বিভিন্ন স্থানে বাবা-মেয়েসহ সড়কে ঝরল ৮ প্রাণ
নিউজ ডেস্ক।। টাঙ্গাইলের মির্জাপুরে বাবা-মেয়েসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। ঈদুল আজহার তিনদিন আগে গতকাল শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
মির্জাপুর (টাঙ্গাইল) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক ব্যাংক কর্মকর্তা। নিহতরা হলেন— উপজেলার হাড়িয়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সবুর মিয়ার স্ত্রী মোছাম্মত সুফিয়া বেগম (৬০) এবং বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো. শাহীন মিয়া (৪৫) ও তার মেয়ে শামীয়া (১০)। গোড়াই হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. ফজলুর রহমান জানান, গতকাল সুফিয়া বেগম ছেলে ব্যাংক কর্মকর্তা মো. সোহাগের মোটরসাইকেলের পেছনে বসে হাড়িয়া গ্রামে আসছিলেন। পথে মোটরসাইকেল বোর্ডঘর এলাকায় এসে পৌঁছলে সুফিয়া বেগম ছিটকে পড়ে যান। এসময় বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোহাগ ডাচ বাংলা ব্যাংক টাঙ্গাইল শাখায় কর্মরত। গোড়াই হাইওয়ে থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, গতকাল শাহীন মিয়া গাজীপুর থেকে মোটরসাইকেলে মেয়েকে সঙ্গে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে বাসাইল আসার পথে একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে বাবা-মেয়ে মারা যান।
চট্টগ্রাম : গতকাল নগরীর আকবরশাহ এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় পারভিন আকতার (২৮) নামে এক গার্মেন্ট কর্মী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া জানান, নিহত পারভিন আকতার কুমিল্লা জেলার বাসিন্দা।
পূর্বধলা (নেত্রকোনা) : গতকাল পূর্বধলায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জারিয়ায় বালু বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ০২-০২৫৯) নিচে চাপা পড়ে আল আমিন (৩৫) নামে এক ভ্যানচালক মারা গেছেন। আল আমিন উপজেলার ঝানজাইল খাঁ পাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া খেতাবাড়ি এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে শাহাবুদ্দিন (৪৫) নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শাহাবুদ্দিন পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গোবিন্দগঞ্জে ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১১-৯০৮৭) ধাক্কায় আতাউল হক (৬০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। তিনি জয়পুরহাটের কালাই উপজেলার জামুরহাট গ্রামের তসরুল হকের পুত্র।
মাধবপুর (হবিগঞ্জ) : গতকাল উপজেলার খাথাবাড়িতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাহাবউদ্দিন (৪০) নামে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। উৎস: ইত্তেফাক।










