তানজিনার চিকিৎসক হওয়ার স্বপ্ন কেড়ে নিল বাসচালক
নিউজ ডেস্ক।। চিকিৎসক হওয়া হলো না তানজিনার। গত বৃহস্পতিবার সকাল ১০টায় তানজিনার মা ছাহেলা বেগমকে নিয়ে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে বাসের জন্য অপেক্ষা করছিল। যেতে চেয়েছিল বাংলামোটরে। কিন্তু হঠাৎ করে একটি বাস তানজিনাকে চাপা দেয়। চাপা দিয়েই থেমে যাননি বাসচালক। তানজিনাকে টেনেহিঁচড়ে নিয়ে যান অনেক দূর। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তানজিনা। এই ঘটনায় মামলা হয়। ওই ঘটনায় বাসচালক আবদুল গনিকে গ্রেপ্তার করা হলে শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত কারাগারে পাঠিয়েছে।
তানজিনার চাচা আলাউদ্দিন জানান, তানজিনার বাবা হাফিজ উদ্দিন নাখালপাড়ায় একটি মুদি দোকান করেন। ছাহেলা গৃহিণী। মেয়েকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল। তানজিনার মৃত্যুর পর তার মা ছাহেলা বেগম, বাবা হাফিজ উদ্দিন পাগলপ্রায়। তানজিনার মৃত্যুর জন্য দায়ী বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।
পারিবারিক সূত্রে জানা যায়, তানজিনা চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন। সে এবার ঢাকার শাহিনবাগের সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করেছে। পরীক্ষা দিয়েই সে গ্রামের বাড়ি চাঁদপুর চলে যায়। সেখানকার স্থানীয় একটি কলেজে সে ভর্তি হতে চেয়েছিল। কলেজে ভর্তি হওয়ার জন্য এক সপ্তাহ আগে ঢাকায় আসে। তার স্কুল থেকে মার্কশিটসহ যা যা দরকার তা তোলে তানজিনা।
তেজগাঁও থানা-পুলিশ আদালতে এক প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে তারা জনায়, তানজিনা তার মাকে নিয়ে বাবুল টাওয়ারের সামনে নিরাপদ স্থানে দাঁড়িয়ে ছিল। তখন স্বাধীন পরিবহনের বাসচালক আবদুল গনি বেপরোয়া গতিতে এসে তানজিনাকে চাপ দেন। চাপা দেওয়ার পরও চালক বাস না থামিয়ে তানজিনাকে টেনেহিঁচড়ে নিয়ে যান। বাসের চাপায় তানজিনার বুক, পেট, হাত-পাসহ বাঁ পাশ গুরুতর জখম হয়। তখন পথচারীদের সহায়তায় মা ছাহেলা তানজিনাকে প্রথমে ফার্মগেটের আলরাজী হাসপাতালে নিয়ে যান। তানজিনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তানজিনাকে মৃত ঘোষণা করেন। উৎস: কালের কণ্ঠ।










