বইয়ের বদলে নিকলীর শিশুদের হাতে রিকশা
কিশোরগঞ্জের নিকলীতে ব্যাটারিচালিত রিকশা (রোহিঙ্গা রিকশা) সংখ্যা দিন দিন বাড়ছে। বিলুপ্ত হয়ে গেছে প্যাডেল চালিত রিকশা। নিয়ন্ত্রণ না থাকায় এক সময়ের জনপ্রিয় বাহনটি এখন উপজেলাবাসীর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।নিয়ন্ত্রণ ও নজরদারির অভাবে নিকলীতে ব্যাটারিচালিত রিকশা ও চালাচ্ছে শিশু-কিশোররা। শিশু চালিত এসব রোহিঙ্গা রিকশার কারণে প্রায় দিনই ঘটছে মাঝারি থেকে বড় ধরনের দুঘর্টনা। রোহিঙ্গা রিকশার বেপরোয়া গতি সড়কে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে।
এই যান সড়কে কেউ কাউকে সাইড দিতে চায় না এবং ওভারটেকিং প্রতিযোগিতায় যানজটের ভোগান্তির পাশাপাশি প্রাণনাশের আশংঙ্কা থাকে। বেশিরভাগ সড়ক দুর্ঘটনার কারণ এই রোহিঙ্গা রিকশা। এদের দিকে নজর দিচ্ছে না স্থানীয় প্রশাসন।সরজমিনে উপজেলার প্রধান প্রধান সড়কগুলোতে ঘুরে দেখা যায়, অপ্রাপ্ত বয়স্ক, শারীরিক ও কম বুদ্ধিসম্পন্ন প্রতিবন্ধি, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ঝড়ে পড়া শিশু-কিশোর রোহিঙ্গা রিকশা চালাচ্ছে।
অর্থ উপার্জনের জন্য যে কারণে শিক্ষা থেকে ঝড়ে পড়ছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর চালকের আসনে শিশু-কিশোররা বসছে অভিনব ভঙ্গিতে এক পা উপরে তুলে রাজা-বাদশার মতো।কালাম (১৪) নামের এক কিশোর জানায়, পড়ালেখা বাদ দিয়ে সংসার চালানোর তাগিদেই সে ব্যাটারি চালিত রোহিঙ্গা রিকশা নিয়ে রাস্তায় নেমেছে। দৈনিক তার ৭০০ টাকা থেকে হাজার টাকা রোজগার হয়।
পূর্বগ্রামের আব্দুল্লাহ আল-মামুন (২৫) বলেন, বর্তমানে সড়কে বেপরোয়া রোহিঙ্গা রিকশা পথচারীদের জন্য একপ্রকার হুমকি। বিগত বছরগুলোতে অদক্ষ চালক সরু সড়কে বেপরোয়া গতিতে ইজিবাইক চালানোর ফলে নিকলীতে কয়েকজনের অকাল মৃত্যু হয়েছে, পাশাপাশি অনেক পথচারীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে।
মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের ডিগ্রী শিক্ষার্থী আনিসুজ্জামান দিনার জানান, অপ্রাপ্ত বয়সের শিশুদের হাতে রোহিঙ্গার রিকশা দেয়া মানে মৃত্যুর কাছে জীবনকে সঁপে দেওয়া। বেপরোয়া গতিতে এসব বাহন চালানোর ফলে বেশকয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।










