এবার দেয়ালে দেয়ালে নয়ন বন্ডের ‘০০৭’
বরগুনায় দিন-দুপুরে স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনার পর দেশেব্যাপী আলোচনায় আসে ‘০০৭’ নামের একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ। বিখ্যাত গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের নামের সঙ্গে মিলিয়ে এ গ্রুপের নাম রাখা হয় ‘০০৭।’ এ ম্যাসেঞ্জার গ্রুপটির নেতৃত্বে ছিলেন রিফাত শরীফ হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি নয়ন বন্ড।জানা যায়, রিফাত হত্যার যাবতীয় নির্দেশনা ওই গ্রুপ থেকে এসেছিলো।
এমতাবস্থায় হঠাৎ করে দু’দিন ধরে কুষ্টিয়া শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে ইংরেজিতে ‘০০৭’ লেখা দেখা যাচ্ছে। কোনো কোনো দেয়ালে মানুষের হাসির দুটি ইমো দিয়ে শেষে ইংরেজিতে ‘৭’ লেখা হয়েছে।শহরের কমলাপুর এলাকাসহ বিশেষ করে পুলিশ লাইন্সের আশপাশের দেয়ালেও ‘০০৭’ লেখা দেখা যায়। এমনকি পুলিশ লাইন্সের দেয়ালেও ‘০০৭’ লেখা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, কে বা কারা এসব লিখেছে এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। বিষয়টি আমাদের নজরে আসেনি। বিষয়টি তদন্ত করে দেখব।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুদিন ধরে হঠাৎ করে বিভিন্ন দেয়ালে ‘০০৭’ লেখা দেখা যাচ্ছে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে দেয়ালগুলোতে ‘০০৭’ লিখেছে এ ব্যাপারে কেউ কোনো সঠিক ধারণা দিতে পারছে না।
তবে অনেকেই ধারণা করছেন, বরগুনার আলোচিত হত্যাকাণ্ডের ঘটনার পর ‘০০৭’ নামের ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপের নাম ছড়িয়ে পড়ায় স্কুল-কলেজ কিংবা স্থানীয় কিছু বখাটে দেয়ালগুলোতে ‘০০৭’ লিখেছে।
প্রসঙ্গত, দেশব্যাপী আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে বরগুনার পুরাকাটা এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নয়ন বন্ডের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।










