দেশে ফিরেছেন ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক : ফলোআপ চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১৭ জুলাই) রাত পৌনে ১১টায় একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বাংলানিউজকে জানান, ফলোআপ চিকিৎসার জন্য রোববার (১৪ জুলাই) সিঙ্গাপুরে যান ওবায়দুল কাদের৷ সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি ফলোআপ চিকিৎসা করান। এর আগে এ হাসপাতাল থেকেই চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন তিনি।
মঙ্গলবার (১৬ জুলাই) মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা টিমের প্রধান ড. ফিলিপ কোহ ওবায়দুল কাদেরের ফলোআপ চিকিৎসা শেষে সন্তোষ প্রকাশ করেছেন৷
গত ৩ মার্চ ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীর পরামর্শে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।










