মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্দিষ্ট কোন রাতকে লাইলাতুল কদর হিসেবে সুনিশ্চিত করা কারো পক্ষে সম্ভব নয়

news-image

প্রশ্নঃ অন্য কোন রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় না করে শুধু লাইলাতুল কদরের রাত্রিতে তাহাজ্জুদ নামায আদায় করার বিধান কি?

উত্তর দিয়েছেন শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ

সকল প্রশংসা আল্লাহর জন্য।

প্রথমতঃ লাইলাতুল কদর বা ভাগ্য রজনীতে ইবাদত করার মহান ফজিলতের কথা বর্ণিত হয়েছে। আমাদের মহান প্রতিপালক উল্লেখ করেছেন যে, এই রজনী হাজার মাসের চেয়ে উত্তম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উল্লেখ করেছেন, যে ব্যক্তি ঈমান সহকারে ও প্রতিদানের আশায় লাইলাতুল কদরে নামায পড়বে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে।

আল্লাহ তায়ালা বলেছেনঃ নিশ্চয়ই আমি এটি নাযিল করেছি লাইলাতুল কদরে। তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতারা ও রূহ (জিবরাইল) তাঁদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন। শান্তিময় সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত। [সূরা আল কদর, আয়াত ১-৫]

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেনঃ যে ব্যক্তি ঈমান সহকারে এবং প্রতিদানের আশায় লাইলাতুল কদরে নামাজ পড়বে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। [সহীহ বুখারী, ১৯০১; সহীহ মুসলিম, ৭৬০]

হাদিসে “ঈমান সহকারে” কথাটির অর্থ হলো, এই রাতের মর্যাদা ও বিশেষ আমল শরিয়তসম্মত হওয়ার উপর বিশ্বাস স্থাপন করা। আর “প্রতিদানের আশায়” কথাটির অর্থ হলো, নিয়্যতকে আল্লাহ তায়ালার জন্য একনিষ্ঠ করা।

দ্বিতীয়তঃ কোন রাতটি লাইলাতুল কদর তা নিয়ে আলেমদের মাঝে বিভিন্ন অভিমত রয়েছে। ফাতহুল বারী গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে, এ সংক্রান্ত অভিমত ৪০টির উপরে পৌঁছেছে। এক্ষেত্রে সবচেয়ে সঠিক মত হলো লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকের কোন এক বেজোড় রাত।

আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। [সহীহ বুখারী, ২০১৭ ও সহীহ মুসলিম, ১১৬৯; তবে শব্দচয়ন ইমাম বুখারীর]

ইমাম বুখারী এই হাদিসটির শিরোনাম লিখেছেন “রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর অনুসন্ধান”। এই রাতটি গোপন রাখার পেছনে রহস্য হল মুসলমানদেরকে রমজানের শেষ দশকের সবগুলো রাতে ইবাদত-বন্দেগি, দোয়া ও যিকিরের উপর সক্রিয় রাখা। একই রহস্যের কারণে জুমার দিনের যে সময়টিতে দোয়া কবুল হয় তা সুনির্দিষ্ট করে দেয়া হয়নি এবং একই কারণে আল্লাহর ঐ ৯৯টি নাম সুনির্দিষ্ট করে দেওয়া হয়নি যে নামগুলোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি নামগুলো গণনা করবে [অর্থাৎ মুখস্ত করবে, এর অর্থ বুঝবে এবং সে অনুযায়ী আমল করবে] সে জান্নাতে প্রবেশ করবে। [সহীহ বুখারী, ২৭৩৬ ও সহীহ মুসলিম, ২৬৭৭]

হাফেজ ইবনে হাজার রহিমাহুল্লাহ বলেনঃ তাঁর বক্তব্য অর্থাৎ ইমাম বুখারীর বক্তব্য “পরিচ্ছেদঃ রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর অনুসন্ধান” এই শিরোনাম থেকে লাইলাতুল কদর রমজান মাসে হওয়া, রমজানের শেষ দশকে হওয়া এবং শেষ দশকের বেজোড় কোন রাতে হওয়ার ব্যাপারে প্রবল ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু সুনির্দিষ্টভাবে সেটি কোন রাত, এমন কোন ইঙ্গিত পাওয়া যায় না। এ সংক্রান্ত হাদিসের বর্ণনাগুলো একত্রিত করলে এতটুকু প্রমাণই ফুটে উঠে। [ফাতহুল বারী, ৪/২৬০]

তিনি আরও বলেছেনঃ আলেমগণ বলেন, এই রাতটির নির্দিষ্ট তারিখ গোপন রাখার পিছনে হিকমত হল মানুষ যেন এ রাতের মর্যাদা লাভের জন্য চেষ্টা সাধনা করে। নির্দিষ্ট তারিখ জানা থাকলে মানুষ শুধু নির্দিষ্টভাবে সেই রাতে ইবাদত-বন্দেগি করতো। একই ধরনের ব্যাখ্যা জুমার দিনের (দোয়া কবুলের) সুনির্দিষ্ট সময় গোপন রাখার ব্যাপারে ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। [ফাতহুল বারী, ৪/২৬৬]

তৃতীয়তঃ পূর্বোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে, কারো পক্ষে নির্দিষ্ট কোন রাতের ব্যাপারে এ নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় যে, এটিই লাইলাতুল কদর। বিশেষতঃ যখন আমরা জানি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটি কোন রাত তা সুনির্দিষ্টভাবে উম্মতকে জানাতে চেয়েছিলেন। কিন্তু পরে তিনি জানিয়েছেন যে, আল্লাহ তায়ালা এর জ্ঞান উঠিয়ে নিয়েছেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) লাইলাতুল কদর এর ব্যাপারে খবর দিতে বের হলেন। এ সময় দুজন মুসলিম ঝগড়া করছিলেন। তখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আমি তোমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে অবহিত করতে বের হয়েছিলাম। কিন্তু অমুক অমুক ব্যক্তি বিবাদে লিপ্ত হওয়ায় তা (সেই জ্ঞান) উঠিয়ে নেওয়া হয়েছে। আশা করি উঠিয়ে নেওয়াটা তোমাদের জন্য বেশি ভাল হয়েছে। তোমরা সপ্তম (২৭তম), নবম (২৯তম) এবং পঞ্চম (২৫তম) তারিখে এর সন্ধান করুন। [সহীহ বুখারী, হাদিস নং ৪৯]

ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির আলেমগণ বলেনঃ রমজান মাসে নির্দিষ্ট কোন রাতকে লাইলাতুল কদর হিসেবে চিহ্নিত করার জন্য সুস্পষ্ট দলীলের প্রয়োজন। তবে অন্যান্য রাতের চেয়ে শেষ দশকের বেজোড় রাতগুলোর কোন একটিতে হওয়ার সম্ভাবনা বেশি। আর এর মধ্যে ২৭তম রাতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিভিন্ন হাদিস থেকে এ ইঙ্গিত পাওয়া যায়। এ বিষয়টি আমরা ইতিপূর্বেও উল্লেখ করেছি। [ফাতাওয়াল লাজনাহ আদ দায়িমা, ১০/৪১৩]

তাই একজন মুসলিমের নির্দিষ্ট কোন রাতকে লাইলাতুল কদর হিসেবে চিহ্নিত করা উচিত নয়। কারণ এতে করে এমন বিষয়ে নিশ্চয়তা প্রদান করা হয়, আসলে যে বিষয়ে নিশ্চয়তা প্রদান করা সম্ভবপর নয়। আর এতে করে ব্যক্তি নিজেকে প্রভুত কল্যাণ থেকে বঞ্চিত করার সম্ভাবনা তৈরী হয়। হতে পারে লাইলাতুল কদর ২১তম রাতে অথবা ২৩তম রাতে অথবা ২৯তম রাতে। তাই কেউ যদি শুধু ২৭তম রাতে নামায আদায় করে, এতে করে তিনি অফুরন্ত কল্যাণ থেকে বঞ্চিত হবেন এবং এই মুবারকময় রাতের ফযীলত হারাবেন। সুতরাং একজন মুসলিমের উচিত গোটা রমজান জুড়ে আনুগত্য ও ইবাদতের কাজে সর্বোচ্চ সাধনা চালানো। আর শেষ দশকে আরো বেশি তৎপর হওয়া। এটিই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেনঃ (রমজানের শেষ) দশ রাত্রি শুরু হলে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কোমর বেঁধে নামতেন। তিনি নিজে রাত জেগে ইবাদত করতেন এবং তাঁর পরিবারবর্গকে (ইবাদাতের জন্য) জাগিয়ে দিতেন। [সহীহ বুখারী, ২০২৪ ও সহীহ মুসলিম, ১১৭৪] আল্লাহই সবচেয়ে ভাল জানেন।

মূল ফাতওয়ার লিংকঃ https://islamqa.info/bn/answers/50693/

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক