মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মদীনার মসজিদে নববীর অনুকরণে নয় বছর পরিশ্রমের পর খলীফা ওয়ালিদ ইবনে আবদুল মালিক দামেস্কের উমাইয়া মসজিদটি নির্মাণ করেন

news-image

ইসলাম ডেস্ক।। সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত উমাইয়া মসজিদ বা দামেস্ক গ্র্যান্ড মসজিদ বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম। খুলাফায়ে রাশেদীনের পর খিলাফতে বনু উমাইয়ার শাসনামলে খলীফা ওয়ালিদ ইবনে আবদুল মালিক মসজিদটি নির্মাণ করেন। সেদিক থেকে মসজিদটি প্রাচীনতম ইসলামী স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। ৬৩৬ খ্রিস্টাব্দে খলীফা হযরত উমর (রা.) এর খিলাফতকালে মুসলিম সেনাপতি হযরত খালিদ ইবনুল ওয়ালীদ (রা.) এর নেতৃত্বে মুসলিম বাহিনী দামেস্ক জয় করে। তখনই মুসলমানরা এই স্থানে ছোট একটি মসজিদ তৈরি করেন। এর প্রায় সত্তর বছর পর উমাইয়া খলীফা ওয়ালিদ বিন আবদুল মালিকের শাসনামলে ৭০৫ খ্রিস্টাব্দে এখানে নতুন একটি মসজিদের নির্মাণকাজ শুরু করা হয়। দীর্ঘ নয় বছরের পরিশ্রম শেষে ৭১৪ খ্রিস্টাব্দে মসজিদিটির নির্মাণকাজ সমাপ্ত হয়।মদীনার মসজিদে নববীর অনুকরণে এই মসজিদটি নির্মাণ করা হয়। নামাযের জায়গা ছাড়াও এখানে বিদ্যালয়, বিচারালয় এবং নিঃস্ব, গৃহহীন ও মুসাফিরদের জন্য আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা ছিল। মসজিদটি নির্মাণের জন্য পারসিক, ভারতীয়, উত্তর আফ্রিকান, মিসরীয়সহ বিভিন্ন স্থানের শ্রমিক ও কারিগরদের কাজে লাগানো হয়। এছাড়া মসজিদের দেওয়ালের বিভিন্ন মোজাইকের নকশা করার জন্য গ্রীক ও রোমান শিল্পীদের নিয়োগ করা হয়। উপর থেকে পুরো উমাইয়া মসজিদ ও তিনটি মিনার। ছবিতে চিহ্নিত বাম দিকের মিনারটি ‘যিশু মিনার’ (minarat of jesus) নামেও পরিচিত। সহীহ মুসলিমসহ অন্যান্য হাদিসগ্রন্থের বর্ণনা অনুযায়ী কেয়ামতের আগে এখান থেকেই নবী হযরত ঈসা (আ.) পৃথিবীতে ফিরে আসবেন।মসজিদটির দক্ষিন-পূর্ব, দক্ষিন-পশ্চিম কোণ এবং উত্তর দিকে মোট তিনটি মিনার রয়েছে। এরমধ্যে উত্তরদিকের মাদহাত আল-আরূস বা নববধূর মিনারটি প্রাচীনতম। দক্ষিন দিকের দুইটি মিনার পরবর্তীকালে সংযুক্ত করা হয়। মসজিদের উপরের মূল গম্বুজটি ৩৬ মিটার উঁচু। মূল নামাযকক্ষের উপরে অবস্থিত এই গম্বুজটি ‘কুব্বাতুন নাসর’ বা ঈগল গম্বুজ নামে পরিচিত। মসজিদে প্রবেশের জন্য উত্তর, পূর্ব ও পশ্চিমে তিনটি দরজা রয়েছে। এদের মধ্যে উত্তরের দরজাটিই মসজিদটির প্রশস্ততম প্রবেশপথ এবং এটিই মসজিদে প্রবেশের প্রধান দরজা।

খলীফা ওয়ালিদের পর বিভিন্ন সময়ে মসজিদটির বিভিন্ন সংষ্কার কাজ সম্পন্ন করা হয়। ১২৬০ খ্রিস্টাব্দে মোঙ্গলরা দামেস্ক দখল করলে তারা এই মসজিদটিকে সেনাবাহিনীর ব্যারাকে পরিণত করে। পরবর্তীতে আইন জালুতের যুদ্ধে মোঙ্গলদের পরাজিত করার পর মামলুক সুলতান সাইফুদ্দীন কুতুজ ও সেনানায়ক রুকুনু্দ্দীন বাইবার্স মোঙ্গলদের হাত থেকে দামেস্ককে মুক্ত করে মসজিদটিকে পুনরুদ্ধার করেন। পরবর্তীতে রুকুনুদ্দীন বাইবার্সের শাসনামলে ১২৭০ খ্রিস্টাব্দে মসজিদটিকে নতুনভাবে সংস্কার করা হয়।

মসজিদটির ভেতরে মূল নামাযকক্ষের বাইরে একটি প্রশস্ত আঙ্গিনা রয়েছে। আঙ্গিনার মাঝামাঝি অযু করার জন্য একটি ফোয়ারা এবং দুইপ্রান্তে গম্বুজযুক্ত দুইটি স্থাপনা রয়েছে। মসজিদটির ভেতর হযরত ইয়াহইয়া (আ.) এর কবর অবস্থিত। এছাড়া মসজিদটির উত্তরদিকের দেওয়ালের সাথে ক্রুসেড যুদ্ধকালীন বিখ্যাত মুসলিম সেনানায়ক সুলতান সালাহউদ্দীন আল-আইয়ুবীর কবর রয়েছে। পুরাতন দামেস্ক শহরের অংশ হিসেবে মসজিদটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের নিদর্শণ তালিকার অর্ন্তভুক্ত। তেরোশত বছরের পুরাতন এই মসজিদটি এখনো সিরিয়ার প্রতীকায়িত স্থাপত্যনিদর্শন হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক