প্রিয়া সাহার বক্তব্য নিয়ে যা বললেন বিপ্লব বড়ুয়া
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশি নারী প্রিয়া সাহার সম্পূর্ণ অসত্য বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, ‘এটি একটি নিন্দনীয় অপরাধ শুধু নয়, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা মতলববাজ সাম্প্রদায়িক গোষ্ঠীকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।’
আজ শনিবার সকালে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তার ফেসবুক পেইজে এক পোস্টে একথা বলেন। এর আগে গত বুধবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রিয়া সাহার একটি কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায় নিজের দেশ সম্পর্কে ‘ভয়ঙ্কর’ অভিযোগ করেন প্রিয়া।
এরই পরিপ্রেক্ষিতে বিপ্লব বড়ুয়া তার ফেসবুক পেইজে এক পোস্টে বলেন, ‘বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ অসাম্প্রদায়িক মানুষ ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক শক্তিকে বারবার পরাজিত করেছে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার সম্পূর্ণ অসত্য বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ’
প্রিয়া সাহার এমন উস্কানিমূলক বক্তব্যে সাম্প্রদায়িক শক্তি শক্তিশালী হবে জানিয়ে তিনি বলেন, ‘এটি একটি নিন্দনীয় অপরাধ শুধু নয়, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেশের অভ্যন্তরে লুকায়িত মতলববাজ সাম্প্রদায়িক গোষ্ঠীকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। ’
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, ‘প্রকৃত অসাম্প্রদায়িক মানুষ সব ধর্মের সাম্প্রদায়িকতাকে ঘৃণা করে। বাংলাদেশের সকল সম্প্রদায় ও ধর্মবিশ্বাসের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। কারণ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতি ও ধর্মীয় অধিকার সুরক্ষার সর্বশেষ ঠিকানা।’
প্রসঙ্গত, গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া ১৯টি দেশের ২৭ জন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সাক্ষাতে ট্রাম্পের কাছে নিজের দেশ সম্পর্কে ‘ভয়ঙ্কর’ অভিযোগ করেন প্রিয়া।
তিনি ট্রাম্পকে বলেন, ‘স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি। সেখানে ৩৭ মিলিয়ন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান বিলীন হয়ে গেছে। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা বাংলাদেশেই থাকতে চাই। সেখানে এখনো ১৮ মিলিয়ন সংখ্যালঘু মানুষ রয়েছে। আমার অনুরোধ, দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশ ছাড়তে চাই না। শুধু থাকার জন্য সাহায্য করুন।’
ওই নারী আরও বলেন, ‘আমি আমার ঘরবাড়ি হারিয়েছি, তারা আমার ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। তারা আমার জমিজমা দখল করে নিয়েছে। কিন্তু তারা (প্রশাসনবা সরকার) কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এখন পর্যন্ত।’ এ সময় ট্রাম্প ওই নারীকে প্রশ্ন করেন, ‘কারা জমি দখল করেছে, কারা ঘরবাড়ি দখল করেছে?’ উত্তরে ওই নারী বলেন, ‘তারা মুসলিম মৌলবাদি গ্রুপ। তারা সব সময় রাজনৈতিক আশ্রয় পায়। সবসময়ই পায়।’
https://www.facebook.com/biplabalbd/posts/2356188274708294










