বাইকের ধাক্কা লাগায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করল কুমিল্লার ‘ঈগল গ্যাং’
কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কা লাগায় আজমাইন আদিল নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে এবং ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে নগরীর মোগলটুলী এলাকায় কিশোর গ্যাং ঈগল গ্রুপের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। নিহত আদিল (১৬) নগরীর ঝাউতলা এলাকার সাবেক নাজির আব্দুছ ছাত্তারের ছেলে এবং মডার্ন স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। হত্যাকাণ্ডের স্থান থেকে সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করেছে পুলিশ। ওই সিসি ক্যামেরায় আদিল হত্যার সবকিছু রেকর্ড আছে বলে জানিয়েছে স্থানীয়রা।
সোমবার রাতে কুমিল্লা নগরীর মোগলটুলী থেকে পরিচালিত কিশোর গ্যাং ঈগল গ্রুপের হাতে নিহত হয় আদিল। ঈগল গ্রুপটি পরিচালিত হয় মোগলটুলীর মদন পাড়ার হোসেন মিয়ার ছেলে অনিকের নেতৃত্বে। ওই গ্রুপের সদস্য হচ্ছে গাংচরের রাকিব, খায়রুল, সাবেক কমিশনার মতিন মিয়ার ছেলে সাদি, উত্তর গাংচরের স্বপনের ওরফে (কালট স্বপন) ছেলে মো. আদর, মদন পাড়ার জামালের ছেলে জাহিদ ও জামালের ছেলে মিন্টু।
তবে বড় ভাই হিসেবে বাইরে থেকে ঈগল গ্রুপকে লিড দিতো মদন পাড়ার শাহজাদা অটিকসের পরিচালক মাসুক মিয়ার ছেলে চশমা সজিব ও শুভ। গ্রুপের ছোটখটো ঘটনা মীমাংসা করে দিতো এ দুই বড় ভাই।
সোমবার রাতে আদিল হত্যায় সরাসরি জড়িত রয়েছে মোগলটুলী মদন পাড়ার হোসেন মিয়ার ছেলে অনিক, সাবেক কমিশনার মতিন মিয়ার ছেলে সাদি, গাংচরের খায়রুল, উত্তর গাংচরের স্বপনের ছেলে আদর, রাকিব ও জামালের ছেলে জাহিদ।
কিশোর খুনিদের মধ্যে অনিক, আদর ও সাদি আদিলকে চাপাতি দিয়ে কুপায়। অন্যরা তার সামনে দাঁড়িয়ে গতিরোধ করে। নেশাগ্রস্ত হওয়ার কারণে মো. আদর মাদক নিরাময় সেন্টারে ছিল অনেক দিন। গত কয়েক মাসে বেশ কয়েকজনকে ছুরিকাঘাত করেছে সে। স্থানীয়রা জানিয়েছে সাবেক কমিশনার মতিন মিয়ার ছেলে সাদিও বেপরোয়া। গ্যাংয়ের হয়ে সারাক্ষণ অপরাধের সাথে জড়িয়ে থাকে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় নগরীর মোগলটুলী এলাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল শিক্ষার্থী আদিল ও তার বন্ধুরা। এ সময় কিশোর অপরাধী গ্যাং ঈগল গ্রুপের সদস্য অনিকের গায়ে মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগে। এতে ক্ষুব্ধ হয়ে অনিক আদিলের মোটরসাইকেল আটক করে ঈগল গ্রুপের অন্য সদস্যদের খবর দেয়। পরে এ গ্যাংয়ের অন্য সদস্য জাহিদ, আদর, সাদি ও খায়রুল এসে মোগলটুলী কর্ণফুলি পেপার দোকানের সামনে আদিলকে চাপাতি দিয়ে কুপিয়ে এবং ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, কিশোর অপরাধী গ্যাং ঈগলের সদস্যরা নগরীতে বেপরোয়া হয়ে উঠেছে। এ গ্রুপের হাতে পূর্বেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকার বেশ কিছু বিপদগামী যুবক এ গ্রুপে যোগদান করে এলাকায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বার্থ টু ফ্লাইং (জম্মেছি উড়ার জন্য) শ্লোগান নিয়ে এ গ্যাং গ্রুপটি সংগঠিত হয়েছে।
এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাহ উদ্দিন জানান, মোগলটুলী এলাকার এক কিশোরের গায়ে মোটরসাইকেলের ধাক্কা লাগার অপরাধে আদিলকে কুপিয়ে এবং ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িতদের আমরা গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। সূত্র: দেশ রূপান্তর










