৬ মি.লি সানসিল্ক শ্যাম্পু ২ টাকা হলে ৩৭৫ মি.লি ২৯০ টাকা কেন?
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর গ্রাহকদের সঙ্গে অভিনব প্রতারণার বিষয় প্রকাশ্যে চলে এসেছে। এ বছরের গত ১৩ জুন একজন গ্রাহক ২টাকায় ৬মি.লি’র একটি ব্ল্যাক শাইন শ্যাম্পুর প্যাকেট ক্রয় করেন। এর ঠিক দুই দিন পরই ৩৭৫মি.লি’র ব্ল্যাক শাইন শ্যাম্পুর বোতল কিনেন ২৯০টাকায়। হিসেব করলে এই ২৯০ টাকার বিনিময়ে গ্রাহকের পাওয়ার কথা ৮৭০ মি.লি ব্ল্যাক শাইন শ্যাম্পু। কিন্তু প্রতিষ্ঠানটি তা করছেন না। বরং এভাবেই গ্রাহকের সঙ্গে প্রতারণা করছেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।
আজ মঙ্গলবার (১৮ জুন) একজন সচেতন নাগরিক এভাবে অভিনব প্রতারণার বিষয়ে আইনি নোটিশ পাঠান ইউনিলিভার বাংলাদেশে লিমিটেডকে।
নোটিশে বলা হয়েছে, গত ১৩ জুন, ২০১৯ ইং এইচ. এম রাশেদুল ইসলাম মীনা বাজার আউটলেট, মোহাম্মদপুর থেকে ২টাকার বিনিময়ে ৬মি.লি’র ইউনিলভার বাংলাদেশের একটি ব্ল্যাক শাইন শ্যাম্পুর প্যাকেট ক্রয় করেন। কিন্তু এর ক’দিন পর ১৫ জুন যখন ঐ গ্রাহক ৩৭৫ মি.লি’র ব্ল্যাক শাইন শ্যাম্পুর বোতল ক্রয় করেন এর জন্য তাকে ২৯০ টাকা প্রদান করতে হয়। অথচ এখানে গ্রাহকের ২৯০ টাকার বিনিময়ে পাওয়ার ৮৭০ মি.লি’র ব্ল্যাক শাইন শ্যাম্পুর বোতল।
বিষয়টি নিয়ে গ্রাহক যখন ইউনিলিভার কেয়ার লাইন নং এ অভিযোগ করেন, তখন বলা হয়, ৩৭৫ মি.লি শ্যাম্পুর এ বোতল প্যাকেজিং এবং ডিস্ট্রিবিউশনের খরচের কারণে এর মূল্য ১২৫/- টাকার স্থলে এ শ্যাম্পুর বোতল ২৯০/- টাকায় বিক্রি করা হচ্ছে। আর এর মূল্য কমানো সম্ভব নয়।
গ্রাহকের কাছ থেকে এভাবে প্রতারণার জন্য একজন সচেতন নাগরিক হিসেবে আদালতের দ্বারস্ত হয়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। নোটিশে এও বলা হয়েছে, গ্রাহকের কাছ থেকে নেয়া অতিরিক্ত টাকা ফেরত প্রদান পূর্বক যথাযথ মাধ্যমে দুঃখ প্রকাশ করার পাশাপাশি যৌক্তিক ক্ষতিপূরণ করবে এবং সঠিকভাবে ব্যবসা পরিচালনা করবেন।
এছাড়াও নোটিশে- এ আইনি নোটিশটি পাওয়ার তিন দিনের মধ্যে আইন-আদালতের প্রতি শ্রদ্ধা রেখে নোটিশের জবাব চওয়া হয়েছে। অন্যাথায় এ সচেতন নাগরিক ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড কর্তৃক শঠ ও প্রতারণার দরুন প্রচলিত আইন অনুযায়ী সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য থাকবেন। আর এর সম্পূর্ণ দায়ভার উক্ত প্রতিষ্ঠানের।










