্পনা ছিল তার। নিজের সাধ্যের মধ্যে একটি গরু কোরবানি দিতেন তিনি। কোরবানির গোশত নিজ হাতে পাড়া প্রতিবেশী ও গরিব পরিবারের মধ্যে বণ্টন করতেন।

এত আশা সব কিছুই ভেস্তে দিল ডেঙ্গু। মাত্র একদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছে জাকিরকে। এরই মধ্যে কমতে শুরু করেছে রক্তের প্লাটিলেট। তাই স্বামীকে নিয়ে চিন্তিত জাকিরের স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরাও। ঈদে বাড়ি ফেরা, কোরবানি দেওয়া সবই পণ্ড হয়েছে তাদের।

শুধু সোহরাওয়ার্দী হাসপাতালের জাকির হোসেন নয়, ঢাকার প্রায় সব হাসপাতালেই এমন বহু মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। এবার তাদের বাড়ি যেতে দিচ্ছে না ডেঙ্গু। বাধ্য হয়েই হাসপাতালে ঈদ পালিত হবে এসব ডেঙ্গু রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনদের।

জাকিরের স্ত্রী আদুরী বেগম জানান, এবারই প্রথম তাদের ঢাকায় ঈদ করতে হবে। তাও আবার হাসপাতালে। ছোট ছোট ছেলেমেয়ের ঈদের খুশিও মাটি হয়ে গেল।

সোহরাওয়ার্দী হাসপাতালের আরেকটি বেডে চার দিন ধরে ভর্তি আছেন আসমা বেগম নামে অপর এক ডেঙ্গু রোগী। আসমার পাশেই বসে আছেন তার স্বামী ও পাঁচ বছরের মেয়ে আনিশা। এবার ঈদে বাড়ি যাওয়া হচ্ছে না তাদেরও। কারণ হাসপাতাল থেকে কবে মুক্তি মিলবে সেটা জানেন না কেউই।

আসমা বেগমের স্বামী পারভেজ ইসলাম জানান, তার স্ত্রী গত চার দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে। সুস্থ না হওয়া পর্যন্ত তো তাকে নিয়ে যেতে পারব না। তাই এবারের ঈদটা হাসপাতালেই কাটাতে হবে।

তিনি আরও জানান, স্ত্রীর চিকিৎসার জন্য ছোটাছুটি করতে গিয়ে কোরবানির কোনো ব্যবস্থা করতে পারেননি। তাই কেনা মাংস বাসায় রান্না করে হাসপাতালে এনে ঈদের দিন একসঙ্গে খাবেন তারা।

একই কথা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি থাকা আনোয়ার হোসেন। তিনিও তিন দিন ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার সঙ্গে হাসপাতালে আছেন মা আকলিমা বেগম। ছেলের সঙ্গেই হাসপাতালে ঈদ পালনের প্রস্তুতি নিচ্ছেন তিনিও।

আনোয়ারের মা জান্নাত বেগম জানান, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার। স্বামী মারা গেছেন ১০ বছর আগেই। এরপর থেকে একাই দুই সন্তানকে লালন-পালন করেছেন তিনি। ছেলে আনোয়ার একটি বায়িং হাউজে চাকরি করে। আর মেয়ে ঢাকার একটি কলেজে অনার্সে পড়ছে। মেয়েটি কলেজের হোস্টেলে থাকে।

আনোয়ার চাকরির সুবাদে গাজীপুরে একটি ম্যাস বাসায় থাকেন। সেখানেই ডেঙ্গু আক্রান্ত হয়েছের তিনি। এরপর স্থানীয় হাসপাতাল থেকে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জান্নাত বেগম আরও জানান, ঈদের সময় ছেলেমেয়ে সবাই তার কাছে গ্রামের বাড়িতে চলে যেত। কিন্তু এবার ছেলের অসুখের কারণে ঈদের আগে তাকেই ঢাকায় আসতে হয়েছে। হাসপাতালে থাকলেও বাইরে থেকে মেয়ে খাবার রান্না করে নিয়ে যায় প্রতিদিন। তাই ঈদের দিনেও তার মেয়েই মা এবং ভাইয়ের জন্য খাবার রান্না করে আনবে বলে জানান তিনি।

অপর দিকে শুধু ডেঙ্গু রোগীই নয় তাদের চিকিৎসা সেবা দিতে হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সব কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সে কারণে রোগীদের পাশাপাশি তাদেরও ঈদ কাটবে এবার হাসপাতালেই।

গত ৩০ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান জানিয়েছেন, ডেঙ্গু পরিস্থিতি ও বন্যার কারণে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। কাজেই ডেঙ্গুর কারণে শুধুমাত্র রোগী-চিকিৎসক নন, অনেকেই এবার ঈদে বাড়ি যেতে পারছেন না।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক