শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহীনের ছিনতাই হওয়া ভ্যান উদ্ধার

news-image

শাহীনের ছিনতাই হওয়া ভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলো, নাঈমুল ইসলাম নাঈম, আরশাদ পাড় ও বাকের আলী।পুলিশ জানায়, বিক্রির উদ্দেশ্যেই তারা শাহীনকে আহত করে ভ্যান নিয় পালিয়ে যায়।

সোমবার সকালে সন্দেহভাজন হিসেবে নাঈমকে তার বাড়ি যশোরের কেশবপুর উপজেলার বাজিতপুর গ্রাম থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে আরশাদ পাড় ও বাকের আলীকে আটক করে সাতক্ষীরার পুলিশ।এরপর বিকেলে এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরার পুলিশ সুপার মো.সাজ্জাদুর রহমান বলেন, ঘটনার সঙ্গে আরও তিন-চারজন জড়িত রয়েছে। কিন্তু তাদের নাম প্রকাশ করেননি পুলিশ সুপার।

শুক্রবার যশোরের কেশবপুরের গোলাখালী মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র শাহীন সকালে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে রোজগারে বের হয়েছিল। দুপুরে দুর্বৃত্তরা ভ্যানটি ভাড়া নেয়। পরে ধানদিয়া গ্রামের হামজামতলা মাঠে ঢুকে একটি পাটখেতের পাশে দুর্বৃত্তরা শাহীনের মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে সে। জ্ঞান ফিরলে কাঁদতে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় খবর দেয়।শাহীনকে উদ্ধার করে প্রথমে খুলনার আড়াইশ শয্যা হাসপাতালে পাঠানো হয়। শনিবার অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে আনা হয়। শনিবার রাতেই তার মাথার অপারেশন সম্পন্ন হয়।তার সাহায্যে এগিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।