যে ভুলগুলি রুকুতে করা যাবে না
ইসলাম ডেস্ক।। নামাজে কিরাতের পর মাথা ঝুঁকিয়ে দুই হাত দিয়ে হাটু ধরে রুকু করা হয়। এটি নামাজের অন্যতম অত্যাবশ্যকীয় অংশ। অনেকেই আমরা এক্ষেত্রে কিছু ভুল করে ফেলি। আসুন, ভুলগুলো দেখে সহিশুদ্ধ করে নিই। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন!
১. অনেকে রুকুতে গিয়ে মাথা, পিঠ, কোমর বরাবর করে না এবং পিঠ বিছিয়ে রাখে না। কেউ উঁচু করে রাখে, আবার কেউ মাথা নিচু করে রাখে- যা মাকরূহ। কেউ পিঠ গোল করে রাখে। অথচ মাথা, পিঠ, কোমর বরাবর রাখা এবং পিঠ বিছিয়ে রাখা সুন্নাত।
২. অনেকে হাঁটু বাঁকা করে তা সামনের দিকে বাড়িয়ে রাখে। আবার কেউ এমনভাবে দাঁড়ায় যে উপরের দিকে হয়ে থাকে। উভয় পদ্ধতিতেই পা সম্পূর্ন সোজা না থাকায় ভুল। পা সম্পূর্ণ সোজা করে রাখা সুন্নাত। এর নিয়ম হলো, শরীরের ভার সামনের দিকে সামান্য ঝুঁকিয়ে রাখা।
৩. অনেকে রুকু অবস্থায় হাতের আঙ্গুলসমূহ মিলিয়ে রাখে এবং হাতকে হাঁটুর উপর একেবারে হালকাভাবে রেখে দেয়। অথচ পুরুষদের জন্য নিয়ম হলো, আঙ্গুলসমূহ ফাঁকা রাখা এবং উভয় হাত হাঁটুতে শক্তভাবে ধরা।
৪. অনেকে কনুই বাঁকা করে রাখে, যা ভুল। রুকু অবস্থায় হাত সম্পূর্ণ সোজা রাখতে হয়। ৫. অনেকে কোনো রকম রুকুতে গিয়েই তাড়াতাড়ি আবার দাঁড়িয়ে যায়; অথচ নিয়ম হলো, রুকুতে গিয়ে ধীর-স্থিরভাবে কমপক্ষে তিনবার তাসবিহ পড়ে তারপর দাঁড়ানো।
৬. অনেকে রুকু থেকে সোজা হয়ে ছেড়ে হাত ছেড়ে স্থিরভাবে দাঁড়ায় না, বরং সামান্য মাথা উঁচু করেই সিজদায় চলে যায়। এতে ইচ্ছাকৃতভাবে দুটি ওয়াজিব (অর্থাৎ রুকু থেকে সম্পূর্ণ সোজা হওয়া এবং সোজা হয়ে দাঁড়ানোর পর এক তাসবিহ পরিমাণ বিলম্ব করা) তরক করায় নামাজ নষ্ট হয়ে যায়। এমন নামাজ পুনরায় পড়া ওয়াজিব।










