বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে খালেদা জিয়ার আহ্বান

1420998727.ডেস্ক রির্পোট:এবার আনা হয়েছে সিমেন্ট ও কাঠখড়ি ভর্তি ৮ ট্রাক। এর আগে ছিল ইট-বালু ভর্তি ১১ ট্রাক। পুলিশের সংখ্যা কমছে বাড়ছে দুই একদিন পরপর। পকেট গেইটটি খোলা। তবে যাতায়াতে কড়াকড়ি। পুলিশের লাগানো মূল গেইটের সেই তালা এখনো ঝুলছেই। এ দৃশ্য গুলশানের ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়ী এবং এর সামনের। গত আটদিন পার করে নবম দিনের মতো এখানেই অবরুদ্ধ আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সাথে আছেন ১৫/১৬ জন সহকর্মীও।
এদিকে বন্দিদশায় নিজ কার্যালয় থেকেই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে শরিক হয়েছেন বেগম খালেদা জিয়া। চলাচল, খানাপিনা এমনকি চিকিৎসাতে তো সমস্যা হচ্ছেই। অসুস্থতাসহ ঘরে-বাইরের এমন প্রতিকূল পরিবেশও হার মেনেছে সাবেক প্রেসিডেন্টের স্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে। 
গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মহিলা দল নেতৃবৃন্দসহ অন্যদের মধ্যে যারা তার সাথে সাক্ষাৎ করেছেন তারা এমনই জানিয়েছেন। 
দীর্ঘ আটদিনের নির্ঘুম রাত, হত্যার উপসর্গ পিপার স্প্রে নিক্ষেপসহ যাপিত কোন কষ্টের কথা শেয়ার করেননি সহকর্মীদের সাথে। বরং সাক্ষাৎকারীদের সাহস দিয়েছেন এবং আন্দোলনরত নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশ দিয়েছে। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি। 
গত ৪ জানুয়ারি রাত থেকে নিজ কার্যালয়ে নয়দিন ধরে অবরুদ্ধ খালেদা জিয়া। কার্যালয়ের উত্তর ও দক্ষিণ দিকের সড়কে আবারো আটটি ট্রাক ঠাঁই দাঁড় করানো আছে। কোনটিতে সিমেন্ট, কোনটিতে কাঠ-খড়ি। কার্যালয়ের গেইটের ডান দিকের রাস্তায় পুলিশের দুইটি বড় ট্রাক এবং বাম দিকের ৮৬ নম্বর সড়কে হলুদ রঙের জলকামান এবং একটি বাস আঁড়াআঁড়িভাবে রাখা হয়েছে। সংশ্লিষ্ট সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে এখনো বাধা দিচ্ছে পুলিশ। কার্যালয়ের মেইন গেইটে নারী ও পুরুষের সদস্যরা মাথায় হেলমেট পরিহিত সশস্ত্র পাহারায় রয়েছে। তবে গতকাল নিরাপত্তার জন্য নতুন করে ৩৪ জন আর্মড পুলিশ আনা হয়। 
এদিকে গতকাল সন্ধ্যা সাতটার দিকে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে যান দলের স্থায়ী কমিটির তিনজন সদস্য সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। 
অবরুদ্ধ থেকেই আখেরি মোনাজাতে শরিক : প্রতি বছর দলীয় নেতাকর্মী ও পরিবারের স্বজনদের নিয়ে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করলেও এবার ভিন্ন পরিস্থিতির মুখোমুখি তিনি। বন্দিদশায় নিজ কার্যালয়ে বসেই মোনাজাতে শরিক হন বিএনপি প্রধান। তার সাথে মোনাজাতে শরিক হন, অবস্থান নেয়া দলের নেত্রী বেগম সেলিমা রহমান, শিরিন সুলতানা। গতকাল কার্যালয়ে যানÑ সাবেক এমপি হেলেন জেরিন খান, শাম্মি আক্তার, শওকত আরা উর্মি, মাসুমা মির্জা, শাহিনুর আকতার সাগর, সুলতানা রাজিয়া শাওনসহ অন্যরা। দুপুর একটার দিকে মহিলা দল নেত্রী সাদিয়া হক খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করতে চাইলে তাকে বাধা দেয় পুলিশ। তিনি কার্যালয়ে অবস্থানরত বেগম সেলিমা রহমানের প্রয়োজনীয় কাপড় এবং শুকনো খাবার নিয়ে এসেছিলেন। একপর্যায়ে পুলিশ তাকে প্রবেশের অনুমতি দিলেও তিনি আর প্রবেশ করেননি।
বের হয়ে সাবেক এমপি শাম্মী আক্তার গণমাধ্যমকে জানান, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। আটদিন ধরে বন্দি রেখেও সরকার তার মনোবল বিন্দুমাত্রও দুর্বল করতে পারেনি। বরং আরো বেড়েছে। 
কার্যালয় ঘিরে আবারো সিমেন্ট-কাঠভর্তি ট্রাক : এদিকে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খালেদা জিয়ার কার্যালয়ের দুই পাশে ৮টি ট্রাক রাখা হয়। ট্রাকগুলোর মধ্যে একটিতে সিমেন্ট, একটিতে মাটি, একটিতে কাঠ অন্যগুলো খালি। খালেদা জিয়ার কার্যালয়ে উত্তর দিকে প্রায় তিনশ’ দূরে মাটি ভর্তি একটি এবং খালি একটি ট্রাক রাখা হয়। দক্ষিণ দিকে প্রায় দেড়শ’ গজ দূরে সিমেন্ট ও কাঠভর্তি আরো ৫টি ট্রাক রাখা হয়। তবে এই ট্রাকগুলো খালেদা জিয়ার বেরুনোর প্রতিবন্ধকতা তৈরির জন্য আনা হয়েছে কিনা এ ব্যাপারে পুলিশের কেউ কথা বলতে চাননি।
তবে সিমেন্ট বোঝাই ট্রাকের চালক মাহবুবের কাছে জানতে চাইলে তিনি বলেন, শনিবার বিকেলে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে গুলশান থানায় এনে রাখা হয়। কেন ধরেছে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ বলেছে কাজ আছে। এরপর গতকাল দুপুর সাড়ে বারোটার দিকে তার মোট আটটি ট্রাক কার্যালয়ের সংলগ্ন এলাকায় রাখা আছে। তাদেরকে খাওয়া-খরচের কোনো টাকা দেয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।
গুলশান ঘিরে পুলিশের কড়াকড়ি : এদিকে হঠাৎ করেই গুলশান এলাকায় চলাচলা ও প্রবেশের ব্যাপারে কড়াকড়ি আরোপ করে পুলিশ। শনিবার রাত থেকেই মূলত গুলশান এলাকা ঘিরে নিরাপত্তার কথা বলে কড়াকড়ি আরোপ করে পুলিশ। গতকাল সকাল থেকেই কোনো ধরণের যানবাহন ও সাধারণ মানুষকে গুলশানে প্রবেশ করতে বাধা দেয় পুলিশ। হাতিরঝিল অংশের শেষ প্রান্তে শ্যূটিং ক্লাবের সামনে ব্যারিকেড দিয়ে যানা চলাচলে বাধা দেয় পুলিশ। গণমাধ্যমের গাড়িও প্রবেশ করতে দেয়নি। তবে কেউ কেউ গলির অর্থাৎ সংশ্লিষ্ট এলাকার ভেতরের সড়ক ব্যবহার করে গুলশান এলাকায় প্রবেশ করতে পেরেছেন। এ ছাড়া বনানী লেকের পাড়েও পুলিশ যান চলাচলে বাধা দেয় পুলিশ। গুলশানের অনেক রোডে মোটর সাইকেল ও গাড়ি ঢুকতে দেয়া হয়নি। 
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে গুলশান কার্যালয়ে আসেন খালেদা জিয়া। সেদিন তিনি দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখার জন্য নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে যেতে চাইলে পুলিশ তাকে বাধা দেয়। পরদিন রোববার পুলিশ এই কার্যালয়ের মূল ফটকে তালা দেয়। একইসঙ্গে কার্যালয়ের সামনে বিপুল পুলিশ মোতায়েন এবং সড়কে ইট, বালু ও মাটিভর্তি ১১টি ট্রাক দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়।
ছাগলনাইয়া উপজেলা সংবাদদাতা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রামের বাড়ি ও নিজ নির্বাচনী এলাকা ফেনীর ফুলগাজী উপজেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় তৃণমূল বিএনপি। গতকাল রোববার বিকেলে ফুলগাজীর পুরাতন মুন্সীরহাট বাজারে তৃণমূল বিএনপি ও জাসাসের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে হরতালের এ ঘোষণা দেয়া হয়েছে।  সমাবেশে উপজেলা জাসাসের সভাপতি ও তৃণমূল বিএনপির আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, বিএনপি নেতা ও ফুলগাজী সদর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। 
না’গঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : আজ সোমবার নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। দলীয় কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতিসহ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতার হয়রানী বন্ধের দাবীতে তারা অবরোধের পাশাপাশি হরতালের ডাক দেন।
জেলা বিএনপির সভাপতি এড.তৈমূর আলম খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান যৌথ বিবৃতিতে বলেন, আহূত হরতাল শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে স্বতঃস্ফূর্তভাবে পালন করতে নারায়ণগঞ্জের ২০ দলীয় ঐক্যজোটের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেফতারের প্রতিবাদে আজ সোমবার মানিকগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। গতকাল দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি আহ্বান করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির যুগ্মসম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক।
নোয়াখালী ব্যুরো ও চাটখিল সংবাদদাতা : চাটখিল উপজেলার পরকোর্ট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ইউনুছ ও ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. মিলনকে আটক এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে চাটখিলে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি।
রোববার দুপুর ১টার দিকে চাটখিল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পেয়ার আহম্মেদ হরতালের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাতে পুলিশ হয়রানি মূলকভাবে পরকোর্ট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ইউনুছ ও তার ছেলে একই ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. মিলনকে আটক করে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং বেগম জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে সোমবার উপজেলায় সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতালের ডাক দেওয়া হয়েছে।
নরসিংদী জেলা সংবাদদাতা :  বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আজ সোমবার নরসিংদী জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। 
গতকাল রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হরতাল কর্মসূচী ঘোষণা করেছেন।
কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : খালেদা জিয়া অবরুদ্ধ কেন জবাব দাও, আমরা তো রাজপথে একটি নিরপেক্ষ-নির্দলীয় জাতীয় নির্বাচনের জন্য, গুলি করলে আমাদের কারোÑ সন্তানদের নয়, মামলা হামলা করে শেষ রক্ষা হবে না’ এধরনের স্লোগান সম্বলিত ফেষ্টুন নিয়ে বয়োবৃদ্ধ থেকে তরুণ পর্যন্ত রাজপথে নেমেছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সারাদেশব্যাপী অনির্দিষ্ট কালের অবরোধের ৬ষ্ঠ দিন গতকাল রোববার কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা মুরাদনগর-হোমনা সড়কে নজিরবিহীন অবরোধ কর্মসূচি পালন করে। আজ সোমবার কুমিল্লায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে কুমিল্লা জেলা ছাত্রদল। 
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : আজ টাঙ্গাইলে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রদল। রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে সাংবাদিক সম্মেলন করে এই হরতালের ঘোষণা দেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম।