বিডি বাজেট বিউটি বন্ধ ঘোষণা
নির্দেশনা দেয়ার পরও সংশোধনী না আনায় রাজধানীর বসুন্ধরা সিটিতে অবস্থিত এই প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) – ১ এর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, বিডি বাজেট বিউটি- অনলাইনে নামিদামি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। কিন্তু মানুষের সেই সরলতাকে পুঁজি করে অবৈধ পন্থায় আনা (লাগেজ পার্টির) বিভিন্ন বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রি করছে প্রতিষ্ঠানগুলো। এতে সরকারের রাজস্ব খাত ক্ষতির সম্মুখীন হচ্ছে।
তিনি আরও বলেন, গত কয়েকদিন আগে আমরা চকবাজারে ১০ কোটি টাকার নকল কসমেটিকস জব্দ করেছি। আমদানি কারকদের সিল না থাকলে কিভাবে বুঝা যাবে যে এটি চকবাজার-জিঞ্জিরার প্রোডাক্ট না আসল প্রোডাক্ট। এর আগেও তাদেরকে সতর্ক করা হলেও তারা তা মান্য না করায় আজ বিডি বাজেট বিউটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।
অধিদফতরের পক্ষ থেকে তাদের পণ্যের যাবতীয় কাগজপত্র আনতে বলা হয়েছে। যথাযথ কাগজপত্র দেখাতে পারলে তাদের বিষয় পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য যে, গত সোমবার (২০ মে) রাজধানীর বসুন্ধরা সিটিতে বিশেষ অভিযান চালিয়ে এই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।










