শ্রীপুরে স্পিনিং মিলের গুদামে আগুন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি স্পিনিং মিলের তুলার গুদামে আগুন লাগার খবর পাওয়া গেছে। এই অগ্নিকাণ্ডে রাসেল নামের কারখানার নিরাপত্তাকর্মীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।উপজেলার নয়নপুরের ফরিদপুর এলাকায় মঙ্গলবার দুপুরে অটোস্পিনিং মিলের তুলার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শ্রীপুর ও ভালুকা ফায়ার স্টেশনের ৬টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, দুপুর আড়াইটার দিকে অটোস্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশন থেকে তিনটি এবং ভালুকা ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেন।
তিনি আরও জানান, বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনে গুদামে থাকা তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পানি সংকট ও কারখানার অভ্যন্তরীণ রাস্তা সংকীর্ণ হওয়াতে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে তিনি জানান।










