চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে দুশ্চিন্তায় রেল কর্তৃপক্ষ, রেহাই পেল না বনলতা এক্সপ্রেসও
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে যাত্রী হতাহতের ঘটনায় ঈদ সামনে রেখে দুশ্চিন্তায় পড়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেললাইন এলাকার মানুষকে সচেতন করতে পাকশী বিভাগীয় রেলওয়ের পক্ষ থেকে জনসচেতনমূলক অভিযাত্রা করা হলেও থামছে না ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা।নতুন ট্রেন বনলতা এক্সপ্রেসও এ থেকে রেহাই পায়নি। রেলওয়ে কর্মকর্তাদের ধারণা, বিপথগামী শিশু-কিশোররা এর সঙ্গে জড়িত।
জানা গেছে, রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগের প্রায় প্রতিটি রুটেই বৃদ্ধি পেয়েছে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা। শুক্রবার ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে টাঙ্গাইলের কাছাকাছি এলে পাথর নিক্ষেপে বনলতা এক্সপ্রেসের দরজার কাচ ভেঙে যায়।
রাজশাহী-পাবনা-ঈশ্বরদী-পাবনার মধ্যে চলাচলকারী পাবনা এক্সপ্রেস ট্রেনে সবচেয়ে বেশি আহত ও আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। এই ট্রেনের টিটিই আব্দুল আলীম বিশ্বাস মিঠু জানান, পাবনা এক্সপ্রেস ট্রেনে দু-একদিন পরপরই পাথর, কাদা, নোংরা পানি নিক্ষেপের ঘটনা ঘটছে।
পাকশী রেলওয়ে অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বছরের ৪ জুলাই থেকে গত শুক্রবার পর্যন্ত ১০ মাসে রেলওয়ের পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগে পাথর নিক্ষেপের মোট ৩৩টি ঘটনা ঘটেছে। পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছেন তিন শিশুসহ ২৩ জন।
পাথর নিক্ষেপের ঘটনায় শিকদার বায়েজিদ নামে বেনাপোল কমিউটার ট্রেনের পরিবহন পরিদর্শক (টিআই) গুরুতর আহত হন। তাকে হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য প্রথমে ঢাকায় স্কয়ার হাসপাতাল, পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকার এক মাস পর তিনি মারা যান।
সম্প্র্রতি চিলাহাটীমুখী রূপসা ট্রেন বিরামপুর থেকে ফুলবাড়ী স্টেশনে পৌঁছার সময় পাথর নিক্ষেপ করা হলে ট্রেনের খাবার গাড়ির (বগি) জানালার কাচ ভেঙে এক যাত্রী পায়ে আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনায় ওই ট্রেনের যাত্রী রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক রাজিবুল ইসলাম একটি লিখিত অভিযোগ দেন।
গত ৫ মে রাজশাহী যাওয়ার সময় ঈশ্বরদী স্টেশনে প্রবেশের আগে রকেট মেইল ট্রেনে পাথর নিক্ষেপ করায় জুথি আক্তার নামে ১৩ বছরের এক শিশু কপালে আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির দুই ঘণ্টা পর তার জ্ঞান ফেরে। এর আগের দিন রাতে জামতৈল-মুলাডুলি লাইনে পদ্মা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের নিক্ষেপ করা পাথরের আঘাতে গুরুতর আহত হয় ৫ বছরের শিশু ঈশানসহ দু’জন। ঈশানের মাথায় অস্ত্রোপচার করা হয়।
গত ১ এপ্রিল বঙ্গবন্ধু সেতু থেকে জামতৈল স্টেশনের মধ্যবর্তী স্থানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বীকে বহনকারী রংপুর এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ট্রেনের জানালার কাচ ভেঙে যায়। রাজশাহী-ঢাকা-রাজশাহী বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেন চালুর পর গত শুক্রবার পর্যন্ত ৪ বার পাথর নিক্ষেপের ঘটনায় ওই ট্রেনের একাধিক জানালার কাচ ভেঙে গেছে। পাথরের আঘাতে ট্রেনের দরজা-জানালা, কাচ, লাইট-ফ্যানসহ বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুলল্গাহ আল-মামুন জানান, ইদানীং চলন্ত ট্রেনে শুধু পাথর নিক্ষেপের ঘটনাই নয়; মলমূত্র ও ময়লা-আবর্জনাও নিক্ষেপ করা হচ্ছে ট্রেনে। এর ফলে যাত্রীদের জীবনও হুমকির মুখে। পাথরের আঘাতে ট্রেনের এক কর্মকর্তা মারা গেছেন। এসব ঘটনা প্রতিরোধে প্রচারণা, লিফলেট বিতরণ এবং জনপ্রতিনিধি ও মসজিদের ইমামের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
আল-মামুন জানান, আর কিছুদিন পরই ঈদ। ঈদ সামনে রেখে ট্রেনে যাত্রীসংখ্যা কয়েক গুণ বাড়বে। সে সময় জনসচেতনতার পাশাপাশি কর্তব্যরতদের আরও সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
ট্রেনের পরিবহন পরিদর্শক (টিআই) একেএম নুরুল আলম বলেন, ট্রেনে দায়িত্ব পালন করার সময় পাথর নিক্ষেপে আহত হয়ে আমার এক সহকর্মী মারা গেছেন। সে কারণে আমরাও আতঙ্কে থাকি- কখন ঢিল বা পাথর এসে মাথায় লাগে! আসছে ঈদে ট্রেনে দায়িত্ব পালন করতে আরও বেশি শঙ্কায় পড়তে হবে।










