বিএনপি আলাদাভাবে ডাকলে যেতে পারি : পার্থ
২০ দলীয় জোটের বৈঠকে না গেলেও বিএনপি আলাদাভাবে ডাকলে তাতে সাড়া দেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। আজ সোমবার ২০ দলীয় জোটের বৈঠকে না যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
পার্থ বলেন, ‘২০ দলীয় জোটের বৈঠকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই বৈঠকে যোগ না দেওয়াটা স্বাভাবিক ব্যাপার। কারণ আমি আগেই ২০ দল ছাড়ার ঘোষণা দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘তবে বিএনপি যদি আমাকে আলাদাভাবে ডাকে তাহলে যেতে পারি কারণ বিজেপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। সেই হিসেবে বিজেপির প্রধান হিসেবে আমি যেতেই পারি।’
সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোট বৈঠক হয়। এ বৈঠকে পার্থকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি তাতে যোগ দেননি। প্রসঙ্গত, ভোট কারচুপির অভিযোগ তুলে একাদশ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করা বিএনপির নেতৃত্বাধীন দুই জোট জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট একাদশ সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এ সিদ্ধান্তে অনড় থাকতে পারেনি জোটের শরিক বিএনপি ও গণফোরাম।
দুটি দলের নির্বাচিত আট প্রতিনিধির মধ্যে সাতজন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। জোটের শরিকদের অভিযোগ তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই প্রধান শরিক বিএনপি সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে পুনর্নির্বাচন দাবি করার নৈতিকভিত্তি নষ্ট হয়ে গেছে জোটের। এই অভিযোগে গত ৬ মে রাতে জোট ছাড়ার ঘোষণা দেয় ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের দল বিজেপি।










