ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ মন্ত্রী-মেয়রকে লাল কার্ড দেখালেন তারা!
এডিস মশা নির্মূলে সিটি করপোরেশনের দুর্নীতি ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ মন্ত্রী-মেয়রকে লালকার্ড দেখিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ গণ ঐক্য। রবিবার (৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ লাল কার্ড দেখান।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘মশা নিধন সিটি করপোরেশেনের দায়িত্ব। তাদের ব্যর্থতার ফলে এবং দুর্নীতির ফলে ঢাকা সিটি করপোরেশন এলাকায় মহামারী আকারে ডেঙ্গু দেখা দিয়েছে। মশা নিধনের কাজে নিয়োজিত সিটি করপোরেশন কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিবাজ, ঘুষখোর। তাই মশা নিধন এর পরিবর্তে কয়েল ব্যবসায়ী মশার ওষধ বাজারজাতকারী প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সিটি করপোরেশন মশা নির্মূল না করে উল্টো মশার কয়েল এবং মশার ওষধ এর ব্যবসায়ীদের সুযোগ করে দিয়ে ঘুষ খেয়েছে।’
তারা বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ হাসপাতালে, মৃতের সংখ্যা সারাদেশে প্রায় ৭০। মৃত্যুর হার উদ্বেগজনক হারে বাড়ছে। আমরা দাবি করছি ডেঙ্গু নির্মূলে স্বাস্থ্য মন্ত্রণালয় স্পেশাল টাস্ক ফোর্স গঠন করুক। এ ব্যর্থতা ঢাকার দুই সিটি করপোরেশনের এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তাই ঢাকা উভয় সিটি মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে ব্যর্থতার দায়ে লাল কার্ড প্রদর্শন করছি।’
মানববন্ধনে বক্তব্য রাখেন- জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হারুন অর রশীদ খান, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।











