কাল কোকোর লাশ দেশে আসছে
ডেস্ক রির্পোট : ছেলের মৃত্যুর খবরে এখনো শোকে মুহ্যমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মৃত্যু সংবাদের ২৪ ঘণ্টা পরেও তিনি শোকে নির্বাক ছিলেন। তাঁর প্রতি সমবেদনা জানাতে গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে ভিড় করে স্বজন, শুভাকাঙ্ক্ষী, দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
আগামীকাল মঙ্গলবার সকালে দেশে আনা হবে আরাফাত রহমান কোকোর মরদেহ। সকাল সাড়ে ১১টায় মালয়েশিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছবে বলে জানা গেছে। মরদেহ সরাসরি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে নেওয়া হবে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য। পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর জানাজা হবে। কালই তাঁর লাশ বনানী সামরিক কবরস্থানে দাফন করা হতে পারে।
গতকাল রবিবার সারা দিন দল, জোট এবং পরিবারের লোকজন সমবেদনা জানাতে গুলশান অফিসে যান। তবে খালেদা জিয়া কারো সঙ্গেই কথা বলেননি। পরিবারের সদস্য ছাড়া কারো সঙ্গে দেখাও করেননি।
খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস বলেন, প্রিয় সন্তানের মৃত্যুতে প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছেন তিনি। আবার এর মধ্যেই বাসে আগুন দেওয়ার মামলায় তাঁকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে তাঁর মনের অবস্থা ভালো নেই।
লাশ দাফনের বিষয়ে শিমুল বিশ্বাস জানান, পরিবারের ইচ্ছা আরাফাত রহমান কোকোর লাশ ঢাকায় দাফন করার।
শোকসন্তপ্ত খালেদার প্রতি সমবেদনা জানাতে এবং শোক বইয়ে স্বাক্ষর করতে গুলশান কার্যালয়ে ভিড় করেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষ। শনিবার সন্ধ্যায় খোলা শোক বইটি গতকাল দুপুরে সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। বিএনপি নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে শোক বইতে স্বাক্ষর করতে দেখা গেছে। গতকাল কূটনীতিকদের জন্য আরেকটি শোক বই খোলা হয়। কূটনীতিকরা এতে স্বাক্ষর করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান রাজনীতিবিদ, কবি, বুদ্ধিজীবীসহ বিশিষ্টজনরা। দুপুর ২টা ২৫ মিনিটে ওই কার্যালয়ে প্রবেশ করেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। শোক বইয়ে স্বাক্ষর করে কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, খালেদা জিয়া এখন ঘুমোচ্ছেন। তাঁর সঙ্গে দেখা হয়নি। তাঁর এখন পূর্ণ বিশ্রাম প্রয়োজন। দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানসহ পাঁচ-ছয়জনের একটি দল তাঁর সঙ্গে ছিল।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না পৌনে ৫টায় গুলশান কার্যালয়ে যান। শোক বইয়ে স্বাক্ষর করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে এসেছিলাম। কিছুক্ষণ ছিলাম। কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তবে খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়নি। তাঁর ঘুমের রেশ এখনো কাটেনি।’
কবি ও কলামিস্ট ফরহাদ মজহার বিকেল ৫টার দিকে সেখানে যান। প্রায় একই সময়ে সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম সেখানে উপস্থিত হন। দুপুরে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা নুর ইসলাম কাশেমী সেখানে যান।
ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে যান বিভিন্ন দেশের কূটনীতিকরা। কূটনীতিক কোরের ডিন ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসনসহ কূটনীতিকরা সেখানে গিয়ে শোক বইতে স্বাক্ষর করে কোকোর প্রতি শ্রদ্ধা জানান। কূটনীতিকদের অভ্যর্থনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
ওই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির, সাবিহ উদ্দিন আহমেদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ, জেবা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডেভিড মিলস, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দর নিকোলায়েভ, মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজজাত, চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স কিউ জ গোয়ায় ঝু, আন্তর্জাতিক রেডক্রসের ডেপুটি হেড অব ডেলিগেশন দারকো জরদানভ, কাতারের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আল তায়েবি, ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী শোক বইতে স্বাক্ষর করেন। সৌদি আরব, সিঙ্গাপুর ও পাকিস্তানের কূটনীতিকরাও স্বাক্ষর করেন।
কার্যালয়ের নিচতলায় একটি কক্ষে মাদ্রাসার শিক্ষার্থীরা দিনভর কোরআন তেলাওয়াত করে। সন্ধ্যায় গুলশান কার্যালয়ে উলামা দলের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কাল আসছে কোকোর লাশ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ আগামীকাল মঙ্গলবার সকালে বাংলাদেশে আসবে। লাশ দেশে আনতে শনিবার রাতেই মালয়েশিয়ায় গেছেন খালেদার ছোট ভাই শামীম এস্কান্দার। তাঁর সঙ্গে রয়েছেন কোকোর মামাশ্বশুর ও শাহীন নামের পরিবারের আরেকজন সদস্য।
গতকাল রবিবার বাদ জোহর মালয়েশিয়ার জাতীয় মসজিদে কোকোর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজার হাজার প্রবাসী বাঙালি এবং ঢাকা থেকে যাওয়া বিএনপির সিনিয়র নেতারা অংশ নেন। লাশ কুয়ালালামপুর মালয় ইউনিভার্সিটি সেন্টারের হিমঘরে রাখা হয়েছে।
পূর্ব লন্ডনে কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে তাঁর বড় ভাই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা মুশফিকুল ফজল আনসারীসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ গতকাল এক বিবৃতিতে জানিয়েছেন, আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সোম, মঙ্গল ও বুধবার সারা দেশে শোক পালন করবে বিএনপি। এ উপলক্ষে সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে; নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।
মালয়েশিয়ায় জানাজা : মালয়েশিয়া বিএনপির সাবেক সভাপতি বাদলুর রহমান খান সাংবাদিকদের জানান, আরাফাত রহমান কোকোর জানাজায় হাজার হাজার প্রবাসী অংশ নেন। ঢাকা থেকে বিএনপির শতাধিক নেতা-কর্মী সেখানে গিয়ে জানাজায় শামিল হয়। নেতাদের মধ্যে ছিলেন মোসাদ্দেক হোসেন ফালু, নুরুল ইসলাম মনি, আলি আসগর লবি, মুজিবুর রহমান ও খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার।
মঙ্গলবার মালয়েশিয়ার একটি বিমানে করে বাংলাদেশ সময় ১১টা ৪০ মিনিট নাগাদ কোকোর লাশ দেশে পৌঁছবে বলে মোসাদ্দেক হোসেন ফালু, মালয়েশিয়া বিএনপির সদস্যসচিব মো. মোশাররাফ হোসেন এবং মালয়েশিয়া বিএনপির আহ্বায়ক ওয়ালীউল্লাহ জাহিদ গণমাধ্যমকে জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর ৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার সঙ্গে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে আরাফাত রহমান কোকোকেও আটক করা হয়। ২০০৭ সালের ১৭ জুলাই কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান কোকো।
মরদেহ পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন : আমাদের কূটনৈতিক প্রতিবেদক জানিয়েছেন, আরাফাত রহমান কোকোর মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গতকাল কালের কণ্ঠকে জানান, ‘আমাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। আজ (রবিবার) সকালে আমরা অনুমতিপত্র প্রয়াতের পরিবারের প্রতিনিধির কাছে হস্তান্তর করেছি।’
মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান : মালয়েশিয়া যাওয়া কিংবা না যাওয়ার ব্যাপারে গতকাল পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেসসচিব আশিক ইসলাম লন্ডনে বার্তা সংস্থা ওএনবিকে এ তথ্য জানান।
তারেক রহমানের ঘনিষ্ঠ এক নেতা কালের কণ্ঠকে জানান, লন্ডনে শনিবার ও রবিবার সব দূতাবাস বন্ধ থাকে। তাই চেষ্টা করেও মালয়েশিয়ার ভিসা জোগাড় করতে পারেননি তারেক রহমান। তবে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি সোমবার ভিসা পেয়ে যান, মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন।
জানা গেছে, একমাত্র ছোট ভাইয়ের মৃত্যুতে মুষড়ে পড়েছেন তারেক রহমান। তিনি নিজেও লন্ডনে চিকিৎসাধীন। খালেদা জিয়া গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ হওয়ার পর দুই ভাই প্রায় প্রতিদিন কথা বলতেন। তাঁরা পরিবারের উদ্বেগের কথা আদান-প্রদান করতেন। কোকোর সঙ্গে ২০১৪ সালের জুন মাসে তারেক রহমানের সর্বশেষ দেখা হয়।
খালেদার কার্যালয়ে এরশাদের চিঠি : দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে পথ বের করার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দিয়ে আমন্ত্রণ জানাতে শুরু করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এর অংশ হিসেবে গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তাঁর পক্ষ থেকে চিঠি পৌঁছে দেওয়া হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষে একটি শোকবার্তা নিয়ে যান তাঁর ভারপ্রাপ্ত মহাসচিব এজাজুল রসুল। তিনি বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের কাছে শোকবার্তা ও চিঠি হস্তান্তর করেন।











