শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুস্থ ডেঙ্গু রোগীদের সহায়তা দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়

news-image

ডেঙ্গু আক্রান্ত দুস্থ, গরিব ও অসহায় রোগীদের চিকিৎসায় সহায়তা দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়। শহর সমাজসেবা কার্যালয় ও হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে তাদের চিকিৎসা দেয়া হবে। রোববার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এ কথা জানান। তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত অসহায় ও দুস্থ রোগীদের সহায়তা দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এসব রোগীকে ডেঙ্গু টেস্টসহ যা যা দরকার তাই দেওয়া হবে।

মন্ত্রী বলেন, সারাদেশে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব তাতে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা বিভিন্ন এনজিও’র সঙ্গে বৈঠক করেছি, সেখানে তাদের এ বিষয়ে দিক নির্দেশনা দিয়েছি। সমাজকল্যাণ পরিষদের সভায় সমাজ কল্যাণ কার্যালয় ও এনজিওর মধ্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আমরা তাদের বলেছি- এই মুহুর্তে ডেঙ্গু রোগীর গুরুত্ব সবচেয়ে বেশি। গরিব, অসহায়দের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রত্যেক রোগীর জন্য আমরা অর্থ দেবে। আমাদের তৃণমূল পর্যায়ে যে কর্মীরা আছেন, তাদের ডেঙ্গু সম্পর্কে সজাগ থাকতে বলেছি। পাশাপাশি সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। উপজেলায়ও সমাজকল্যাণ অফিস আছে, গরিব-দুস্থ যারা অর্থাভাবে আছেন তারা যাতে টাকা পায়, সেটি নিশ্চিত করা হয়েছে।

রোগীদের কি পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, রোগীর ডিমান্ড অনুযায়ী তাদের সহায়তা দেওয়া হবে। শুধু আর্থিক সহায়তাই নয়, রোগীর জন্য যা যা দরকার সেগুলো দিয়ে দেওয়া হবে। সব হাসপাতলে আমাদের সমাজসেবা কার্যক্রম আছে। ডেঙ্গুর ব্যাপকতা না কমা পর্যন্ত এ বাড়তি সেবা দেওয়া হবে।

নুরুজ্জামান আহমেদ বলেন, ডেঙ্গু আক্রান্ত অসহায় রোগীরা সমাজসেবা অফিস, শহর সমাজসেবা কার্যালয় ও সকল সরকারি হাসপাতালের সমাজসেবা অফিসে যোগাযোগ করলে ডেঙ্গু টেস্টসহ প্রয়োজনীয় চিকিৎসায় সহায়তা পাবেন।