বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কেমনে চলে কারা চালায়

20130127-192317_61335ডেস্ক রির্পোট : এক সপ্তাহ ধরে গুলশান কার্যালয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওই কার্যালয় থেকে মোবাইল, ল্যান্ডফোন, ফ্যাক্স ও টিভির ডিস লাইন বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। দু-একটি মোবাইলের নেটওয়ার্ক পাওয়া গেলেও তা অত্যন্ত দুর্বল। গুলশান কার্যালয়ে নেতা-কর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র বেশ কয়েকজন নেতাও কারাগারে। বাইরে থাকা নেতারাও গ্রেফতার আতঙ্কে নিজেদের আড়াল করে রেখেছেন। এ অবস্থায় বিএনপির আন্দোলন সংগ্রাম চালাচ্ছেন কে, নেতৃত্ব দিচ্ছেন কারা-এমন প্রশ্ন এখন জনমনে। 

সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংযোগ বিচ্ছিন্ন করা হলেও বিভিন্ন মাধ্যমে দলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলছেন বেগম জিয়া। তৃণমূলের নেতাদেরও নানাভাবে বার্তা পাঠানো হচ্ছে। তা ছাড়া লন্ডনে চিকিৎসাধীন থাকা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিনই জেলা-উপজেলা ও মহানগরের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলছেন। কর্মসূচি সফল করতে এখনো নানা দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। গুলশান কার্যালয় থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বেগম জিয়া ও তার ছেলে তারেক রহমান টানা কয়েক দিন তৃণমূলের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ওই সময় দেওয়া বেগম জিয়ার বার্তা নিয়েই মূলত মাঠের নেতা-কর্মীরা এখনো আন্দোলন ধরে রেখেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার কার্যালয়ের গেটের সামনে পুলিশ রেজিস্টার বই খুলেছে। মোবাইল, ফোন, ফ্যাক্স ও ডিস লাইন সংযোগ বিচ্ছিন্ন। কোনো নেতা-কর্মী তার সঙ্গে দেখা করতে পারছেন না। আমরা সরকারের কাছে জানতে চাই- কেন বেগম জিয়ার টেলিফোন লাইন বিচ্ছিন্ন? কেন ফ্যাক্স ও ইন্টারনেট বন্ধ করা হয়েছে? খালেদা জিয়া গ্রেফতার না মুক্ত- তাও জানি না আমরা।’ বিএনপির কয়েকজন সিনিয়র নেতা জানান, এবারের আন্দোলনে চেইন অব কমান্ড বজায় রয়েছে। বেগম জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় তৃণমূল নেতা-কর্মীদের আন্দোলনে সমন্বয় এসেছে। বিগত সময়ের তুলনায় অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচিতে বেশ স্বতঃস্ফূর্ততা রয়েছে। এ ছাড়া ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গেও বিএনপির যোগাযোগ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব বলেও মনে করেন তারা। জানা যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগেই তৃণমূলে আন্দোলনের নানা দিকনির্দেশনা দিয়ে রেখেছেন বিএনপি চেয়ারপারসন। সে নির্দেশনা অনুযায়ী নীতিনির্ধারক মহলসহ তৃণমূলের নেতা-কর্মীরা কাজ করে যাচ্ছেন। বর্তমানে সেই ছক অনুযায়ী চলছে আন্দোলন। যে কারণে বেগম জিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে না পারলেও গত দুই দফা হরতাল ঘোষণা করেছেন। আগের নির্দেশনা অনুযায়ী চলমান আন্দোলনকে আরও বেগবান করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। জানা যায়, শনিবার থেকে গুলশান কার্যালয়ে ইন্টারনেট, ফ্যাক্স, টেলিফোনসহ বিভিন্ন যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করার আগ পর্যন্ত আন্দোলনের সার্বিক বিষয় সরাসরি মনিটর করতেন বেগম জিয়া। অবরোধের পাশাপাশি কী করা যায়, সে বিষয়ে নীতিনির্ধারকদের পরামর্শও নিতেন তিনি। গুলশান কার্যালয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর এখন তারেক রহমান আন্দোলনের সার্বিক বিষয় মনিটর করছেন। নতুন কর্মসূচি প্রণয়নসহ কীভাবে আন্দোলনকে আরও চাঙ্গা করা যায়, সে বিষয়ে নিয়মিত তৃণমূল নেতাদের নির্দেশনা দিচ্ছেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের নির্দেশনায় বিএনপির নেতা-কর্মীরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। নেতৃত্বের কোনো সংকটও নেই। গুলশান কার্যালয়ে বেগম জিয়া যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও চেইন অব কমান্ড অনুযায়ী আন্দোলন চলছে। 

গুলশানে সম্মিলিত চালক সমিতির অবস্থান কর্মসূচি অব্যাহত : হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাহারের দাবিতে সম্মিলিত চালক সমিতির ব্যানারে দুই শতাধিক লোক দুই দিন ধরে গুলশান-২ গোলচত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের অদূরে ৮৬ নম্বর রোডের দক্ষিণ পাশের মাথায় মঞ্চ তৈরি করা হয়। পরে পুলিশের পরামর্শে তারা গুলশান-২-এ মঞ্চ তৈরি করেন। এ সময় তাদের পরনে ছিল কাফনের কাপড়ও। গতকাল দিনভর সেখানে অবস্থান নিয়ে হরতালবিরোধী বক্তৃতা ও গান পরিবেশন করা হয়। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশকিছু সদস্য সেখানে অবস্থান করছেন। 

সমিতির নেতারা জানিয়েছেন, যতদিন অবরোধ-হরতাল কর্মসূচি প্রত্যাহার করা না হবে, ততদিন গুলশান-২-এ অবস্থান করবেন। অবরোধে পোড়ানো একটি গাড়ি ও পিকআপ ভ্যানে মঞ্চও তৈরি করা হয়। চারপাশে চারটি মাইকও লাগানো রয়েছে। এ ছাড়া বেশকিছু প্লাকার্ড ও ব্যানার নিয়ে নেতা-কর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। উৎসুক জনতাও সেখানে গিয়ে ভিড় করছে।