৬ কোটি টাকা লুটপাট জুন ক্লোজিংয়ের নামে
নিউজ ডেস্ক।। জুন ক্লোজিং তাই ছয় কোটি টাকার বিল উত্তোলন করেছেন সুন্দরগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তিনি আইনের তোয়াক্কা করেন না। সে কারণে এবার জুন ক্লোজিংয়ে এসে খেলা দেখিয়েছেন। এ ঘটনায় ইউএনও হস্তক্ষেপ করলেও মানাতে পারেন নি। তাই হিসাবরক্ষণ কর্মকর্তার ওপর অনেক মানুষের সামনে তিনি চড়াও হয়েছেন, হুমকি দিয়েছেন হত্যার। এসব ঘটনার প্রেক্ষিতে সুন্দরগঞ্জ থানায় পিআইওর বিরুদ্ধে ৩০শে জুন একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলায় ২০১৮-১৯ অর্থবছরে ভুয়া প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে ১৪টি প্রকল্পের কোনো ভাউচার ছাড়াই ও তিনটি অগ্রিম বিল ও ১১টি চূড়ান্ত বিল হিসাবরক্ষণ অফিসে দাখিল করেন। জুন মাসে টাকা যাতে ফেরৎ না যেতে পারে এবং এই টাকা নিজের পকেটস্থ করতে পারেন সে জন্য তিনি সব আটঘাট বেঁধে নেমে পড়েন।
কিন্তু বাধা হয় আইনের মারপ্যাচে। নিয়মানুযায়ী বিল, ভাউচার না থাকা ও ভুয়া বিল দাখিল করায় হিসাবরক্ষণ অফিসারের নজরে আসে। তিনি সরকারি নিয়ম-নীতি না মেনে বিল দিতে অস্বীকৃতি জানান। গত ২৯শে জুন সন্ধ্যায় পিআইও নুরন্নবী সরকার নিজেই হিসাবরক্ষণ অফিসে গিয়ে দাখিলকৃত বিলগুলো দাবি করেন। বড় ধরনের অসঙ্গতি থাকায় হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিলগুলো ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। এতে পিআইও নুরন্নবী সরকার ভুয়া বিলের জন্য তাকে মানসিক ও শারীরিকভাবে চাপ প্রয়োগ করতে থাকেন। শুরু হয় সরকারি অফিসে হই-হুল্লোর কাণ্ড। জুন ফাইনালের ৬ কোটি টাকার জন্য মাথা খারাপ হয়ে যায় পিআইও নুরন্নবী সরকারের। তিনি অফিসের মধ্যে চিৎকার করে বলতে থাকেন, ৬ কোটি টাকার বিল ছেড়ে না দিলে হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাককে ছেড়ে কথা বলা হবে না। জুন পার হলে পুরো ৬ কোটি টাকা গচ্চা যাবে।
তাই বিলে সই করতেই হবে। তিনি হুমকিধমকি দেন হিসাবরক্ষণ কর্মকর্তাকে। না হলে অফিস থেকে বের হওয়া যাবে না। যেকোনো মূল্যে ভুয়া বিলে সই করে বিল পাস করতে হবে। চিৎকার শুনে আশপাশের লোকজন, অফিসের লোকজন ও ইউএনও সোলায়মান আলী বিষয়টি আমলে নেন। পরে চাপের মুখে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের শর্ত সাপেক্ষে বাধ্য হন ৬ কোটি টাকার ভুয়া বিল পাস করে দিতে। এ ব্যাপারে হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন- বিলগুলো সব ভুয়া, আর এ ভুয়া বিলে স্বাক্ষর না করায় আমাকে লাঞ্ছিত করা হলো। ইউএনও সোলায়মান আলী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের শর্তের ভিত্তিতে তিনি ভুয়া ও অসঙ্গতিপূর্ণ বিল পাস করে দিতে বাধ্য হন। এ ব্যাপারে পিআইও নুরন্নবী সরকার বলেন, জুন ফাইনাল- তাই বিল পাস না হলে টাকা ফেরৎ যাবে।
সে কারণে বিলগুলো দাখিল করা হয়। কিন্তু তিনি পাস করে না দেয়ায় এই অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়। সুন্দরগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ভুয়া ও অসঙ্গতিপূর্ণ বিলগুলো পাস করে দিয়েছি বাধ্য হয়ে। তার ওপর মারতে যাওয়া ও অসৌজন্যমূলক আচরণ করা হয়। তাকে ভবিষ্যতে হত্যার হুমকিও দেন পিআইও নুরন্নবী সরকার। ফলে, বাধ্য হয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি ডায়েরি করেছেন। উৎস: মানবজমিন।










