বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মুসলমানির গল্প’ এবং ‘ঈশা খাঁ’ নির্মাণের স্বপ্ন স্বপ্নই থেকে গেল

58616_e2বিনোদন প্রতিবেদক :এক জীবনে চলচ্চিত্র শিল্পকে চাষী নজরুল ইসলাম অনেক কিছুই দিয়েছেন। প্রথম এবং সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের ছবি, সবচেয়ে বেশি সাহিত্যনির্ভর ছবির নির্মাতা হিসেবে অনেক বড় সম্মানের জায়গাটা চাষী নজরুল ইসলামেরই অর্জনে ছিল। তার বেশির ভাগ দর্শক ভক্তের ধারণা, তিনি কেবল মুক্তিযুদ্ধের কিংবা সাহিত্যনির্ভর ছবিই বানাতেন। অন্য কোন বিষয় মাথায় নিতেন না। চাষী নজরুল ইসলামের কানেও যেত এসব কথা। শুনে তিনি হাসতেন। বলতেন, নিজের কথা কি বলবো। তোরা কিংবা তুই বলে দিস। আমরা বলতাম, চাষী নজরুল ইসলাম ‘ভাল মানুষ’ নামে চমৎকার একটি রোমান্টিক ছবি বানিয়েছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠতারকা রুনা লায়লাকে নায়িকা করে ‘শিল্পী’ নামে একটি ছবি বানিয়েছেন। মরমী সাধক হাছন রাজার জীবনী নিয়ে নির্মাণ করেছেন ‘হাছন রাজা’। ‘দাঙ্গা-ফ্যাসাদ’ নামে একটি অ্যাকশনধর্মী ছবিও নির্মাণ করেছেন ফজলুর রশীদ ঢালীর প্রযোজনায়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা ববিতার প্রযোজনায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক শামীম আরার সঙ্গে যৌথভাবে নির্মাণ করেছেন ‘লেডি স্মাগলার’। আরেক বিখ্যাত অভিনেত্রী সুচন্দার প্রযোজনায় নির্মাণ করেছেন বাণিজ্যিক ছবি ‘বাসনা’। শেষের দিকে ‘দুই পুরুষ’ নামেও একটি সুন্দর ছবি নির্মাণ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত ‘ভুল যদি হয়’ এবং ‘অন্তরঙ্গ’ নামে দু’টি ছবি নির্মাণ করছিলেন। এই দুটিও সমসাময়িক বাণিজ্যিক ছবি। অর্থাৎ সর্বক্ষেত্রেই তার বিচরণ ছিল স্বাচ্ছন্দ্য। উদার উন্নত এবং চিরসবুজ পরিচালক চাষী নজরুল ইসলামের দুটি স্বপ্ন পূরণ হয়নি। যে স্বপ্নের কথা কেবল ঘনিষ্ঠজনেরা জানেন। চাষী নজরুল ইসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বহুল পঠিত ছোটগল্প ‘মুসলমানির গল্প’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু তার এই চাওয়াটা পূরণ হয়নি। চেয়েছিলেন মান্নাকে নিয়ে ‘ঈশা খাঁ’র জীবনী নিয়ে ছবি বানাতে। কিন্তু মান্নার অকাল ও আকস্মিক মৃত্যুর পর ‘ঈশা খাঁ’ নির্মাণের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তবে চাষী নজরুল ইসলামের কৃতিত্বের মুকুটে বড় একটি পালক হচ্ছে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বহুল পঠিত ‘দেবদাস’ নিয়ে দু’বার চলচ্চিত্র নির্মাণ। উপমহাদেশে অন্য কোন পরিচালক এমন কৃতিত্ব স্থাপন করতে পারেননি। ‘মুসলমানির গল্প’ এবং ‘ঈশা খাঁ’- এই দুটি ছবি ছিল একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের স্বপ্ন। অনেকবার তার এই স্বপ্ন নিয়ে আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করেছেন। কিন্তু তার সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। এতে বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শক বঞ্চিত হলো ‘মুসলমানির গল্প’ এবং ‘ঈশা খাঁ’ নামে দুটি ভাল মানের ছবি দেখা থেকে। চাষী নজরুল ইসলামের স্বপ্ন আর আমাদের অপূর্ণতা- দুটি আজ সমষপুর গ্রামে সমাহিত হবে। সেখানে সমাহিত হবেন চাষী নজরুল ইসলাম, যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ‘একুশে পদক’ প্রাপ্তির প্রথম বর্ষপূর্তিতে তৈরি করা সম্মাননা স্মারক।



তার নাম রেখেছিলেন শেরেবাংলা

চাষী নজরুল ইসলাম ছিলেন বাবা-মায়ের বড় সন্তান। বাবা মোসলেহ উদ্দিন আহম্মদ ভারতের বিহারে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির ইঞ্জিনিয়ার ছিলেন। চাষীর নাম রেখেছিলেন শেরেবাংলা এ.কে. ফজলুল হক। চাষীর মামা চাষী ইমাম উদ্দিন শেরেবাংলা এ.কে. ফজলুল হকের সঙ্গে রাজনীতি করতেন এবং নবযুগ ও লাঙ্গল পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন। সেই সূত্রেই একদিন ফজলুল হককে একটা নাম দিতে বলা হলে তিনি চাষী ইমাম উদ্দিনের ‘চাষী’ আর কাজী নজরুল ইসলামের ‘নজরুল ইসলাম’ মিলিয়েই নামটা দেন।

সমাহিত হবেন 

মায়ের কবরে

চাষী নজরুল ইসলামকে তার মা শায়েস্তা খানমের কবরে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তার ছোট মেয়ে আন্নী ইসলাম। আজ বিকালে শ্রীনগর থানার সমষপুর গ্রামে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হবেন এই গুণী চলচ্চিত্র নির্মাতা।