বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র ধরে রাখার চ্যালেঞ্জ নিয়েছে সরকার: রাষ্ট্রপতি

image_1077_162050ডেস্ক রির্পোট : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সাংবিধানিক প্রক্রিয়া সমুন্নত রেখে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার চ্যালেঞ্জ নিয়ে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। গণতন্ত্রের বিকাশ, আইনের শাসন সুদৃঢ়করণ এবং সামাজিক শান্তি ও অর্থনৈতিক সমৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গণতন্ত্রের ধারাবাহিক চর্চা ও অনুশীলন জাতির বিভিন্নমুখী সমস্যার সমাধান দিতে সক্ষম, এই বিশ্বাস সরকারের সব কার্যক্রমে প্রতিফলিত হয়েছে।
সোমবার জাতীয় সংসদে দেয়া ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বছরের প্রথম অধিবেশন হওয়ায় সংবিধান অনুযায়ী বক্তব্য রাখেন তিনি। এর আগে স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ অধিকাংশ এমপি উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান বিচারপতি এসকে সিনহা ও বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। তবে জেলে থাকায় এ অধিবেশনেও উপস্থিত হতে পারেননি আবদুল লতিফ সিদ্দিকী। 
সোয়া এক ঘণ্টার নাতিদীর্ঘ বক্তব্যে রাষ্ট্রপতি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, অতীতের অব্যবস্থাপনা ও অদক্ষতা কাটিয়ে উঠে ক্ষুধা-দারিদ্র্য ও শোষণমুক্ত দেশ গড়তে মহাজোট সরকার গত মেয়াদে নিরন্তর প্রয়াস চালিয়েছে। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। দেশে সুশাসন সুসংহতকরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সরকার আন্তরিকতার পরিচয় দিয়েছে। সরকার একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, সমস্যা নিরসনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন এবং জাতির অগ্রযাত্রার স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে সর্বাত্মক উদ্যোগ নিয়েছে।
আবদুল হামিদ বলেন, রাজনৈতিক অস্থিরতা, আন্দোলনের নামে কতিপয় রাজনৈতিক দলের জ্বালাও-পোড়াও, ভাংচুর, অগি্নসংযোগ, খুন-জখমসহ ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে। সরকারের দক্ষ পরিচালনায় বাংলাদেশ আজ সারা বিশ্বের উদীয়মান অর্থনীতির রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। অর্থনীতির সব সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। সামাজিক সূচকসমূহের অগ্রগতিতে বাংলাদেশ প্রতিবেশী ভারতের চেয়েও এগিয়ে গেছে।
রাষ্ট্রপতি তার বক্তব্যে দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রযাত্রা, বিনিয়োগ ও শিল্প বাণিজ্য, খাদ্য-কৃষি, নারী ও শিশু উন্নয়ন, খেলাধুলা, যুব উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, স্বাস্থ্য পুষ্টি, শিক্ষা, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ-জ্বালানি, পরিবহন ও যোগাযোগ, আবাসন খাত, পর্যটন, সুশাসন ও নাগরিক সেবা, আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, কূটনৈতিক সম্পর্ক, বিচার ব্যবস্থা, গণমাধ্যমসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্ব মন্দার প্রভাব সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতির অব্যাহত প্রবৃদ্ধি, সহনীয় মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বাজেট ঘাটতির সহনীয় মাত্রা, রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রার স্থিতি এবং ঋণ পরিশোধের সক্ষমতার মানদ- অক্ষুণ্ন রয়েছে।
দেশের পরিকল্পনা ও উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দারিদ্র্য নিরসন এবং আঞ্চলিক বৈষম্য দূরীকরণ সরকারের উন্নয়ন দর্শনের অন্যতম কৌশল। জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ও দ্রুত দারিদ্র্য নিরসন করা উন্নয়ন পরিকল্পনার প্রধান লক্ষ্য। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রথমবারের মতো দীর্ঘমেয়াদি রূপকল্প হিসেবে বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার রূপরেখা (২০১০-২১) শীর্ষক পরিকল্পনা দলিল প্রণয়ন করা হয়েছে। 
বৈদেশিক সম্পর্ক উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এবং আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে যথেষ্ট সাফল্যের পরিচয় দিয়েছে। গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ ও জোরদার করার লক্ষ্যে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সরকারের সময়ে ঢাকায় বিমসটেকের স্থায়ী সচিবালয় স্থাপিত হয়েছে যা দেশে স্থাপিত কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক সংস্থার প্রথম সচিবালয়। বিশ্ব পরিম-লে বাংলাদেশ আজ একটি প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও কার্যকর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
আবদুল হামিদ বলেন, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার মাধ্যমে গণতন্ত্রকে একটি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করে সমাজে সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখছে। ভোটার তালিকা হালনাগাদ, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ এবং অন্য সব প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করেছে। তিনি সরকারি ও বিরোধী দলকে নির্বিশেষে জাতীয় সংসদে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। 
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় পুলিশ বাহিনীতে আরো ৫০ হাজার পদ সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। পুলিশের সদস্য সংখ্যা অপর্যাপ্ত বিবেচনায় ইতোমধ্যে ৩২ হাজার ৩১টি পদে নিয়োগ সম্পন্ন করা হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিশ্বব্যাপী সংঘাতপূর্ণ দেশসমূহে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। বিশেষ করে যুদ্ধবিধ্বস্থ দেশসমূহে শান্তি স্থাপনে বাংলাদেশ পুলিশের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। ইতোমধ্যে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন সম্পন্ন করেছেন ১৪ হাজার ৩৪৮ জন পুলিশ সদস্য। কর্মরত রয়েছেন ১ হাজার ৪৪৩ জন পুলিশ সদস্য। যা পুলিশ প্রেরণকারী দেশসমূহের মধ্যে দ্বিতীয়।
তিনি বলেন, উন্নয়ন বাজেটের আওতায় ২ হাজার ২৭৭ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ১০১টি জরাজীর্ণ থানা ভবন, ৫০টি নতুন থানা ভবন, ৭টি তদন্ত কেন্দ্র, ১০টি ব্র্যাক, ৫০টি হাইওয়ে আউট পোস্টসহ পুলিশ ও র‌্যাবের আধুনিকীকরণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পথে।
রাষ্ট্রপতি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি দক্ষ শক্তিশালী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য ৪টি আঞ্চলিক সদর দপ্তর, ৪টি আঞ্চলিক গোয়েন্দা ব্যুরো, ৪টি নতুন সেক্টর সদর ও ৯টি নতুন ব্যাটালিয়ন সৃষ্টি করা হয়েছে। সীমান্ত অপরাধ দমনে ১২ হাজার ৪১২টি নতুন পদ সৃষ্টি, ৫ হাজার ৯৪৩টি পদ বিলপ্তির মাধ্যমে পূর্ববর্তী ৪২ হাজার ২২৯ জনের জনবল কাঠামো সংশোধন করে ৫০ হাজার ৬৬২ জনের জনবল কাঠামো অনুমোদন করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় অধিবাসীদের দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৪টি পঞ্চাশ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হয়েছে।
সরকার ও বিরোধী দলকে জাতি গঠনে অবদান রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, 'জাতীয় সংসদ দেশের সব কর্মকা-ের কেন্দ্রবিন্দু। এ প্রেক্ষাপটে আমি সরকারি দল ও বিরোধী দল নির্বিশেষে সবাইকে জনগণের আকাঙ্ক্ষা পূরণের প্রতিষ্ঠান জাতীয় সংসদে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাই।'
দেশ গঠনে সবাইকে ইস্পাত কঠিন ঐক্য গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমাদের গৌরবোজ্জ্বল স্বাধীনতা সমুন্নত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জ্বল রাখতে, গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করতে এবং শোষনমুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে, বাঙালি জাতিকে আবারো ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে এবং দলমত-পথের পার্থক্য ভুলে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও আর্ত-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।
বর্তমান নির্বাচন কমিশনের প্রশংসা করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার মাধ্যমে গণতন্ত্রকে একটি সুদৃঢ় ভিত্তি প্রতিষ্ঠিত করে সমাজে সুশাসন প্রতিষ্ঠায় অবদান রেখে যাচ্ছে।
তিনি বলেন, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনসহ কয়েক হাজার নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করেছে এ নির্বাচন কমিশন। যা দেশে-বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।