সাব ইন্সপেক্টরের মহানুভবতায় তিন মাস পর পরিবার খুঁজে পেল অসুস্থ মিয়া
নিউজ ডেস্ক।। শুক্রবার রাত তখন আনুমানিক ৩টা। চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানার এস আই জুলফিকার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল দিচ্ছিলেন। তার গাড়িটি যখন পৌরসভার বটতল এলাকা অতিক্রম করছে তখন হঠাৎ মহাসড়কের পাশে পড়ে থাকা একটি উলঙ্গ মানুষ তার দৃষ্টি আকর্ষণ করে। সঙ্গে সঙ্গে গাড়ি থামান তিনি। এরপর মোবাইল ও গাড়ির আলোয় দেখেন লোকটি মধ্য বয়সী। তার শরীরে কোনো কাপড় নেই। আর পায়ে এক বিভৎস্য ক্ষত। তাতে পোকা কিলবিল করছে।
এর কয়েক ঘণ্টা আগেই সীতাকুণ্ডে তীব্র ঝড়-বৃষ্টি বয়ে গেছে। সেই বৃষ্টিতে চারপাশ তখনো হিম শীতল। এমনি অবস্থায় অসহায় লোকটিকে সড়কের পাশে অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখে এস আই জুলফিকারের হৃদয় কেঁদে উঠে। তিনি সঙ্গীয় ফোর্সদের লোকটিকে দেখতে বলে নিজে পার্শ্ববর্তী একটি ঘরে গিয়ে লোকটির জন্য একটি লুঙ্গি ও গেঞ্জি চেয়ে নেন। তারপর শীতে কাঁপতে থাকা লোকটিকে সেসব পরিয়ে দেন। লোকটি একটু আরাম বোধ করলেও পায়ে পোকার উপদ্রবে অস্থিরতায় ভুগতে থাকেন তিনি।
এবার সঙ্গীয় ফোর্সের অন্য সদস্যদের পরামর্শে একটি পেট্রল পাম্প থেকে কিছু অকটেন কিনে পায়ের ক্ষতস্থানে দিয়ে একে একে পোকাগুলো ফেলতে থাকেন। এক সময় দৃশ্যমান সব পোকা মুক্ত হবার পর লোকটি জুলফিকারের প্রতি আস্তাশীল হয়ে উঠেন। ধীরে ধীরে তার সাথে গল্প জমিয়ে তুলেন জুলফিকার। জানতে চান পরিচয়। লোকটি কিছুটা মানসিক ভারসাম্যহীন ও রোগাক্রান্ত হলেও তার নাম ঠিকানা সঠিকভাবেই জানান।
তিনি জানান, তার নাম মিয়া (৪৫)। চট্টগ্রামের ফটিকছড়ি থানার ফকিরাচাঁন গ্রামের মৃত জুনু মিয়া ও ছেনোয়ারা বেগমের ছেলে তিনি। জুলফিকার জেনে ওই ঠিকানা খুঁজে বের করতে ফটিকছড়ি থানায় যোগাযোগ করে তার স্বজনদের সন্ধান পান। জানতে পারেন মো. মিয়া একজন বিবাহিত মানুষ। সংসারে তার স্ত্রী ও একমাত্র মেয়ে রয়েছে। কিন্তু তিনি মানসিক রোগাক্রান্ত হওয়ায় তারা তাকে ফেলে চলে যান। কিন্তু তার মা ছেনোয়ারা বেগম ও কিছু আত্মীয়-স্বজন আছেন।
পরে তাদেরকে খবর দেওয়া হলে মিয়ার খালাত ভাই আলমগীর হোসেন মিয়ার মা ছেনোয়ারা বেগমকে নিয়ে থানায় আসেন। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে জুলফিকার তাদের সঙ্গে অসুস্থ মিয়াকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করান। এখন তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মো. মিয়ার মা ছেনোয়ারা বেগম ও খালাত ভাই আলমগীর হোসেন জানান, মো. মিয়া মানসিকভাবে অসুস্থ থাকায় তার স্ত্রী ও মেয়ে ছেড়ে চলে গেছে। তারা অত্যন্ত দরিদ্র পরিবারের মানুষ। মিয়াও গত প্রায় তিন মাস আগে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এরপর তাকে অনেক খোঁজাখুঁজি করলেও কোনো হদিস পাওয়া যায়নি। বর্তমানে তার পায়ে পোকাসহ জটিল সমস্যায় আক্রান্ত হয়ে অবহেলা অনাদরে সড়কের পাশে শুয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। এমন সময়ে মহানুভবতার পরিচয় দিয়ে এস আই জুলফিকার তাকে উদ্ধার করে নিজ উদ্যোগে যোগাযোগ না করলে তাকে আমরা আদৌ খুঁজে পেতাম কিনা জানি না। তারা বলেন, পুলিশকে মানুষ সবসময় খারাপ ভাবে। সব পুলিশ যে খারাপ নয়- পুলিশ অফিসার জুলফিকার হোসেন ভূঁইয়া তা আবারো প্রমাণ করলেন।
মিয়ার মা সন্তানকে ফিরে পাওয়ায় আবেগাপ্লুত হয়ে বারবার জুলফিকারকে দোয়া করতে থাকেন। এ বিষয়ে এস আই জুলফিকার হোসেন বলেন, আসলে আমি ডিউটিতে গিয়ে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় লোকটিকে মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে আমার খুবই কষ্ট লাগে। দেখলাম তার পায়েও দুর্গন্ধ পঁচন ও পোকায় ধরেছে। তারপরও তাকে ফেলে রেখে যেতে আমার ইচ্ছা করছিল না। শেষে তাকে উদ্ধার করে কথা বলে ঠিকানা পাবার পর তার মা ও স্বজনদের খবর দিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে চমেকে ভর্তি করিয়েছি। তিনি বলেন, কিছু কাজ করে মানুষ শান্তি পায়। এ কাজটিও আমার কাছে তেমনই প্রশান্তির। খুবই ভালো লাগছে তার চিকিৎসার ব্যবস্থা ও তাকে পরিবারের হাতে তুলে দিতে পেরে।










