মুখে স্কচটেপ লাগিয়ে রড দিয়ে ছাত্রকে বেধড়ক মারধর শিক্ষকের
নিউজ ডেস্ক।। পটুয়াখালীতে চুরির অভিযোগে মুখে স্কচটেপ লাগিয়ে এক মাদরাসাছাত্রকে বেধড়ক মারধর করেছে শিক্ষক। অভিযুক্ত শিক্ষক আহসান উল্লাহকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। আহত সুমন চৌকিদার পটুয়াখালী জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সুমনের মা মোছা. রেহেনা বেগম সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ ও সুমনের মা জানান, সুমনকে হেতালিয়া বাঁধঘাট বায়তুল আহাদ আকন বাড়ি হাফেজিয়া মাদরাসায় ভর্তি করেন। সেখানে সুমন নিয়মিত পড়াশোনা করছিল। বৃহস্পতিবার ওই মাদরাসার শিক্ষক আহসান উল্লাহর দুই হাজার টাকা চুরি হয়।
এ ঘটনায় শিক্ষক সুমনকে সন্দেহ করে তার কক্ষে ডেকে নিয়ে বেত্রাঘাত করে। একপর্যায়ে বেতটি ভেঙে গেলে শিক্ষক আহসান একটি রড এনে আবার মারধর শুরু করে। সুমনের কান্নার শব্দ ছড়িয়ে যাওয়ার ভয়ে মুখে স্কচটেপ লাগিয়ে তৃতীয় দফা পেটান। পরে কাপড় দিয়ে সুমনের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে।
ঘটনার দেড় ঘণ্টা পর সুমনের সহপাঠী ও ফুপাতো ভাই আকাশ সুমনের পরিবারকে জানায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় সুমনকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক সেলিম মাতব্বর বলেন, সুমনের গোটা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাই সুস্থ হতে কিছুটা সময় লাগবে।










