জায়গা না পেয়ে দেয়ালের ওপর শয্যায় রোগী
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার (২ আগস্ট) রাজধানীর হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি কম। স্বাভাবিকভাবেই বন্ধ রয়েছে স্বাভাবিক কার্যক্রম। এর ব্যতিক্রম নয় ঢাকা শিশু হাসপাতালেও। ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় বিভিন্ন হাসপাতালে যাওয়া রোগীদের মতো বিপদে পড়েছেন ঢাকা শিশু হাসপাতালে আসা ও চিকিৎসা নিতে থাকা রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালটিতে স্বাভাবিক রোগী দেখা বন্ধ রয়েছে। তবে জরুরি বিভাগে রোগী দেখা হচ্ছে।
কিন্তু সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের সামনে অবস্থান করে দেখা যায়, জরুরি বিভাগের সামনে ঘণ্টার পর ঘণ্টা অসুস্থ শিশুকে নিয়ে অবস্থান করছেন অভিভাবকরা। অনেকে বসার জায়গাও পাচ্ছে না ঠিক মতো। এমনই একজন মো. শাহাবুদ্দীন। তার ১৪ বছরের সন্তান আরিয়ান ইসলাম সোহান জ্বরে আক্রান্ত। শিশু হাসপাতালের জরুরি বিভাগের সামনে বসার জায়গা না পেয়ে পাশের দেয়ালের ওপর অসুস্থ সন্তানকে শুইয়ে দেন শাহাবুদ্দীন।
রাজধানীর পশ্চিম মনিপুর থেকে আসা শাহাবুদ্দীন বলেন, ‘এক ঘণ্টার বেশি সময় এসেছি। জায়গা না পেয়ে প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেছি। কিন্তু অসুস্থ ছেলে আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। তাকে দেয়ালের ওপরই শুইয়ে দিয়েছি। ২০ মিনিট হবে এখানে রেখেছি।’ কিছুক্ষণ অপেক্ষা করে দেখা যায়, জরুরি বিভাগের সামনে থাকা চেয়ারে বসানো হয়েছে অসুস্থ সোহানকে। হাসপাতালটিতে আরও অনেকেই জায়গা না পেয়ে দেয়ালের ওপর বসতে দেখা যায়।










