শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় গোলাগুলিতে ডাকাত নিহত

news-image

সাভার প্রতিনিধি : আশুলিয়ায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে পিস্তলসহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত ওই ডাকাত সদস্যের মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

গেল রাত আনুমানিক ৩টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার মরাগাঙ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবরে আশুলিয়া থানা পুলিশের একটি টিম মরাগাঙ এলাকায় পৌছালে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। এসময় তাকে উদ্ধার করে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক দিপু বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোরওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের কোনো পরিচয় সনাক্ত করা না গেলে বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা নেওয়া হবে।