মাত্র ৫ সেকেন্ডে মোবাইল চুরি করেন তিনি!
পুলিশের অনুষ্ঠানে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তার মোবাইল ফোন চুরি করে পার পেলেন না পেশাদার চোর আলমগীর হোসেন (২৬)। দু’দিনের মাথায় শুক্রবার চট্টগ্রামেরপুরাতন গির্জা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
মোবাইল চোর আলমগীর এতই ধুরন্ধর যে, মাত্র পাঁচ সেকেন্ডেই পাঞ্জাবি পরিহিত যে কারও মোবাইল হাতিয়ে নিতে পারেন। সাধারণত পাঞ্জাবি পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসেন- এমন অনুষ্ঠানে আমন্ত্রিতের বেশে হাজির হয়ে যান আলমগীর। এরপর সুযোগ বুঝে মূল্যবান মোবাইল হাতিয়ে নিয়ে হাওয়া হয়ে যান। শুক্রবার যখন তিনি পুলিশের হাতে গ্রেফতার হন তখনও তার পরনে ছিল পাঞ্জাবি। থানায় নিয়ে আসার পর পুলিশ তার কাছে মোবাইল চুরির কৌশল দেখতে চাইলে পাঞ্জাবি পরা থানার ওসির পকেট থেকে চোখের নিমিষে মোবাইল ফোনটি হাওয়া করে দেন। এটা দেখে হতবাক হয়ে যান পুলিশ সদস্যরা।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গত মঙ্গলবার কাজিরদেউড়ি এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সিএমপির ইফতার মাহফিল ছিল। অনুষ্ঠানের শেষ দিকে সেখানে একজন গুরুত্বপূর্ণ অতিথির মোবাইল ফোনটি হারিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অতিথির পাঞ্জাবির পকেট থেকে মোবাইলটি হাতিয়ে নিয়েছেন এক তরুণ। পরে তাকে আমরা গ্রেফতার করেছি। আলমগীর হোসেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজারহাট ইউনিয়ন পরিষদের আব্দুর রশিদের ছেলে।










