‘আমার ছোট মাইয়াডারে জানু মিয়া সর্বনাশ কইরা ফালছে’
নেত্রকোনার আটপাড়ায় ১০ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষককে একমাত্র আসামি করে শনিবার (১৫ জুন) আটপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
গতকাল শুক্রবার (১৪ জুন) দুপুরে উপজেলার কৈলং গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ শনিবার (১৫ জুন) দুপুরে ঝটিকা অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ধর্ষকের নাম জানু মিয়া (৬০)।
ধর্ষণের শিকার শিশুর চাচী জানান, ধর্ষিত শিশুটি আলীমুল কোরআন আদর্শ মাদ্রাসার শিক্ষার্থী। গত শুক্রবার দুপুরে প্রতিবেশী জানু মিয়া নিজের ঘর খালি থাকার সুযোগে শিশুকে ডেকে নেয়। জানু মিয়া সম্পর্কে শিশুটির চাচা হন। পরে জানু মিয়া শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে তার বাকপ্রতিবন্ধী বাবা ছুটে গিয়ে ধর্ষক জানুকে ঝাপটে ধরলে ধস্তাধস্তির এক পর্যায়ে জানু পালিয়ে যায়। পরে রক্তাক্ত শিশুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির মা সাংবাদিকদের বলেন, ‘আমার ছোট মাইয়াডারে জানু মিয়া সর্বনাশ কইরা ফালছে। আমার নিষ্পাপ মাইয়া ওর কী ক্ষতি করছিল। মাইডারে নিয়া এহন হাসপাতালে আছি। প্রচুর রক্ত গেছে, খুবই কষ্ট হইতাছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহ্জাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রেক্ষিতে পুলিশ শনিবার দুপুরে কৈলং গ্রামে ঝটিকা অভিযান চালিয়ে অভিযুক্ত জানুকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার হওয়া জানু মিয়াকে দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।










