“মাথা গরম করবোনা গণপিটুনি দেবোনা”
বুধবার সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ কর্মসুচি চলে। প্রথমে বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে এ সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুজবে কান না দিয়ে কাউকে ছেলে ধরা হিসেবে সন্দেহ হলে ৯৯৯ নাম্বারে কল দিবেন অথবা পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়ে সিদ্ধিরগঞ্জের ৬টি বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে সচেতনামূলক প্রচারনা চালিয়েছে পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন পুলিশের আইজি অফিসের নির্দেশে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের পক্ষ থেকে সিনিয়ির সহকারী পুলিশ সুপার এএসপি সালেহ্ উদ্দিন আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহিন শাহ পারভেজ ও ইন্সপেক্টর (তদন্ত) সেলিম মিয়া।
এরপর পর্যায়ক্রমে আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয়, সফুরা খাতুন পাইলট উচ্চ বিদ্যালয়, লক্ষীনারায়ন কটন মিলস উচ্চ বিদ্যালয়, চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয় ও গোদনাইল উচ্চ বিদ্যালয়ে প্রচারনা চালানো হয়। প্রতিটি বিদ্যালয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সিনিয়ির সহকারী পুলিশ সুপার এএসপি সালেহ্ উদ্দিন আহমেদের উপস্থিতিতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহিন শাহ পারভেজ বলেন, গুজবে কান না দিয়ে কাউকে ছেলে ধরা হিসেবে সন্দেহ হলে অভিভাবককে জানাবেন অথবা শিক্ষকদের জানাবেন এবং ৯৯৯ নাম্বারে কল দিবেন অথবা পুলিশের হাতে তুলে দিবেন। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নিবেননা। ছেলে ধরা গুজবের কারনে যাদের গণপিটুনিতে হত্যা করা হয়েছে তারা কেউ ছেলে ধরা প্রমাণিত হয়নি।
তিনি গণপিটুনিতে নিহত হওয়া বাকপ্রতিবন্ধী সিরাজের ঘটনার বিবরন দিয়ে বলেন, ছেলেটা একটা বাক ও শ্রবণ প্রতিবন্ধী সে কাউকে মুখে বলতে পারেনি আমি নির্দোষ ছেলে ধরা নই। তাহলে কেনো তাকে যাচাই বাছাই না করে পুলিশকে খবর না দিয়ে হত্যা করা হলো? আইন কাউকে অনুমতি দেয়নি হত্যা করার। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমরা লেখাপাড়া করছো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমার মত পুলিশ অফিসার হবে, ডাক্তার ও ইঞ্জিনিয়ার হবে। কিন্তু যারা মাদক গ্রহণ করবে তারা সরকারী চাকরীতে ঢুকতে পারবে না।
কারণ সরকার বর্তমানে চাকরীতে নিয়োগ দেওয়ার আগে সবার ডোপ টেস্ট চালু করেছেন। তাই যারা মাদক গ্রহণ করবে, তারা কোনদিন সরকারী চাকরী করতে পারবে না। তাই সবাইকে মাদকের বিরুদ্ধে শপথ নিতে হবে। সকলের পরিবারের সদস্য এবং প্রতিবেশীদেরকেও সচেতন করতে হবে।
ইন্সপেক্টর (তদন্ত) সেলিম মিয়া এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাথা গরম করবোনা গণপিটুনি দেবোনা সত্য মিথ্যা জানবো থানা প্রশাসনকে বলবো গুজব সংবাদ শুনবো না আইন হাতে তুলবোনা সহজ সরল প্রাণ বাঁচাতে এগিয়ে আসবো দিবা রাতে।
গুজবে কান না দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে আহবান জানান। এবং মসজিদের ইমাম মুসুল্লিদের অনুরোধ জানান ছেলে ধরা গুজবে কান না দিতে। তিনি আরো বলেন, আইন হাতে তুলে নেওয়া যাবেনা। আইন হাতে তুলে নিলে মামলা হবে। এছাড়া বুধবার সকাল থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে গুজবে কান না দেয়ার জন্য থানার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।










