বালুভর্তি কার্গো জাহাজের ধাক্কায় তলা ফেটে লঞ্চে ঢুকল পানি, অল্পের জন্য রক্ষা ৩০০ যাত্রীর
নিউজ ডেস্ক।। চাঁদপুরের মেঘনা নদীর মোহনপুর এলাকায় বালুভর্তি কার্গো জাহাজের ধাক্কায় এমভি গ্লোরি অব শ্রীনগর-২ নামে একটি লঞ্চটির তলা ফেটে গেছে। তবে সারেংয়ের বুদ্ধিমত্তায় লঞ্চটি তীরে নিতে সক্ষম হলে অল্পের জন্য রক্ষা পেয়েছেন লঞ্চটির তিন শতাধিক যাত্রী। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টায় এ ঘটনা ঘটে। চাঁদপুর নৌ-পুলিশের ইনচার্জ মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এ ঘটনার পর আমরা যাত্রীদের নিরাপত্তা দিয়েছি। পরে ঢাকা থেকে আরেকটি লঞ্চ আসলে ওই লঞ্চে তাদের নিয়ে গন্তব্যে রওনা দেয়।
শ্রীনগর লঞ্চের মালিক মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে প্রায় তিনশত যাত্রী নিয়ে ভোলার লালমোহনের উদ্দেশে রওনা হয় যাত্রীবাহী লঞ্চ এমভি গ্লোরি অব শ্রীনগর-২। রাত পৌনে ১০টার দিকে একটি বালুভর্তি বড় কার্গো পাশের দিক থেকে ধাক্কা দেয়।
তিনি আরও জানান, এতে লঞ্চের সামনের তলা ফেটে যায়। পরে লঞ্চে পানি প্রবেশ করতে থাকলে ওই সময় পেছনে থাকা ভোলা চরফ্যাশন উপজেলার দুলারহাটগামী শ্রীনগর-৮ লঞ্চটিকে খবর দিলে তারা ঘটনাস্থলে দ্রুত চলে আসে। এরপর শ্রীনগর-২ লঞ্চের যাত্রীদের উদ্ধার করে লালমোহনের উদ্দেশে রওনা হয়। তলা ফেটে গেলে চালক দ্রুত লঞ্চটিকে একটি চরে উঠিয়ে দেন। যার কারণে যাত্রীদের কোনো সমস্যা হয়নি। বর্তমানে শ্রীনগর-২ লঞ্চটি চরে উঠিয়ে রাখা হয়েছে।










