অবরোধে ব্যবসায়ীদের মাথায় হাত,আমদানি-রপ্তানি ক্ষতিগ্রস্ত
ডেস্ক রির্পোট:টানা অবরোধে ধস নেমেছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে। থমকে গেছে বাণিজ্যিক কার্যক্রমে ব্যস্ত থাকা স্থলবন্দরগুলো। অসংখ্য শ্রমিক কাজহীন বসে আছেন। কমে গেছে সরকারের রাজস্ব আদায়। পরিবহন সংকটে বন্দরে বন্দরে পণ্যের স্তূপ জমেছে। খাদ্যসহ নিত্যপণ্য জরুরি প্রয়োজনে সরবরাহ করতে চাইলে কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। আবার সেই পণ্যও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছার নিশ্চয়তা নেই সড়কে পেট্রলবোমার নাশকতায়। ব্যাপক ক্ষতির মুখে পড়ে বহু ব্যবসায়ীর এখন মাথায় হাত। দিশাহারা পরিস্থিতিতে পড়েছেন পচনশীল পণ্যের ব্যবসায়ীরা। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ৫ জানুয়ারি অবরোধের ডাক দেওয়ার পর গত ১১ দিন ধরেই চলছে এই অচলাবস্থা।
অবরোধে যশোরের বেনাপোল বন্দরে রপ্তানি বাণিজ্য একেবারেই কমে গেছে। কাস্টমস হাউসের কর্মীদের প্রতিদিনকার মতো ব্যস্ততা নেই। রাজস্ব আদায় নেমেছে চার ভাগের এক ভাগে। লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরেও একই অবস্থা। সেখান থেকে পুলিশি প্রহরায় কিছু ট্রাক চললেও সামগ্রিক অবস্থা অত্যন্ত নাজুক। বিভিন্ন খাদ্যপণ্য আনার জন্য গুরুত্বপূর্ণ দিনাজপুরের হিলি বন্দরে আমদানি কার্যক্রম সচল থাকলেও পণ্য পরিবহনে ট্রাক ভাড়া দ্বিগুণ হওয়ায় ব্যবসায়ীরা লোকসানে পড়েছেন। সিলেটের তামাবিল বন্দর থেকে পরিবহন ভাড়া বেড়ে হয়েছে আড়াইগুণ। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দরে আটদিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ। রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় ১৬ কোটি টাকা। বন্দরে আটকা পড়েছে দুই শতাধিক ভারতীয় ট্রাক। অচল হয়ে পড়েছে রপ্তানি কার্যক্রমে সরগরম থাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বন্দর। ভারত থেকে পাথরের ট্রাক ঢুকলেও রপ্তানি পুরোপুরি বন্ধ পঞ্চগড়ের বাংলাবান্ধা বন্দরে। বাড়তি পরিবহন ভাড়া নিয়ে বিপাকে সাতক্ষীরার ভোমরা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরাও। খবর পাঠিয়েছেন বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেক ও প্রতিনিধিরা।বেনাপোল : বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব আদায় ৬২ কোটি থেকে কমে দাঁড়িয়েছে ১৪ কোটি টাকায়। অবরোধের কারণে ট্রাক সংকটে পণ্য খালাস খুবই কম। ফলে বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়েছে। প্রায় ৩০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের আমদানি পণ্য আটকা পড়েছে। খোলা আকাশের নিচে মূল্যবান সামগ্রী থাকায় চুরিরও আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আমদানিকারক আহসান হাবিব জানান, বন্দরের শেডগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। গোডাউন ভাড়াসহ বিভিন্ন খরচ মেটাতে গিয়ে ব্যবসায়ীদের হিমশিম খেতে হচ্ছে। অবরোধের অজুহাতে ট্রাক ভাড়া নেওয়া হচ্ছে দ্বিগুণ। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় ভারত থেকে এই পথে দেশের সিংহ ভাগ শিল্প কল-কারখানার কাঁচামাল আমদানি হয়। কিন্তু অবরোধে পরিবহন সংকটসহ বিভিন্ন কারণে আমদানিকারকদের পণ্য খালাস বাধাগ্রস্ত হচ্ছে। সময়মতো কাঁচামাল সরবরাহ না হওয়ায় অনেক শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।’ তিনি জানান, বেনাপোল দিয়ে পাটজাত ও গার্মেন্টপণ্য বেশি রপ্তানি হয়। টানা অবরোধের কারণে ব্যবসায়ীরা পণ্য রপ্তানি করতে পারছেন না। রপ্তানি কমেছে ৭০ শতাংশ। ৬ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ভারত থেকে আমদানি হয়েছে দুই হাজার ৪৫৬ ট্রাক পণ্য। এসব পণ্যের বেশির ভাগই বন্দরে আটকে আছে। বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার আতিকুর রহমান বলেন, ‘টানা অবরোধ-হরতালে বিভিন্ন স্থান থেকে রপ্তানি পণ্যবাহী ট্রাক বন্দরে আসতে পারছে না। এ কারণেই ধস নেমেছে।’হিলি : পণ্য আটকে পড়েছে দিনাজপুরের হিলি বন্দরেও। গোডাউনগুলো পণ্যের স্তূপ জমেছে। গাড়ি ভাড়া দ্বিগুণ। অবরোধের প্রথম দিকে বন্ধ থাকলেও গত শনিবার থেকে পুলিশ-বিজিবি প্রহরায় বিভিন্ন স্থানে পণ্য পরিবহন হচ্ছে। বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীর সংখ্যাও কমে গেছে। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর-উর-রশিদ বলেন, ‘ব্যাংক ঋণে থাকা আমদানিকারকরা বেশি বিপাকে পড়েছেন। কারণ তারা বেশি ভাড়া দিয়ে পণ্যসামগ্রী নিতে পারছেন না। গোডাউনে মালামাল রাখায় প্রতিদিনই খরচ বাড়ছে। অনেক ব্যবসায়ীই লোকসানের মুখে পড়েছেন।’ তিনি জানান, এই বন্দর দিয়ে বেশি আমদানি হয় পিয়াজ, কয়লা, চাল, ডালসহ বিভিন্ন সামগ্রী। বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম আজাদ বলেন, ‘আমদানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও বন্দর থেকে বিভিন্ন স্থানে পণ্য পরিবহন খুবই কম হচ্ছে। পুলিশসহ নিরাপত্তা বাহিনীর প্রহরায় বুধবার ১৩০-১৫০টি ট্রাক ছেড়ে গেছে। পণ্যজটে গোডাউনে জায়গা সংকট দেখা দিয়েছে। খাদ্যসহ পচনশীল দ্রব্য নিয়ে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। অনেকে নতুন করে এলসি খুলছেন না। ফলে পরবর্তীতে আমদানিনির্ভর এসব নিত্যপণ্যের সংকট দেখা দিতে পারে।’ তিনি জানান, হিলি থেকে একটি ১২ টনের ট্রাকের ভাড়া যেখানে ছিল ১৫ থেকে ১৮ হাজার টাকা, তা এখন ৩০ থেকে ৪২ হাজার টাকা।বুড়িমারী : লালমনিরহাটের বুড়িমারী বন্দরে ভারত, ভুটান ও নেপাল থেকে আসা শত শত ট্রাক নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। পুলিশি প্রহরায় কিছু ট্রাক চললেও বেশির ভাগই বন্দরে আটকে থাকার কারণে ফলমূল পচে প্রতিদিন ক্ষতি হচ্ছে প্রায় কোটি টাকা। বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন বাবুল বলেন, ‘ইটভাটাগুলো মূলত কয়লানির্ভর। এগুলোয় পুরোদমে ইট পোড়ানো হয় শীত মৌসুমে, যার উল্লেখযোগ্য পরিমাণ আমদানি হয় এই বন্দরের মাধ্যমে। ভারত-ভুটান থেকে এ সময়ে সবচেয়ে বেশি কমলা, আপেলের মতো ফলও আমদানি হয়। ফলমূল, কয়লাসহ বিভিন্ন পণ্যবাহী দুই শতাধিক ট্রাক প্রবেশ করে। এখন এর মধ্যে ৫০-৬০টি পুলিশি পাহারায় যেতে পারছে। এ বন্দরের ব্যবসায়ীদের গড়ে প্রতিদিন লোকসান হচ্ছে প্রায় ৯৬ লাখ টাকা।’ কাস্টমস সূত্র জানায়, আমদানি পণ্য নিয়ে গতকাল বিকাল ৪টা পর্যন্ত ১৮৫টি ট্রাক প্রবেশ করেছে। রপ্তানি পণ্যবাহী প্রায় ২৩টি ট্রাক ঢুকেছে ভারতে। আগের দিন বুধবার আমদানি পণ্য নিয়ে প্রবেশ করে ২১৩টি ট্রাক, যার ৫১টিই ছিল ফলবাহী। ব্যবসায়ীরা জানান, কয়েক শ ট্রাক ফলের গাড়ি নিয়ে বিপাকে পড়েছেন তারা। এরই মধ্যে কয়েক কোটি টাকার ফলে পচন দেখা দিয়েছে।সোনামসজিদ : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আট দিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ। একের পর এক পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ায় আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা। এই সময়ে ১৬ কোটি টাকা রাজস্ব কম আদায় হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। পানামা পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডে আটকা পড়েছে পণ্যবাহী দুই শতাধিক ভারতীয় ট্রাক। বাংলাদেশি ট্রাকের অভাবে ভারতীয় এসব ট্রাক থেকে পণ্য খালাস করতে না পারায় পিয়াজ, আদা ও বিভিন্ন ফলে পচন দেখা দিয়েছে। সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যসচিব সোহেল আহমেদ পলাশ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কাঁচা পণ্যবাহী বেশকিছু ট্রাক গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি ট্রাকে আগুন দেওয়ায় সর্বস্বান্ত হয়েছেন ব্যবসায়ীরা।আখাউড়া : আখাউড়া স্থলবন্দরে প্রতিদিনের কর্মচাঞ্চল্য নেই। শ্রমিকরা অলস সময় পার করছেন। দেশের পূর্বাঞ্চলের রপ্তানিমুখী এই বন্দরটি কার্যত অচল। ভারতের ত্রিপুরায় বিপুল পণ্য রপ্তানি হয় এই বন্দর দিয়ে। কিন্তু অবরোধের কারণে কমে গেছে পণ্যবাহী ট্রাকের সংখ্যা। আখাউড়া বন্দর থেকে নিয়মিত ৩০টি পণ্য রপ্তানি হয়। মূলত ডিসেম্বর থেকে জুন পর্যন্ত রপ্তানি বেশি হয়। ট্রাকচালক জাফর বলেন, ‘আগে এখানে প্রতিদিন দুই থেকে আড়াই শ ট্রাক আসত। এখন ৪০-৫০টি আসছে’। সিঅ্যান্ডএফ এজেন্ট আব্বাস উদ্দিন বলেন, ‘এই বন্দর রপ্তানিমুখী। অবরোধের কারণে অনেক ব্যবসায়ীর পথে বসার উপক্রম’। বন্দরের সহকারী কমিশনার নীতিশ বিশ্বাস বলেন, ‘রাজস্ব আদায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে’।বাংলাবান্ধা : ভারত থেকে পাথরের ট্রাক ঢুকলেও রপ্তানি পুরোপুরি বন্ধ। শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে বন্দরের আশপাশে। বেকার হয়ে পড়েছেন দুই শতাধিক শ্রমিক। কর্মকর্তারা জানান, অবরোধের কারণে ভারত, নেপাল ও বাংলাদেশি পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে। পুরো বন্দরে অচলাবস্থা দেখা দিয়েছে। রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। শ্রমিকরা জানান, সাত দিন ধরে তারা বেকার। কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী বলেন, ‘পরিবার পরিজন নিয়ে কষ্টে আছি আমরা’। বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাহিরুল ইসলাম বলেন, ‘সীমিত পরিসরে পাথর আমদানি হলেও রপ্তানি পুরোপুরি বন্ধ। ব্যবসায়ীরা কোনো উপায় খুঁজে পাচ্ছেন না’। বন্দরের সহকারী কমিশনার আবদুল আলীম বলেন, ‘আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে’।তামাবিল : পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন আমদানি ও রপ্তানিকারকরা। সহিংসতা এড়াতে ব্যবসায়ীরা দিনের পরিবর্তে গভীর রাতে ট্রাক দিয়ে পণ্য পরিবহন করছেন। এতে আড়াই গুণ ভাড়া দিতে হচ্ছে। সিলেট জেলার তামাবিল, শ্যাওলা, ভোলাগঞ্জ ও জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে সারা বছর পাথর, চুনাপাথর, কয়লা, কমলা, সাতকরাসহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়।ভোমরা : সাতক্ষীরার ভোমরা বন্দরে রাজস্ব আদায় পরিস্থিতি এখনো মোটামুটি স্বাভাবিক। গত ১০ দিনে আদায় হয়েছে ১৭ কোটি ৪৬ লাখ ৫৮২ টাকা। তবে বাড়তি পরিবহন ভাড়া নিয়ে বিপাকে আমদানি-রপ্তানিকারকরা। ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় পণ্য নিতে ট্রাকপ্রতি ৫ থেকে ১০ হাজার টাকা বেশি দিতে হচ্ছে।











