শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেঙে পড়লো হাসপাতালের ছাদের পলেস্তরা, অল্পের জন্য রক্ষা

news-image

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার ছাদের পলেস্তরা ভেঙে পড়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন রোগী ও তাদের স্বজনেরা। পুরুষ ওয়ার্ডে এ সময় ২০ জন রোগী ভর্তি ছিলেন। এছাড়া ডাক্তার আব্দুল্লাহ আল মামুন ওই ওয়ার্ডে কর্তব্যরত ছিলেন।

কর্তব্যরত ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার চোখের সামনেই পুরুষ ওয়ার্ডের ছাদের পলেস্তরা ভেঙে পড়ে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছি আমিসহ রোগীরা। হাসপাতাল ভবনের দ্রুত সংস্কার বা পুনঃনির্মাণ প্রয়োজন। হাসপাতালের দ্বিতীয় তলার ছাদের অধিকাংশ স্থানে ফাটল ধরেছে বলেও জানান তিনি।

জানাগেছে, লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার নতুন তিনতলা ভবন ও কোয়ার্টার নির্মাণ করা হলেও তা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। প্রয়োজনীয় জনবলের অভাবে তা চালু হচ্ছে না। ২০১৪ সালের নভেম্বর মাসে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নতুন ভবন হস্তান্তর করা হয়। জনবল কাঠামো অনুমোদন না হওয়ায় অকেজো হয়ে পড়ে আছে নতুন ভবনটি।

নড়াইলের সিভিল সার্জন ডা. আসাদ-উজ-জামান মুন্সী লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের ছাদের পলেস্তরা খসে পড়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ভবন সংস্কার বা মেরামতের কাজ করে থাকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এক বছর আগে তারা এ ভবনের সংস্কারের কাজ করে গেছে। আর এখন ভেঙে পড়ছে।