কোকোর জানাজা বায়তুল মোকাররমে: দাফন আর্মি কবরস্থানে
মঙ্গলবার সুষ্ঠু ও সুন্দরভাবে আরাফাত রহমান কোকোর জানাযা ও দাফন যাতে সম্পন্ন হতে পারে এজন্য দেশবাসিকে আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার রাতে গুলশান কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মালয়েশিয়া এয়ারলাইন্স এমএইচ-১০২ নম্বর ফ্লাইটে তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। সেখানে তার পরিবারের সদস্য ছাড়াও বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল উপস্থিত থেকে তার লাশ গ্রহণ করবেন। এরপর লাশবাহী গাড়িতে করে কোকোর লাশ গুলশান কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। তবে গুলশান কার্যালয়ে শুধুমাত্র কোকোর পরিবারের সদস্যরা লাশ দেখতে পারবেন। সেখানে দলের কোনো নেতাকর্মীরা আসতে পারবেন না।
আগামীকাল বিকেল ৪টার মধ্যে লাশ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নেওয়া হবে। এবং বাদ আসর সেখানে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে সর্বসাধরণের জন্য সেখানে কিছুক্ষণ তার লাশ উন্মুক্ত রাখা হবে। এরপর বনানী সামরিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
ইতিমধ্যে সকল নিয়ম মেনেই আরাফাত রহমান কোকোর লাশ দাফন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
আরাফাত রহমান কোকো সাবেক সেনাবাহিনী প্রধানের সন্তান হিসেবে সামরিক গোরস্থানে দাফনের অনুমতি পাবে।
নজরুল ইসলাম খান আরো বলেন, এটা কোনো রাজনৈতিক ইভেন্ট না। এমনকি তিনি রাজনৈতিক নেতা ও সদস্য না। তাই আমি সকলকে অনুরোধ করব দলমত নির্বিশেষে জানাযায় শরীক হবেন।
এছাড়া মানসিক ভাবে বিপর্যস্ত জিয়া ও জিয়ার পরিবারের সদস্যরা যাতে এই শোক দ্রুত কাটিয়ে উঠতে পারেন, সে ব্যাপারে দেশবাসিসহ সকলের কাছে দোয়া চেয়েছেন এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করেছেন।
তবে অবরোধ বা আন্দোলন প্রত্যাহার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান কোনো মন্তব্য করতে রাজি হননি।











