বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির চলমান আন্দোলনকে ভেস্তে দিতে চায় সরকার।

1420821415ডেস্ক রির্পোট:বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মামলার ভয়, দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের বিভিন্ন প্রলোভনে বিএনপির চলমান আন্দোলন থেকে দূরে রাখার কৌশলে এগোচ্ছে সরকার। বিএনপির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সারি এবং বিভিন্ন জেলার জনপ্রিয় ও গ্রহণযোগ্য ৫০ নেতা এ তালিকায় রয়েছেন। ঢাকাকে নিজেদের কব্জায় এনে বিএনপির তৃণমূলকে খালেদা জিয়া ও তারেক রহমানের কাছ থেকে দূরে রেখে বিএনপির চলমান আন্দোলনকে ভেস্তে দিতে চায় সরকার। 
এক্ষেত্রে সরকার অনেকটা সফল বলে দাবি করছেন শাসক দলের নেতারা। দলটির নেতারা জানান, গত দুই মাস ধরেই শাসক দলের এমপি ও বিভিন্ন সংস্থার লোকজন এ প্রক্রিয়া শুরু করে। সরকারের প্রধান টার্গেট ছিল ৫ জানুয়ারির আগে যে ২০টি জেলায় সহিংসতা বেশি হয়েছিল, সেসব জেলার নেতাকে কব্জায় আনা। সরকার এক্ষেত্রে অনেকটা সফল। এ কারণে গাইবান্ধা, সাতক্ষীরা, কক্সবাজার, চট্টগ্রাম, বগুড়া, রংপুর, জয়পুরহাটে তেমন বড় কোনো সহিংসতা ঘটেনি। তবে বিএনপির অনেক নেতা এ প্রক্রিয়ায় শুরুতে জড়িত হলেও আবার টানা অবরোধে পিছপাও হচ্ছেন বলে জানা গেছে। তাদের সঙ্গে আবারো নতুন করে যোগাযোগ চলছে। দলের একটি বড় অংশ নিষ্ক্রিয় জেনেও খালেদা জিয়া রাজপথে থাকলে তাকে বিচারাধীন দুর্নীতির মামলায় গ্রেফতার করা হবে। উচ্চ আদালতের রায়ের ফলে পলাতক আসামি তারেক রহমানের কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা গণমাধ্যমে আসবে না। অন্য কোনো উপায়ে তৃণমূলে ও প্রান্তিক পর্যায়ে এমন সিদ্ধান্তে পৌঁছানোও সম্ভব হবে না। ফলে দুদকের বিচারাধীন মামলা মাথায় নিয়ে চলমান আন্দোলন একা টেনে নেয়া খালেদা জিয়ার জন্য অনেক দুঃসাধ্য হয়ে দেখা দিতে পারে। এমন ছক নিয়েই এগোচ্ছে শাসক দল। এজন্য সরকারের জ্যেষ্ঠ নেতারা বলছেন, সেনাপতি নিজেই মাঠে। কোনো কর্মী নেই।    সরকারের সূত্র জানায়, ৫ জানুয়ারির আগে কয়েক দফা দলভাঙার চেষ্টা হলেও এবার দলভাঙার চেয়ে দলের নেতাদের বিভিন্ন উপায়ে নিষ্ক্রিয় করে রাখাই সরকারের কৌশল। এজন্য ঢাকায় বিএনপির নতুন মহানগর কমিটি তেমন শক্তি প্রদর্শন করতে পারেনি। নতুন আহ্বায়ক মির্জা আব্বাস ও যুগ্ম-আহ্বায়ক হাবীব উন নবী খান সোহেল রাজপথে তেমন একটা নামেননি। এছাড়া পুরান ঢাকার আরেক প্রভাবশালী নেতা ও সাবেক ছাত্রনেতাকেও রাস্তায় নামতে দেখা যায়নি। অসুস্থতার অজুহাতে রাজনীতি থেকে নিজেদের গুটিয়ে রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির অনেক নেতা। স্থায়ী কমিটির এক প্রভাবশালী নেতা ও সাবেক সামরিক কর্তা রাজনীতির মাঠ থেকে দূরে আছেন। 
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এক নেতা জানান, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বিভিন্নভাবে বোঝানো হয়েছে যে, এসব আন্দোলনে সরকারের পতন হবে না; খামোখা হামলা-মামলা মাথায় নেয়ার দরকার নেই। এছাড়া তারেক রহমানের আচরণ ও কথাবার্তাও দলের সিনিয়র নেতাদের বোঝানো হয়েছে। এতে সায়ও মিলেছে।
বিএনপির অবরোধ কর্মসূচি অব্যাহত রাখায় ক্ষমতাসীন দলের নীতিনির্ধারণী পর্যায় এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিএনপি নেতাদের আপাতত নিষ্ক্রিয় করে রাখা ও রাজনীতির বাইরে রাখতে করণীয় নির্ধারণে সরকারকে আগে থেকেই পরামর্শ দিয়ে আসছেন বলে জানা গেছে।
আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতা জানান, পুলিশি হামলা-ভয়, দুর্নীতির জালে জড়িয়ে মামলা দিয়ে হয়রানি, কারো কারো সঙ্গে সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের যোগসাজশ করে নিষ্ক্রিয় করার ছক আওয়ামী লীগের গত কয়েক মাসেরই। এ ছক আঁচ করতে পেরেই বিএনপি চেয়ারপার্সন তার নিজের সিদ্ধান্তও কাউকে জানাননি। সংবাদ সম্মেলন করে সরকারকে দেয়া ৭ দফা দাবির কথাও দলের নেতাদের জানাননি তিনি। ইজতেমা উপলক্ষে অবরোধ তোলা নিয়েও দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করেননি। খালেদা জিয়া দলের এ অংশের ওপর নাখোশ। তার ঘনিষ্ঠ কয়েক পেশাজীবী নেতার কাছে তিনি দলের এ অংশকে নিয়ে হতাশাও প্রকাশ করেছেন বলে জানা গেছে। গত ৫ জানুয়ারি রাজপথে কোনো গণজমায়েত না করতে পারায় দলের নেতৃস্থানীয় সবার ওপরই নাখোশ বলে এ সূত্রের খবর।
এছাড়া বিএনপি অধ্যুষিত কয়েকটি জেলার নেতাকেও নিষ্ক্রিয় করার পরিকল্পনা রয়েছে। অবরোধে যেসব জেলায় সংঘাত-সংঘর্ষ ঘটছে মূলত সেসব জেলাকে এ প্রক্রিয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চায় ক্ষমতাসীনরা। এক্ষেত্রে জেলার নেতাদের আর্থিক লোভ দেখিয়ে বা ভিন্ন উপায়ে বশ করা হবে।
প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে বিএনপির কয়েক নেতাকে বিদেশে পাড়ি জমাতেও বলা হয়েছে। ইতিমধ্যে কয়েকজন বিদেশে অবস্থানও করছেন। তাদের অনুসারীরাও রাজপথে নিষ্ক্রিয়। জেলা পর্যায়ের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককেও নিষ্ক্রিয় করার কৌশল রয়েছে। সরকারি দলের এমপিদের ব্যবহার করে জেলা নেতাদের নিয়ে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। চট্টগ্রাম বিভাগ ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলার নেতাদের সঙ্গে ইতিমধ্যে সরকারি দলের এমপিরা আলাপ-আলোচনা শুরুও করেছেন বলেও নিশ্চিত হওয়া গেছে।
সরকারের পক্ষ থেকে যে সব নেতাকে নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম মির্জা আব্বাস, তরিকুল ইসলাম, এমকে আনোয়ার, হান্নান শাহ, আমান উল্যাহ আমান, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন নবী খান সোহেলসহ আরো বেশ কয়েকজন। সরকারদলীয় দু’ মন্ত্রী ও সম্পাদকমণ্ডলীর কয়েক নেতা জানান, এদের অনেক নেতাই সরকারের কব্জায় রয়েছে। বিএনপির মূল দল এবং সহযোগী সংগঠনের নেতা চাপের ভয়ে সরকারের সঙ্গে লিয়াজোঁ করেই জেলে যাচ্ছেন বলে জানিয়েছেন শাসক দলের একাধিক নেতা।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত বৃহস্পতিবার রাতে সাক্ষাত করেছেন এমন দু’ আওয়ামী লীগ নেতা আভাস দিয়েছেন সরকার কৌশল ও কূটকৌশল এবং কঠোরতা সবই করবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করা এক নেতা বলেন, বিএনপির চলমান আন্দোলন ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ সিদ্ধান্তটুকু নিতেও পিছপা হবেন না। কঠোরতা থেকে ফেরার কোনো রাস্তা নেই। গত দুই দিন যারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন দলের এমন কয়েক নেতা জানান, প্রধানমন্ত্রী তার সরকারের ওপর আস্থা রাখতে দলের নেতাদের আহ্বান জানিয়েছেন। প্রশাসনকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন। এবং বলেছেন, স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে যে কোনো কঠোর সিদ্ধান্ত সরকার নেবে।
বিএনপির চলমান কর্মসূচি মোকাবিলায় সরকারের ভেতরের কৌশল বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ভিন্ন কোনো উপায়ে নয়, রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বিএনপিকে। তাদের অবরোধ কর্মসূচি ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, এ আন্দোলন যত দীর্ঘ হবে তত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বিএনপি।