৫ জানুয়ারির নির্বাচনের মতো ভুল করতে চান না:বেগম জিয়া
ডেস্ক রির্পোট:টানা দুই সপ্তাহ ধরে গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধ’ থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন কী করবেন। বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে। কিন্তু দলের সিনিয়র নেতাদের একটি অংশসহ বিভিন্ন পেশাজীবী সমাজের প্রতিনিধিরা সভা-সমাবেশের অনুমতি পেলে কর্মসূচি আপাতত স্থগিত রাখার পক্ষে। ১১ দিন ধরে চলে আসা অবরোধের গতি কিছুটা কমে এলেও দেশে প্রতিদিন আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় দুই হাজার কোটি টাকা। এসব নিয়ে চুলচেরা বিশ্লেষণও হচ্ছে বিএনপির নীতিনির্ধারণী ফোরামে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই গতকাল রাতে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা। স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, ২০-দলীয় জোট প্রধান বেগম জিয়া তৃণমূলের নেতা-কর্মীদের মনোভাবের সঙ্গে একমত পোষণ করে যৌক্তিক পর্যায়ে নিয়ে না যাওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। চলতি মাসের শেষ পর্যন্ত ‘অবরোধ’ কর্মসূচি চালানো গেলে একটি সমাধান আসবে বলেও বিশ্বাস করেন তিনি। তাই ‘পয়েন্ট অব নো রিটার্ন’ অবস্থানে ২০-দলীয় জোট। এ নিয়ে তিনি প্রতিনিয়ত দল ও জোটের সংশ্লিষ্ট সবার সঙ্গেই নানাভাবে যোগাযোগ করছেন। ঘনিষ্ঠজনদের বেগম জিয়া বলেছেন, তিনি আর ৫ জানুয়ারির নির্বাচনের পরবর্তী আন্দোলন কর্মসূচি স্থগিত করার মতো ভুল করতে চান না। ওই ভুলের খেসারত বিএনপি জোটকে এখন দিতে হচ্ছে।রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের বাড়িতে বৈঠকে ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, স্পেন, নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা অংশ নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানও এতে উপস্থিত ছিলেন। বিএনপি নেতারা বেগম জিয়ার ‘অবরুদ্ধ’ থাকার পাশাপাশি দলের সিনিয়র নেতাদের ওপর হামলা ও গ্রেফতারের বিষয়টি তুলে ধরেন। একইভাবে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির যৌক্তিকতার বিষয়েও ব্যাখ্যা দেন তারা।সূত্রে জানা যায়, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত টানা অবরোধ কর্মসূচিতেই থাকছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এরমধ্যে সরকার পক্ষ যৌক্তিক কোনো সমাধানের জন্য এগিয়ে না এলে এরপর অবরোধের সঙ্গে টানা হরতালও যুক্ত হবে। অবশ্য চলতি মাসে আরও হরতাল দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এরপরও সরকারের টনক না নড়লে অসহযোগ আন্দোলন কর্মসূচির দিকেই যাবে বিএনপি। অবশ্য এরমধ্যে বেগম জিয়া গ্রেফতার কিংবা দুর্নীতির মামলায় সাজা হলে এর আগেও অসহযোগ আন্দোলনের দিকে যাবে ২০ দল।সূত্রমতে, বেগম জিয়ার আত্মবিশ্বাস-এবারের আন্দোলনে যে কোনো মূল্যে তিনি সফল হবেনই। অন্তত একটি অর্থবহ সংলাপ সমঝোতা না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি থেকে পিছু হটবেন না বেগম জিয়া। তৃণমূল নেতাদের সঙ্গে আলাপকালে বেগম জিয়া তাদের আশ্বস্ত করছেন। একইভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বানও রাখছেন তিনি। লন্ডনে অবস্থান নেওয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে টেলিফোন করে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন।গতকাল রাতে গুলশান কার্যালয়ে যাওয়া অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকের নেতৃত্বে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ১৪ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল বেগম জিয়ার সঙ্গে দেখা-সাক্ষাৎ করেন। এ সময় বিএনপি প্রধান চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘আমি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র, মানুষের মৌলিক মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দেশবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন করছি। অবৈধ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে এ আন্দোলন আরও তীব্র করতে হবে।’ ড্যাবের পর মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শ্যামা ওবায়েদও বেগম জিয়ার সঙ্গে দেখা করেন।পরে বেরিয়ে এসে ড্যাবের ভারপ্রাপ্ত মহাসচিব এ এস এম রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাসায়নিক বিষক্রিয়া পিপার স্প্রেতে অসুস্থ হওয়া বিএনপি চেয়ারপারসন এখন অনেকটাই সুস্থ। এ সময় কুশল বিনিময়ের পাশাপাশি আন্দোলনের যৌক্তিকতা নিয়ে তিনি দেশবাসীকে বোঝাতে ড্যাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধির প্রতি আহ্বান জানিয়েছেন। সবাইকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলে ক্ষমতাসীনদের বিদায় দিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বেগম জিয়া।অবরুদ্ধ খালেদার ১৩ দিন : গুলশান কার্যালয়ে টানা ১৩ দিন ধরে অবরুদ্ধ রয়েছেন বেগম খালেদা জিয়া। কয়েকদিনের মতো গতকালও গুলশান কার্যালয়ের দুই পাশে জলকামান ও পুলিশের গাড়ি রাখা হয়। মূলফটক আগলে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন পুলিশের সদস্যরা। এ ছাড়া সাদা পোশাকেও বেশকিছু পুলিশ অবস্থান করছেন। অবরুদ্ধ বেগম জিয়ার সময় কাটছে ইবাদত বন্দেগি করে, নেতাদের সঙ্গে কথা বলে ও পড়াশোনা করে। দেশ-বিদেশের খবরাখবর জানতে টিভিতেও চোখ রাখছেন সর্বক্ষণ। কার্যালয়ে অবস্থান নেওয়া বিএনপির প্রায় অর্ধশত নেতানেত্রী ও স্টাফরাও বেগম জিয়াকে নানাভাবে সহযোগিতা করছেন। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ও তালাবদ্ধ। অফিস স্টাফদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। যোগাযোগ করা হলে নয়াপল্টনে দায়িত্বপালনরত এক পুলিশ কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যতদিন অবরোধ কর্মসূচি থাকবে, ততদিন কেন্দ্রীয় কার্যালয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না।নতুন বিচারকের প্রতিও খালেদা জিয়ার অনাস্থা: জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নতুন বিচারকের প্রতিও অনাস্থা জানিয়েছেন। গতকাল ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের প্রতি আইনজীবীদের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন অনাস্থা জানান। পরে মামলার সাক্ষ্যগ্রহণ ২৯ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়।এই আদালতের আগের বিচারক বাসুদেব রায়ের প্রতিও খালেদা জিয়ার আইনজীবীরা অনাস্থা জানিয়েছিলেন। গতকাল খালেদা জিয়া আদালতে হাজির না হয়ে আইনজীবীদের মাধ্যমে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। খালেদা জিয়ার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন মঞ্জুর করা হলেও সাক্ষ্যগ্রহণ মুলতবির আবেদন নাকচ করেন আদালত। এরপর তার আইনজীবীরা আদালতের প্রতি অনাস্থা জানান। পরে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মুলতবি ঘোষণা করা হয়। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা হৈচৈ করেন।











