বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নৈরাজ্য ঠেকাতে যা করার তাই করব : প্রধানমন্ত্রী

2--1_55744_0ডেস্ক রির্পোট:আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের ওপর অত্যাচার-জুলুম আর বরদাশত করা হবে না। জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, নৈরাজ্য ঠেকাতে যা যা দরকার তার সবই করবে সরকার। জঙ্গিবাদ, সন্ত্রাস ও বোমাবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি পাড়ায়-মহল্লায় বোমারুদের চিহ্নিত করে পুলিশের হাতে সোপর্দ করুন।শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান একযোগে দেশের মানুষের বিরুদ্ধে জঙ্গিবাদী কার্যক্রম চালাচ্ছেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মা-বেটা এখন এক হয়ে জঙ্গিদের সঙ্গে নিয়ে নিরীহ মানুষের ওপর জ্বালাও-পোড়াও আন্দোলন করছেন। বেগম জিয়া জনগণের নেত্রী নন, তিনি এখন জঙ্গিদের রানী, দুর্নীতির রানী, সন্ত্রাসের রানী। আর এ কারণেই তার আন্দোলনের ডাকে জনগণের কোনো সাড়া নেই।শেখ হাসিনা চলমান সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা অনেক সহ্য করেছি কিন্তু সহ্যেরও একটা সীমা থাকে’। তিনি বেগম জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা যাকে প্রভু মনে করেন মহান স্বাধীনতা সংগ্রামে তাদের পরাজিত করেই আমরা বিজয়ী হয়েছি। কাজেই আপনি স্বাধীনতার পরাজিত শক্তিকে সঙ্গে নিয়ে দেশে জঙ্গিবাদের রাজনীতি করবেন, মানুষের ওপর অত্যাচার চালাবেন তা কোনোভাবেই বরদাশত করা হবে না। পরাজিত শক্তির দোসররা বাংলাদেশের মানুষের কোনো ক্ষতি করতে পারবে না।’ বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘আপনার ভুলের খেসারত জনগণ কেন দেবে? তাদের অপরাধ কী? খুন আর জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করে দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না।’প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, কোন স্বপ্নে উনি (বেগম জিয়া) বিভোর, উনি যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য বাংলাদেশের মানুষকে অবরুদ্ধ করে রাখবেন, এটা কখনো হবে না। বিশ্ব ইজতেমা হয়ে গেল, হাজার হাজার মুসল্লি এতে অংশ নেন। পবিত্র হজের পর বিশ্বের মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত এটা। উনি ইসলামের ধ্বজা ধরে থাকেন। তাহলে ইজতেমার সময় অবরোধ করেন কেন? শেখ হাসিনা বলেন, উনি (খালেদা জিয়া) অবরোধ ডাকেন, উনার অবরোধ কে মানে? কেউই মানে না। উনি রাজনৈতিক দলের ও মানুষের নেতা হতে পারেননি, জঙ্গিদের নেত্রী ও সন্ত্রাসের রানী হয়েছেন। বিএনপির হরতাল-অবরোধ উপেক্ষা করে লাখো মানুষ সমাবেশে যোগ দেয়। বেলা ২টায় জনসভা করার কথা থাকলেও দুপুরের আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। যুবলীগ নেতাদের লাল-সবুজের গেঞ্জি ও টুপি ছিল লক্ষণীয়। স্বতন্ত্র এমপি ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি সেলিম ও নগরের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন এবং নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের শোডাউন ছিল দেখার মতো। বিকাল সাড়ে ৩টায় জনসভাস্থলে পৌঁছেন শেখ হাসিনা। বিপুল লোকসমাগম হওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে জনসভা মঞ্চের সামনের মাঠ ছিল ছাত্রলীগের দখলে। সমাবেশের পাশে থেকে অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে আটক করা হয়েছে।খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অবস্থানের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, উনি অফিসে কী করেন। তাকে তো অবরুদ্ধ করে রাখা হয়নি। বাড়ি গেলেই পারেন। কিন্তু উনি নাকি সরকার উৎখাত না করে ঘরে ফিরবেন না! সন্ত্রাস ও জঙ্গি রানীর কথায় জনগণ আসবে না। শেখ হাসিনা খালেদাকে কটাক্ষ করে বলেন, ঘর রেখে অফিসে কেন? ঘর ছেড়ে পালানো তো তার পুরনো অভ্যাস। এ প্রসঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিজীবনের বিভিন্ন উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, স্কুলে পড়াবস্থায় উনি সিনেমা করার জন্য বাড়িছাড়া হয়েছিলেন, এরপর জিয়ার সঙ্গে পালিয়ে চলে যান ময়মনসিংহ, মুক্তিযুদ্ধের সময় চলে গেলেন পাকিস্তানি আর্মি অফিসার আসলাম বেগের সঙ্গে, ১৯৮৫ সালে পালালেন পূর্বাণী হোটেলে, ’৮৬ সালে সিপাহি-জনতার বিপ্লবের কথা বলে তিন দিন নিরুদ্দেশ, বিডিআরের ঘটনার দুই ঘণ্টা আগেই উনি ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে চলে গেলেন আত্মগোপনে। শেখ হাসিনা বলেন, এর ধারাবাহিকতায় এবার উনি খাট, সোফা, গদি নিয়ে উঠলেন গুলশান কার্যালয়ে। পত্রিকায় বেরিয়েছে কয়েক দফা উনি খাট পরিবর্তনও করেছেন। তিনি বলেন, নিজে পালাবেন আর বলবেন অবরুদ্ধ। শেখ হাসিনা বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়ন (সিপিইউ) ও ইন্টার পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে (আইপিএ) জয়ী হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচন যদি বৈধ না হতো তাহলে এতগুলো দেশের ভোট বাংলাদেশ পেত না। তিনি বলেন, সারা বিশ্ব বোঝে না, বোঝেন শুধু উনি (খালেদা জিয়া) আর উনার কুলাঙ্গার পুত্র (তারেক জিয়া)- যে মুচলেকা দিয়ে গিয়েছিল আর রাজনীতি করবে না। মানি লন্ডারিং মামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি। তিনি বলেন, যেমন মা তেমন পুত্র। দেশের মানুষের ওপর জুলুম-অত্যাচার শুরু করেছে।শেখ হাসিনা তার সরকারের গত এক বছরের নানা অর্জনের কথা তুলে ধরে বলেন, সফলতার সঙ্গে একটি বছর পূরণ হয়েছে। এজন্য তিনি দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সরকার যখন সফলতার সঙ্গে দেশ পরিচালনা করছে এমন সময় বিএনপি নেত্রীর মাথায় ভূত চাপল, ৫ জানুয়ারি থেকে আন্দোলন। কিসের আন্দোলন- জামায়াতকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদীদের নিয়ে? বিএনপি নেত্রীর আগুনে মানুষ পুড়ছে, তার মধ্যে মনুষ্যত্ব থাকলে মানুষ হত্যা করত না। জনসভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মহানগর সভাপতি এম এ আজিজ, শ্রমিক লীগের শুক্কুর মাহমুদ, মহিলা লীগের আশরাফুন্নেছা মোশাররফ, যুবলীগের হারুনুর রশীদ, কৃষক লীগের মোতাহার হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের মোল্লা মো. আবু কাউসার, যুব মহিলা লীগের নাজমা আক্তার, ছাত্রলীগের সিদ্দিকী নাজমুল আলম। দলের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক অসীমকুমার উকিল সভা পরিচালনা করেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বেগম খালেদা জিয়া অবরোধ ডেকে ঘরে বসে আরাম-আয়েশ করছেন। তিনি চান অবরোধের নামে গাড়িতে আগুন দিয়ে, মানুষ হত্যা করে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে। শিল্পমন্ত্রী নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশ গড়ার জন্য কাজ করছেন। আর বেগম খালেদা জিয়া দেশকে পিছিয়ে দেয়ার জন্য অবরোধ ডেকে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। শেখ হাসিনা আর খালেদা জিয়ার মধ্যে পার্থক্য এটাই। একজন বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করতে চান আরেকজন চান দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিতে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালে নির্বাচনের মাঠে খেলা হবে। সাহস থাকলে সেই খেলার মাঠে অংশ নেওয়ার জন্য বিএনপিকে পরামর্শ দিয়ে তিনি বলেন, এর আগে নির্বাচন হবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই নির্বাচনেও জিতে শেখ হাসিনা হ্যাটট্রিক করবেন।